৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ বহাল, টুলু মণ্ডল মামলায় কলকাতা হাইকোর্টে কী জানাল রাজ্য?

টুলু মণ্ডলের বিরুদ্ধে আপাতত কোনও লুকআউট সার্কুলার নেই বলে কলকাতা হাইকোর্টে জানিয়েছে রাজ্য। ফলে লুকআউট সার্কুলার নিয়ে তাঁর উদ্বিগের কোনও কারণ নেই বলে পর্যবেক্ষণ করেছেন বিচারপতি কৃষ্ণ রাও। আদালতের বক্তব্য, বর্তমানে টুলু মণ্ডলের বিরুদ্ধে কোনও লুকআউট নোটিশ জারি নেই এবং আগে যে সার্কুলার ছিল, সুপ্রিম কোর্টের ৪ নভেম্বরের নির্দেশ মেনে তা নিয়ে পদক্ষেপ করা হয়েছে।
রাজ্যের তরফে আরও জানানো হয়েছে, টুলু মণ্ডলের পরিবারের অন্য সদস্যদের বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হওয়া নিয়ে আদালতে কোনও মামলা নেই, তাই সে বিষয়ে আদালত কোনও পদক্ষেপ করতে পারে না। মামলার মাধ্যমে তদন্তের গতিপথ জানার চেষ্টা করা হচ্ছে বলেও সওয়াল করেন রাজ্যের অতিরিক্ত অ্যাডভোকেট জেনারেল বিল্বদল ভট্টাচার্য।
অন্যদিকে, টুলু মণ্ডলের বিরুদ্ধে দায়ের হওয়া একাধিক এফআইআর খারিজের আবেদন সংক্রান্ত মামলা ওঠে কলকাতা হাইকোর্টের বিচারপতি অজয় মুখোপাধ্যায়ের এজলাসে। শুনানিতে রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র জানান, সুপ্রিম কোর্টের নির্দেশ অনুযায়ী আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন টুলু মণ্ডল, তাই এই মামলার শুনানি নিয়ে তাড়াহুড়োর প্রয়োজন নেই।
তবে রাজ্যের এই বক্তব্যের বিরোধিতা করেন টুলু মণ্ডলের আইনজীবী। এই প্রেক্ষাপটে টুলু মণ্ডলের বিরুদ্ধে থাকা সমস্ত মামলার কেস ডায়েরি আদালতে জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে রাজ্যকে। দীর্ঘদিন বিদেশে থাকার কারণে তাঁর বিরুদ্ধে লুকআউট সার্কুলার জারি হয়েছিল। সুপ্রিম কোর্টের নির্দেশে গত ১৭ নভেম্বর দেশে ফেরেন তিনি এবং দেশে ফেরার পর নতুন করে কোনও লুকআউট সার্কুলার জারি হয়েছে কি না, তা জানতে হাইকোর্টের দ্বারস্থ হন। ভবিষ্যতে নতুন করে এমন কোনও সার্কুলার জারি হলে আদালতকে জানানো হবে বলেও এ দিন জানিয়েছে রাজ্য।
এদিকে, বৃহস্পতিবার বেলা ১১টায় মহম্মদবাজার থানায় হাজিরা দেন টুলু মণ্ডল। সেখানে জিজ্ঞাসাবাদের পর দুপুর ২টো নাগাদ তিনি সিউড়ি থানায় যান এবং সেখানেও তাঁকে জিজ্ঞাসাবাদ করা হয়।