ওড়িশার মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়ে বড় সিদ্ধান্ত জানালেন শুভেন্দু অধিকারী! দিঘার মন্দিরের নাম বদল

দিঘার জগন্নাথ মন্দির ও গোটা মন্দির চত্বরের নাম পরিবর্তনের বড় সিদ্ধান্ত নিল রাজ্য সরকার। এবার থেকে দিঘার মূল মন্দির পরিচিত হবে ‘শ্রী শ্রী জগন্নাথ মন্দির’ নামে এবং গোটা মন্দির চত্বরের নাম রাখা হয়েছে ‘শ্রী শ্রী জগন্নাথ কালচারাল সেন্টার’ বা শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র। এই সিদ্ধান্তের কথা জানিয়ে ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝিকে চিঠি দিয়েছেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।
বিতর্ক থেকে নতুন নামকরণ
প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকারের সময় নির্মিত এই মন্দিরের প্রথম নামে ‘ধাম’ শব্দটি রাখা হয়েছিল। পরে বিতর্ক তৈরি হওয়ায় তা বাদ দেওয়া হয় এবং পরবর্তীতে নাম হয় ‘শ্রী শ্রী জগন্নাথ সাংস্কৃতিক কেন্দ্র’। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, মূল মন্দির ও গোটা চত্বরের জন্য আলাদা পরিচয় নির্ধারণ করা হয়েছে।
ওড়িশার মুখ্যমন্ত্রীর উদ্বেগ ও পাল্টা চিঠি
দিঘার জগন্নাথ মন্দিরের নামকরণ নিয়ে আগেই উদ্বেগ প্রকাশ করে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীকে চিঠি দিয়েছিলেন ওড়িশার মুখ্যমন্ত্রী মোহনচরণ মাঝি। সেই চিঠির প্রেক্ষিতেই গত ২৩ নভেম্বর ওড়িশার মুখ্যমন্ত্রীকে পাল্টা চিঠি পাঠান শুভেন্দু অধিকারী।
চিঠিতে শুভেন্দু অধিকারী উল্লেখ করেছেন যে, মহাপ্রভু শ্রী জগন্নাথ এবং পুরীর জগন্নাথ ধামের গভীর ধর্মীয়, আধ্যাত্মিক ও সাংস্কৃতিক গুরুত্ব রয়েছে। ওড়িশার মুখ্যমন্ত্রীর তুলে ধরা অনুভূতিকে সম্মান জানিয়ে এবং সমস্ত দিক খতিয়ে দেখেই দিঘার মন্দিরের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে চিঠিতে জানানো হয়েছে।
ধর্মীয় পবিত্রতা ও সাংস্কৃতিক পরিচয়ের বার্তা
রাজ্য সরকারের এই সিদ্ধান্তে মূল মন্দিরের নামে ধর্মীয় গুরুত্বকে প্রাধান্য দেওয়া হয়েছে এবং গোটা চত্বরের নামে তুলে ধরা হয়েছে সাংস্কৃতিক দিকটি। মুখ্যমন্ত্রীর মতে, পরিবর্তিত নাম একদিকে মন্দিরের ধর্মীয় পবিত্রতাকে তুলে ধরবে, অন্যদিকে গোটা চত্বরের বৃহত্তর সাংস্কৃতিক পরিচয়কে স্বীকৃতি দেবে। ভক্তরা এই সিদ্ধান্তকে স্বাগত জানাবেন বলে আশাবাদী শুভেন্দু অধিকারী। পাশাপাশি দুই রাজ্যের সাংস্কৃতিক সম্পর্ক অটুট ও সুসম্পর্ক আরও দৃঢ় করার বার্তাও দিয়েছে রাজ্য সরকার।