মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী জানিয়েছেন, প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত মেনেই পদক্ষেপ করা হবে

সুপ্রিম কোর্টের নির্দেশ থাকা সত্ত্বেও এখনও বকেয়া ডিএ (Dearness Allowance) পাননি রাজ্যের গ্রান্ট-ইন-এইড কর্মীরা। সরকার পোষিত ক্ষেত্রের এই কর্মচারীদের প্রাপ্য মেটার অপেক্ষা দীর্ঘদিনের। তাই বকেয়া ডিএ নিয়ে এখন সকলের নজর আসন্ন মনিটরিং কমিটির বৈঠকের দিকে।
আগামী ১৪ ডিসেম্বর বসছে সুপ্রিম কোর্ট নিযুক্ত কমিটির বৈঠক। সেই বৈঠকে কর্মচারী প্রতিনিধি ও রাজ্য সরকার, দু’পক্ষই থাকবে। বকেয়া ডিএ নিয়ে সিদ্ধান্তের দিশা অনেকটাই ঠিক হতে পারে ওই দিন, তাই গ্রান্ট-ইন-এইড কর্মীদের কাছে এই তারিখ গুরুত্বপূর্ণ।
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী স্পষ্ট জানিয়েছেন, গ্রান্ট-ইন-এইড কর্মীদের ক্ষেত্রে সুপ্রিম কোর্ট নিযুক্ত প্রাক্তন বিচারপতি ইন্দু মালহোত্রার নেতৃত্বাধীন কমিটির সিদ্ধান্ত মেনেই পদক্ষেপ করা হবে। অর্থাৎ বকেয়া মেটানোর রূপরেখা কী হবে, তা অনেকটাই নির্ভর করছে কমিটির সুপারিশের উপর।
সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ সমাজমাধ্যমে জানিয়েছেন, মালহোত্রা কমিটির কাছে হলফনামা জমা দিয়েছে রাজ্য। এর আগে এই ইস্যুতে সরকারি কর্মীদের সঙ্গে নবান্ন থেকে যোগাযোগ করা হয়েছে বলে খবর। বকেয়া ডিএ-র হিসেবের গোলমাল নিয়ে দীর্ঘদিন ধরে আন্দোলন চালিয়ে আসছেন গ্রান্ট-ইন-এইড কর্মীরা। সুপ্রিম কোর্টের নির্দেশের পরও তাঁরা প্রাপ্য অর্থ পাননি বলে অভিযোগ। এই পরিস্থিতিতে ১৪ ডিসেম্বরের বৈঠককে কেন্দ্র করে নতুন আশা তৈরি হয়েছে।
উল্লেখ্য, গ্রান্ট-ইন-এইড কর্মীদের বকেয়া ডিএ মেটানোর বিষয়ে রাজ্য সরকারের অবস্থান স্পষ্ট করতে হলফনামা জমা দেওয়ার নির্দেশ দিয়েছিল সুপ্রিম কোর্ট। সেই অনুযায়ী রাজ্য সরকার কমিটির কাছে হলফনামা জমা দিয়েছে বলে জানা গিয়েছে। তবে হলফনামায় ঠিক কী কী তথ্য দেওয়া হয়েছে, তা নিয়ে এখনও পর্যন্ত সরকারের তরফে বিস্তারিত কিছু জানানো হয়নি। ১৪ ডিসেম্বরের বৈঠকে দুই পক্ষের মধ্যে আলোচনার পরই চূড়ান্ত চিত্র স্পষ্ট হতে পারে বলে মনে করা হচ্ছে।
- Pratik Saha
- যাত্রীদের অভিযোগ কমাতে রেলের নতুন চাল! বন্দে ভারত স্লিপারে কম পদে উন্নত খাবার, তালিকায় কী থাকছে? November 27, 2026
- পোর্ট ব্লেয়ার সার্কিট বেঞ্চে ইতিহাস গড়তে চলেছেন প্রধান বিচারপতি ঘুগে, ৩০ নভেম্বর থেকে শুরু বিচারকাজ November 27, 2026
- 'প্রয়োজনীয় জমি দিতে রাজ্য প্রস্তুত', সুন্দরবনে সড়ক-সেতুর যোগাযোগ উন্নয়নে মৎস্যজীবী সম্প্রদায় সরাসরি উপকৃত হবেন বলে আশ্বাস মুখ্যমন্ত্রীর November 27, 2026
- মেডিক্যাল রিপোর্টে তিনজনের শরীরেই সীসার উপস্থিতি মিলেছে, স্বামীর অভিযোগের ভিত্তিতে এফআইআর—শাশুড়ি ও শ্যালকের বিরুদ্ধেও অভিযোগ November 27, 2026
- 'লুকআউট সার্কুলার নিয়ে টুলুর উদ্বেগের কারণ নেই', পর্যবেক্ষণ বিচারপতি কৃষ্ণ রাওয়ের—আগামী ৭ ডিসেম্বর পর্যন্ত রক্ষাকবচ পেয়েছেন টুলু November 27, 2026