সাইবার হামলার কবলে ফিফা, কোন গোপন ফাইলগুলো নিরাপদ রইল? জানুন বিস্তারিত

বিশ্ব ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা ফিফা বড় ধরনের সাইবার হামলার শিকার হয়েছে বলে আনুষ্ঠানিকভাবে নিশ্চিত করেছে। বৃহস্পতিবার দেওয়া এক বিবৃতিতে সংস্থাটি জানিয়েছে, অপরাধীদের এই হামলায় সীমিত পরিমাণে ব্যক্তিগত এবং ব্যবসায়িক তথ্য অননুমোদিতভাবে হ্যাকারদের হাতে পৌঁছেছে। এই ঘটনাকে গোপনীয়তার চরম লঙ্ঘন হিসেবে উল্লেখ করে তীব্র নিন্দা জানিয়েছে ফিফা।

ফিফার এক মুখপাত্র সংবাদ সংস্থা রয়টার্সকে জানান, একটি অপরাধমূলক সাইবার হামলার শিকার হয়েছে ফিফা, যার ফলে কিছু ব্যক্তিগত ও ব্যবসায়িক তথ্যে অবৈধ প্রবেশ ঘটেছে। অ্যাসোসিয়েটেড প্রেসকে পাঠানো আলাদা বিবৃতিতে সংস্থাটি জানায়, পরিস্থিতি মোকাবিলায় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীসহ সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। তবে এই হামলা কবে ঘটেছে, ঠিক কতজন ব্যক্তি বা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হয়েছে কিংবা কী ধরনের ব্যবসায়িক তথ্য হাতানো হয়েছে, সে বিষয়ে স্পষ্ট কোনো তথ্য জানায়নি ফিফা।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র রয়টার্সকে জানিয়েছে, ফিফার মোট সংরক্ষিত তথ্যের ০.১ শতাংশেরও কম অংশ এই সাইবার হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। ওই সূত্রের দাবি, বাতিল হয়ে যাওয়া ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ প্রকল্পের কোনো ফাইল হ্যাকারদের হাতে যায়নি। পাশাপাশি ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিশ্বকাপের অংশীদারত্ব বিক্রির পরিত্যক্ত পরিকল্পনা সংক্রান্ত নথিও নিরাপদ রয়েছে বলে জানা গেছে।

গত সপ্তাহে হ্যান্ডসাম বয় হ্যাকিং ক্লাব নামে একটি হ্যাকার গোষ্ঠী এক্স প্ল্যাটফর্মে ফিফার ফাইলের একটি স্ক্রিনশট শেয়ার করার পর থেকেই এই সাইবার হামলার বিষয়টি সামনে আসে। এর তিন দিন পর ১২ গিগাবাইটের বেশি অভ্যন্তরীণ নথি ফাঁস হওয়ার একটি পোস্টের জবাবে গোষ্ঠীটি এই হামলার দায় স্বীকার করে বলে জানা যায়।

হ্যাকারদের পরিচয় কিংবা ফাঁস হওয়া তথ্যের প্রকৃত পরিমাণ নিয়ে এখনো আনুষ্ঠানিক কোনো নিশ্চিতকরণ দেয়নি ফিফা। তবে ব্যক্তিগত তথ্য সংগ্রহ ও প্রকাশের তীব্র নিন্দা জানিয়ে সংস্থাটি সতর্ক করেছে যে, এর ফলে ক্ষতিগ্রস্ত ব্যক্তিদের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে। ফিফার বিবৃতিতে বলা হয়েছে, তথ্য অবৈধভাবে সংগ্রহ ও প্রকাশ করা গোপনীয়তার এক গুরুতর ও অগ্রহণযোগ্য লঙ্ঘন।

উল্লেখ্য, গত জুলাই মাসে ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো জানিয়েছিলেন যে ব্যাপক সমালোচনার মুখে বিশ্বকাপের অংশীদারত্ব বেসরকারি বিনিয়োগকারীদের কাছে বিক্রির পরিকল্পনা বাতিল করা হয়েছে। বিশ্বকাপসহ ফিফার বিভিন্ন ইভেন্ট পরিচালনার জন্য গঠিত একটি নতুন ইউনিটের ২০ শতাংশ অংশীদারত্ব বিক্রি করে ৪২০ কোটি ডলার তোলার ওই উদ্যোগ নেওয়া হয়েছিল।

Pratik Saha
  • Pratik Saha

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *