মাইক্রোফোন বা রিল বানালেই কি সাংবাদিকের স্বীকৃতি? দিল্লির ঘটনায় তদন্ত কমিটি গঠন শীর্ষ আদালতের

হাতে মাইক্রোফোন, ক্যামেরা বা সমাজমাধ্যমে খবরের ভিডিও তৈরি করলেই কাউকে সাংবাদিক বলা যায় কি না এবং বিক্ষোভ কভারেজের সময় পুলিশের বাধার মুখে পড়লে প্রত্যেকেই বিশেষ আইনি সুরক্ষা পাবেন কি না—বৃহস্পতিবার এই প্রশ্নগুলি তুলে ধরলেন সুপ্রিম কোর্টের বিচারপতি জয়মাল্য বাগচী। শুনানিতে তাঁর পর্যবেক্ষণ, স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই ধরনের সুরক্ষা নাও পেতে পারেন।
দিল্লিতে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে হওয়া বিক্ষোভের খবর সংগ্রহ করতে গিয়ে সাতজন সাংবাদিককে হেনস্তা ও আটকের অভিযোগ ওঠে পুলিশের বিরুদ্ধে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে কেরল ইউনিয়ন অফ ওয়ার্কিং জার্নালিস্টস এবং দিল্লি ইউনিয়ন অফ জার্নালিস্টসসহ একাধিক সাংবাদিক সংগঠন সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। অভিযোগ, সংবাদ সংগ্রহের সময় সাংবাদিকদের জোর করে সরিয়ে দেওয়া হয়, ভিডিও রেকর্ডিংয়ে বাধা দেওয়া হয় এবং শারীরিক হেনস্তার পাশাপাশি আটকও করা হয়। বৃহস্পতিবার প্রধান বিচারপতি সূর্য কান্ত, বিচারপতি জয়মাল্য বাগচী এবং বিচারপতি ভি মহনার বেঞ্চে মামলাটির শুনানি হয়।
শুনানিতে বিচারপতি জয়মাল্য বাগচী বলেন, “স্বঘোষিত সাংবাদিকরা স্বীকৃত সাংবাদিকদের মতো একই সুরক্ষা নাও পেতে পারেন।” তিনি আরও জানান, সাংবাদিক কাকে বলা হবে তা প্রথমেই নির্ধারণ করা প্রয়োজন; প্রেস কাউন্সিলের অধীনে স্বীকৃত সংবাদমাধ্যম বা রেজিস্টার্ড সংবাদপত্র ও টিভি চ্যানেলের কর্মীদের পাশাপাশি যাঁরা সমাজমাধ্যমে ভিডিও বানিয়ে নিজেকে সাংবাদিক দাবি করছেন, তাঁদের এক করে দেখা যায় কি না তা খতিয়ে দেখা দরকার। তাঁর বক্তব্য, “সাংবাদিক হিসেবে পরিচয় নিজে থেকেই দাবি করলেই সেই স্বীকৃতি পাওয়া যায় না। অনলাইন সংবাদমাধ্যমের ক্ষেত্রেও রেজিস্ট্রেশনের সুযোগ রয়েছে।”
আদালত জানায়, সাংবাদিকতার স্বাধীনতা এবং আইনশৃঙ্খলা বজায় রাখার দায়িত্বের মধ্যে ভারসাম্য রাখা জরুরি। বিক্ষোভের খবর সংগ্রহের সময় পেশাগত স্বাধীনতা, চলাফেরার অধিকার ও পুলিশের ভূমিকা বিবেচনার পাশাপাশি জোর করে সরিয়ে দেওয়া হলে তা আটকের সমতুল্য কি না, তাও খতিয়ে দেখতে হবে।
এ দিনের শুনানিতে সাত সাংবাদিকের অভিযোগের বিষয়টি পাঁচ সদস্যের তদন্ত কমিটির কাছে পাঠিয়েছে শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের প্রাক্তন বিচারপতি আর সুভাষ রেড্ডির নেতৃত্বাধীন ওই কমিটিকে প্রয়োজনীয় নথি ও প্রমাণ জমা দিতে বলা হয়েছে। সাংবাদিকরা ঘটনাস্থলে ছিলেন কি না, বলপ্রয়োগ হয়েছিল কি না এবং তা পরিস্থিতির তুলনায় অতিরিক্ত ছিল কি না, তা খতিয়ে দেখবে কমিটি। এর আগে দিল্লি পুলিশ আদালতে দাবি করেছিল, সমাজমাধ্যমের ইনফ্লুয়েন্সার, রিল নির্মাতা ও কনটেন্ট ক্রিয়েটরদের পেশাদার সাংবাদিকদের সমশ্রেণিতে ফেলে বিশেষ সুরক্ষা দেওয়া যায় না। ভবিষ্যতে সাংবাদিকদের সঙ্গে পুলিশের আচরণ নিয়ে নির্দিষ্ট নির্দেশিকা বা স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (SOP) তৈরির বিষয়টিও সুপ্রিম কোর্ট বিবেচনা করতে পারে বলে জানা গেছে।