মালদার মহদিপুর দিয়ে বাংলাদেশে ফিরলেন আওয়ামি লিগ নেতা, নতুন অস্থিরতার আশঙ্কায় উদ্বেগ

১৬ ডিসেম্বরে শেখ হাসিনার দেশে ফেরার বার্তার পর আওয়ামি লিগ নেতাদের মধ্যে ঘরে ফেরার তৎপরতা শুরু হয়েছে। মালদার মহদিপুর সীমান্ত দিয়ে ইতিমধ্যেই অনেকেই বাংলাদেশে ফিরতে শুরু করেছেন। তবে নতুন করে অস্থিরতার আশঙ্কায় উদ্বেগও বাড়ছে সীমান্ত এলাকায়।

নেত্রী শেখ হাসিনার দেশে ফেরার বার্তা পেয়েই মালদার মহদিপুর স্থলবন্দর দিয়ে বাংলাদেশে ফিরেছেন চাঁপাইনবাবগঞ্জ জেলা পরিষদের সদস্য তথা আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমান এবং তাঁর কর্মীরা। তাঁদের দাবি, শুধু তিনি নন, তাঁর মতোই বহু দেশছাড়া আওয়ামি লিগ নেতা এবার ধীরে ধীরে দেশে ফেরার প্রস্তুতি নিচ্ছেন।

মহদিপুর সীমান্তে দু’দেশের নাগরিকদের যাতায়াত ঘিরে তৈরি হয়েছে বাড়তি ব্যস্ততা। বাংলাদেশ থেকে ভারতে বিভিন্ন কাজে আসা নাগরিকদের অনেকের মুখেই শোনা যাচ্ছে শেখ হাসিনার প্রসঙ্গ। একদিকে বাংলাদেশ থেকে এ দেশে আসছেন অনেকে, অন্যদিকে এ দেশ থেকে বাংলাদেশে ফিরছেন কেউ কেউ। বাংলাদেশে নতুন করে অস্থিরতার আবহ তৈরি হওয়ায় মহদিপুর সীমান্তে বাড়ছে উদ্বেগ। ওপারে গাড়ি নিয়ে যেতে আতঙ্কে রয়েছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা।

সীমান্তে সাধারণ মানুষের প্রত্যাশা স্পষ্ট। কারও বক্তব্য, তাঁরা কোনও নির্দিষ্ট দলের সমর্থক নন; বাংলাদেশে যে সরকারই ক্ষমতায় আসুক, সাধারণ মানুষের নিরাপত্তা ও শান্তি নিশ্চিত করুক — সেটাই তাঁদের চাওয়া। আবার কেউ কেউ বলছেন, তাঁরা শেখ হাসিনাকেই আবার ক্ষমতায় দেখতে চান।

মহদিপুর চেকপোস্ট সূত্রে খবর, এই সীমান্ত দিয়ে আগে প্রতিদিন গড়ে ১২০ থেকে ১৫০ জন নাগরিক বৈধ পাসপোর্ট নিয়ে যাতায়াত করতেন। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় ২০০ থেকে ২২০ জনে। প্রতিদিন গড়ে ২০০ থেকে ২৫০টি পণ্যবাহী ট্রাকও চলাচল করে। পরিস্থিতির দিকে নজর রেখে সতর্ক রয়েছে সীমান্তরক্ষী বাহিনী, পুলিশ ও শুল্ক দফতর।

অন্যদিকে, আওয়ামি লিগ নেতা হাবিবুর রহমানের দাবি, ভয়ে গত দু’মাস তিনি বেঙ্গালুরু ও হায়দরাবাদে ছিলেন। তবে রাজনৈতিক পরিস্থিতির পাশাপাশি বাংলাদেশের অস্থিরতার প্রভাব পড়ার আশঙ্কা তৈরি হয়েছে সীমান্ত বাণিজ্যেও। ওপারে পণ্য নিয়ে যেতে ভয় পাচ্ছেন এপারের ট্রাকচালক ও খালাসিরা। ট্রাকচালক সমীর ঘোষের কথায়, “বাংলাদেশে গাড়ি নিয়ে যেতে এখন ভয় লাগছে।” তাঁরা চান, ওপারে দ্রুত শান্তি ফিরে আসুক, যাতে নির্ভয়ে পণ্যবাহী গাড়ি নিয়ে যাতায়াত করতে পারেন।

প্রসঙ্গত, ডিসেম্বরে শেখ হাসিনা দেশে ফিরতে পারেন বলে শুনেছেন মালদায় আত্মীয়ের বাড়িতে আশ্রয় নেওয়া একাধিক মানুষ। নতুন করে অস্থিরতার আশঙ্কায় তাঁরা আতঙ্কিত। সীমান্ত এলাকার পরিস্থিতি নিয়ে সব মহলেই নজর রাখা হচ্ছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *