গোল না লম্বাটে মুখ? কোন নাকফুলে বদলে যাবে আপনার পুরো লুক!

নাকের গয়না কিনতে গিয়ে নামের বাহার দেখে অনেকেই বিভ্রান্ত হন। নাকফুল, স্টাড, নোজ পিন, নাকের রিং কিংবা হুপ-কোনটি কী, আর কোনটি আপনার মুখে বেশি মানাবে? মজার বিষয় হলো, নাকফুল ও স্টাড অনেক ক্ষেত্রে একই ধরনের গয়নাকে বোঝাতে ব্যবহৃত হয়। মূল পার্থক্য তৈরি হয় নকশা, আকার ও পরার ধরনে।

অন্যদিকে নাকের রিং বা হুপের রয়েছে আলাদা আকৃতি। তবে শুধু দেখতে সুন্দর হলেই তো হলো না, গয়নাটি আরামদায়ক কি না, সহজে খুলে যায় কি না, সেটিও গুরুত্বপূর্ণ। তাই নাকের গয়না কেনার আগে জেনে নিন কয়েকটি বিষয়।

ঘুমের মধ্যে নাকফুল খুলে যাওয়ার ভয়?

নাকের গয়না নাকে ঠিকমতো আটকে থাকবে কি না, তা অনেকটাই নির্ভর করে এর পেছনের লকের ওপর। যাদের নাকফুল বারবার খুলে যায়, তারা স্ক্রু-ব্যাক বা প্যাঁচ দেওয়া লকের নকশা বেছে নিতে পারেন। পরতে একটু বেশি সময় লাগলেও ঠিক মাপের হলে এটি বেশ ভালোভাবে আটকে থাকে। এ ছাড়া এল-শেপ, বোন-এন্ড এবং সোজা পিনের নাকফুলও পাওয়া যায়। এগুলো পরা সহজ, তবে সঠিক মাপ না হলে খুলে যাওয়ার আশঙ্কা থাকে।

অন্যদিকে যারা নাক ফোঁড়াতে চান না, তাদের জন্য রয়েছে ক্লিপ-অন নাকফুল। নাক না ফুটিয়েই এই গয়না পরা যায়। তবে কেনার সময় দেখে নিন, সেটি যেন অতিরিক্ত চেপে না বসে। এতে অস্বস্তি বা ত্বকে জ্বালাপোড়া হতে পারে।

নতুন নাক ফোঁড়ালে কোন নাকফুল পরবেন?

নাক ফোঁড়ানোর সঙ্গে সঙ্গে শখ করে বড় রিং কিংবা ভারী নথ পরা ঠিক নয়। জামা পরিবর্তনের সময়, মুখ মোছার সময় কিংবা ঘুমের মধ্যে বালিশের সঙ্গে ঘষা লেগে গয়না নড়াচড়া করতে পারে। এতে নতুন ছিদ্রে জ্বালা, ব্যথা ও সংক্রমণের ঝুঁকি বাড়ে। তাই শুরুতে ছোট ও হালকা স্টাড পরাই ভালো।

নাক ফোঁড়ানোর ক্ষত পুরোপুরি শুকাতে বেশ কয়েক মাস সময় লাগতে পারে। এই সময়ের মধ্যে নিজে থেকে বারবার গয়না পরিবর্তন করবেন না। ক্ষত পুরোপুরি না শুকানো পর্যন্ত রিং পরার জন্য অপেক্ষা করুন। গয়না নির্বাচনের ক্ষেত্রেও সতর্ক থাকা জরুরি। নিকেলমুক্ত টাইটানিয়াম, ইমপ্ল্যান্ট-গ্রেড স্টিল কিংবা উপযুক্ত মানের সোনা বেছে নেওয়া যেতে পারে। ৯২৫ রুপা বা সোনা পড়তে পারেন।

কোন মুখে কোন নাকফুল বেশি মানাবে?

গয়না যতই সুন্দর বা দামি হোক, মুখের গড়নের সঙ্গে মানানসই না হলে সাজে তার প্রভাব কমে যায়। তাই নাকের গয়না কেনার আগে মুখের আকৃতি বুঝে নেওয়া ভালো।

গোল বা চৌকা মুখ

মুখের গড়ন গোল কিংবা চৌকো হলে সরু রিং বা ছোট হুপ বেছে নিতে পারেন। এতে সাজে ভারসাম্য আসে। ছোট পাথর বসানো স্টাডও বেশ মানানসই দেখায়।

লম্বাটে মুখ

লম্বাটে মুখে একেবারে ছোট নাকফুল অনেক সময় চোখে পড়ে না। তাই একটু বড় স্টাড, ফুলের নকশা কিংবা মাঝারি আকারের নথ বেছে নিতে পারেন। এতে মুখের সাজে আলাদা আকর্ষণ তৈরি হবে।

ডিম্বাকৃতি মুখ

এই মুখের গড়নে ছোট পাথরের স্টাড, সরু রিং, হুপ কিংবা বড় নথ-প্রায় সব ধরনের নাকের গয়নাই মানিয়ে যায়। সাজ ও পোশাক বুঝে নকশা বেছে নিতে পারেন।

ছোট মুখ ও চাপা নাক

ছোট মুখে খুব ভারী বা বড় রিং এড়িয়ে চলাই ভালো। বরং ছোট্ট পাথরের স্টাড, সোনার বিন্দু কিংবা সরু হাফ-হুপ পরলে সাজে স্নিগ্ধতা আসবে।

অফিস থেকে বিয়েবাড়ি, কোন সাজে কোন গয়না?

প্রতিদিনের সাজ কিংবা অফিসের জন্য ছোট সোনার নাকফুল অথবা পাথর বসানো স্টাড বেশ মানানসই। এগুলো দেখতে পরিপাটি, আবার অতিরিক্ত নজরও কাড়ে না। যারা নিয়মিত হেলমেট পরেন কিংবা বাড়িতে ছোট শিশুদের সামলান, তাদের বড় রিং এড়িয়ে চলা ভালো। অসাবধানতাবশত টান লাগলে নাকে ব্যথা পেতে পারেন।

অন্যদিকে কলেজ, বন্ধুদের সঙ্গে আড্ডা কিংবা ঘুরতে যাওয়ার সাজে সরু হুপ বেশ স্মার্ট দেখায়। পশ্চিমা পোশাকের সঙ্গে ছোট রিং বা মিনিমাল স্টাডও দারুণ মানিয়ে যায়। আর বিয়েবাড়ি বা বিশেষ অনুষ্ঠানে শাড়ির সঙ্গে নথের আবেদনই আলাদা। বড় নথ, মুক্তা কিংবা পাথরের নকশা সাজে যোগ করতে পারে রাজকীয় ছোঁয়া।

নাকের গয়না কেনার সময় শুধু ফ্যাশন নয়, আরাম ও নিরাপত্তাকেও গুরুত্ব দিতে হবে। আপনার মুখের গড়ন, পোশাক এবং ব্যক্তিগত পছন্দের সঙ্গে যে গয়না মানিয়ে যায়, সেটিই হতে পারে আপনার সাজের সবচেয়ে সুন্দর সংযোজন।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *