প্রতাপ-কাণ্ডে জিরো টলারেন্সের হুঁশিয়ারি, বরানগরের ঘাট থেকে গঙ্গা বাঁচানোর বার্তা মন্ত্রীর

“যারা প্রতাপের মতো লোককে তৈরি করেছে, এই সমাজে তাঁরাই দুঃখ পাচ্ছেন ওর অবস্থা দেখে। অপরাধীরা গুলি চালালে পুলিশ তো মিষ্টি খাওয়াবে না!” আসানসোলের ঘটনায় কড়া প্রতিক্রিয়া জানালেন পঞ্চায়েত মন্ত্রী দিলীপ ঘোষ।

শুক্রবার বরানগরের আলম বাজারে মৎস্য সঞ্চার কর্মসূচিতে যোগ দিয়ে আসানসোলে পুলিশ-দুষ্কৃতী গুলির লড়াই নিয়ে তিনি বলেন, “এরকম ধরনের অনেক প্রতাপ সমাজে লুকিয়ে আছে এখনও, এই সরকার যে কোনও জায়গায় অপরাধের ক্ষেত্রে জিরো টলারেন্স নীতি নিয়েছে। অনেকে পুলিশের এই গুলি চালানোকে নিয়ে প্রশ্ন করছেন, অনেকে দুঃখ-কষ্ট পাচ্ছেন। যাঁরা প্রতাপের মতো মানুষকে তৈরি করেছেন, তাঁরাই বেশি কষ্ট পাচ্ছেন ওর অবস্থা দেখে। মানুষকে কষ্ট দিয়ে সমাজের বুকে ঘুরে বেড়াবে, এটা করতে দেবে না পুলিশ। গুলির জবাব গুলিই হবে, রসগোল্লা খাওয়াবে না পুলিশ।”

আসানসোলের ঘটনার পাশাপাশি এদিন রাজ্যে অমৃত সরোবর প্রকল্প শুরুর কথাও জানান দিলীপ ঘোষ। তিনি বলেন, খুব শিগগির এই প্রকল্পের কাজ শুরু হবে, যার মাধ্যমে মানুষ ঘোরার জায়গা পাবে এবং মাছ চাষের মধ্যে দিয়ে মাছের জোগানও বাড়বে।

উত্তরোত্তর দূষণ এবং যত্রতত্র বেআইনিভাবে মাছ তুলে নেওয়ার জেরে দিন দিন গঙ্গায় মাছের সংখ্যা কমে যাচ্ছে। সেই পরিস্থিতি থেকে গঙ্গাকে বাঁচাতে ও প্রাকৃতিক ভারসাম্য বজায় রাখতে প্রধানমন্ত্রী মৎস্য সম্পদ যোজনার অধীনে এদিন বরানগরের আলম বাজার গঙ্গার ঘাটে মৎস্য সঞ্চার কর্মসূচি অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে গঙ্গায় প্রায় আড়াই লক্ষ মাছ ছাড়েন দিলীপ ঘোষ।

গঙ্গা-বক্ষ থেকে মাছ কমে যাওয়ার বিষয়ে আক্ষেপ প্রকাশ করে মন্ত্রী বলেন, “মাছ ছাড়া বাঙালির একদিনও চলে না। মাছ-ভাত বাঙালির দৈনন্দিন খাবার। সেই দিক থেকে দিনে দিনে মাছের উৎপাদন গঙ্গা থেকে কমে যাচ্ছে। যার ফলে গঙ্গার পাশাপাশি পরিবেশেরও ক্ষতি হচ্ছে। বর্তমানে গঙ্গা দূষণের কারণে এবং যখন তখন বেআইনিভাবে গঙ্গা থেকে মাছ তুলে নেওয়ার ফলে দিনেই গঙ্গায় মাছের সংখ্যা কমে যাচ্ছে, যা পরিবেশের জন্য অত্যন্ত ক্ষতিকর। তাই মাছের সংখ্যা বাড়াতে হবে।”

অমৃত সরোবর প্রকল্প প্রসঙ্গে দিলীপ আরও বলেন, “প্রধানমন্ত্রীর স্বপ্নের প্রকল্প অমৃত সরোবর নিয়ে এই রাজ্যে কাজ শুরু হচ্ছে। জায়গায় জায়গায় পুকুর খনন করে সেই পাড় বাঁধিয়ে তার আশেপাশে গাছ লাগিয়ে সেখানে মানুষের চলাফেরার জায়গা করে দেওয়া হচ্ছে। আবার সেই পুকুরে মাছ চাষ করা, এমনকি আরও ভালো কিছু করতে চাইলে সেখানে রেস্টুরেন্ট করারও ব্যবস্থা করা হবে, যাতে এটা পঞ্চায়েতের একটা সম্পদ হয়ে ওঠে; মানুষ সেখানে ঘুরতেও পারে আবার মাছেরও জোগান থাকে।”

গঙ্গার দূষণ ও সংরক্ষণ নিয়ে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, “গঙ্গা একটি পৌরাণিক নদী। অনেক ইতিহাসের সাক্ষী এই গঙ্গা। তাই আমাদের আশা গঙ্গার পবিত্রতা শুদ্ধতা যেন বজায় রাখতে পারি। আমাদের সকলের কর্তব্য এই গঙ্গাকে বাঁচানো। শুধু সরকারের একার প্রচেষ্টায় হবে না, সকলকে উদ্যোগ নিয়ে এগিয়ে আসতে হবে। গঙ্গাকে আমরা মা বলি। আর সেই মা যদি ভালো না থাকে তাহলে আমরাও ভালো থাকব না। যে গঙ্গায় আগে ডলফিন আসত, আজ এতটা দূষিত হয়েছে যে মাছ ধরার বদলে ছাড়তে হচ্ছে। তাই গঙ্গাকে বাঁচানো আমাদের সকলের ধর্ম ও কর্তব্য।”

নদীর ভারসাম্য বজায় রাখতে গঙ্গায় পর্যাপ্ত পরিমাণ মাছ থাকা জরুরি বলে মনে করছেন সংশ্লিষ্টরা। সেই লক্ষ্যে আগামী দিনে রাজ্যের আরও বিভিন্ন গঙ্গা ঘাটে এই মৎস্য সঞ্চার কর্মসূচি পালন করা হবে বলে জানা গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *