স্বরূপনগরের মহিলাকে কি বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে? হলফনামা জমা দিল রাজ্য ও কেন্দ্র

অনুপ্রবেশকারী সন্দেহে মুম্বই থেকে এক পরিযায়ী শ্রমিক মহিলাকে বাংলাদেশে পুশব্যাক করার অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়াল। উত্তর ২৪ পরগনার স্বরূপনগরের বাসিন্দা সাহিদা ফকিরকে আত্মপক্ষ সমর্থনের সুযোগ না দিয়েই বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ উঠেছে। ওই মহিলাকে দেশে ফেরানোর আর্জি জানিয়ে কলকাতা হাইকোর্টে হেবিয়াস কর্পাস মামলা দায়ের করেছেন তাঁর স্বামী। বৃহস্পতিবার বিচারপতি দেবাংশু বসাক ও বিচারপতি আর্যক দত্তের ডিভিশন বেঞ্চে মামলার শুনানিতে রাজ্য সরকার, কেন্দ্র এবং মুম্বই পুলিশ হলফনামা জমা দিয়েছে।

মামলার শুনানিতে হাইকোর্টের ডিভিশন বেঞ্চ স্পষ্ট পর্যবেক্ষণে জানিয়েছে যে পুলিশের যাচাই প্রক্রিয়ায় পদ্ধতিগত ত্রুটি থাকতেই পারে, কিন্তু তার অর্থ এই নয় যে ওই মহিলা ভারতীয় নাগরিক নন। আদালত জানিয়েছে, নথিপত্র খতিয়ে দেখার পর সাহিদা অনুপ্রবেশকারী নন বলে প্রমাণিত হলে তাঁকে দেশে ফিরিয়ে আনার নির্দেশ দেওয়া হবে। এই মামলার পরিপ্রেক্ষিতে আগামী ১০ দিনের মধ্যে প্রয়োজনীয় নথিপত্র সহ পালটা হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।

পরিবারের আইনজীবীর দাবি, গত ১৯ জুলাই মুম্বই পুলিশের ক্রাইম ব্রাঞ্চ সাহিদাকে আটক করে। পরিবারের পক্ষ থেকে যোগাযোগ করা হলে পুলিশ জানায়, নথিপত্র যাচাই করার পর তাঁকে ছেড়ে দেওয়া হবে। কিন্তু পরে পরিবার জানতে পারে, কোনও সুযোগ না দিয়েই ২৩ জুলাই সাহিদাকে বাংলাদেশে ডিপোর্ট করা হয়েছে।

অন্যদিকে, এদিনের শুনানিতে রাজ্য সরকার আদালতে হলফনামা দিয়ে জানিয়েছে যে মুম্বই পুলিশ এ বিষয়ে তাদের এখনও কিছু জানায়নি। রাজ্য ও কেন্দ্রের বক্তব্যের পরই আবেদনকারীদের ১০ দিনের মধ্যে পালটা জবাব দেওয়ার নির্দেশ দিয়েছে কলকাতা হাইকোর্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *