জঙ্গি হামলার মাঝে ২০ অন্তঃসত্ত্বাকে বাঁচালেন নার্স! ২৬/১১-র অঞ্জলি কুলথের সাহস আজও শ্রদ্ধেয়

২০০৮ সালের ২৬ নভেম্বর মুম্বইয়ে ভয়াবহ জঙ্গি হামলার রাতে শহরের বিভিন্ন প্রান্তে গুলিবর্ষণ ও বিস্ফোরণে নেমে এসেছিল মৃত্যুমিছিল। সেই রাতেই জঙ্গিরা ঢুকে পড়ে মুম্বইয়ের কামা অ্যান্ড অ্যালব্লেস হাসপাতালে। চারদিকে আতঙ্ক ও হাসপাতালের ভেতরে গুলির শব্দের মাঝেও নিজের কর্তব্য থেকে সরে আসেননি নার্স অঞ্জলি কুলথে। জীবনের ঝুঁকি নিয়ে ২০ জন অন্তঃসত্ত্বা মহিলাকে বাঁচানোর পাশাপাশি গুলির মধ্যেই এক উচ্চঝুঁকির অন্তঃসত্ত্বা মহিলার নিরাপদে সন্তান প্রসবে সহায়তা করেন তিনি।

জঙ্গিরা ঢুকতেই প্যান্ট্রিতে আশ্রয়

২০০৮ সালের ২৬ নভেম্বর রাতে কামা হাসপাতালের অ্যান্টেনাটাল ওয়ার্ডে কর্মরত ছিলেন অঞ্জলি কুলথে, যেখানে তাঁর দায়িত্বে ছিলেন ২০ জন অন্তঃসত্ত্বা মহিলা। রাত সাড়ে ৯টা নাগাদ খবর আসে, ছত্রপতি শিবাজি টার্মিনাসে হামলা চালানো জঙ্গিরা হাসপাতালের দিকে এগিয়ে আসছে।

কিছুক্ষণের মধ্যেই হাসপাতালের পেছনের দিক থেকে গুলির শব্দ শোনা যায়। জানলা দিয়ে বাইরে তাকিয়ে অঞ্জলি দেখেন, দুই সশস্ত্র জঙ্গি হাসপাতাল চত্বরে ঢুকে নিরাপত্তারক্ষীদের গুলি করছে। পরিস্থিতি বুঝে দ্রুত ওয়ার্ডের দরজা বন্ধ করে দেন তিনি এবং ২০ জন অন্তঃসত্ত্বাকে ওয়ার্ডের একটি ছোট প্যান্ট্রিতে নিয়ে যান। আলো নিভিয়ে এবং মোবাইল ফোন সাইলেন্ট করে রেখে অন্ধকারে নিঃশব্দে অপেক্ষা করতে থাকেন সবাই, যাতে জঙ্গিরা তাঁদের উপস্থিতি টের না পায়।

গুলির মাঝে ঝুঁকিপূর্ণ সন্তান প্রসব

ভয়াবহ সেই পরিস্থিতির মধ্যেই এক অন্তঃসত্ত্বা মহিলার প্রসব যন্ত্রণা শুরু হয়। উচ্চ রক্তচাপের সমস্যায় ভোগা ওই মহিলার ক্ষেত্রে ঝুঁকি ছিল অনেক বেশি; কিন্তু হাসপাতালের ভেতরে গুলির লড়াই চলার কারণে চিকিৎসকের পক্ষে নিরাপদে ওয়ার্ডে পৌঁছনো সম্ভব হচ্ছিল না।

দেরি হলে মা ও সন্তানের বিপদ হতে পারে বুঝে নিজেই ওই মহিলাকে নিয়ে লেবার রুমের দিকে রওনা হন অঞ্জলি। সিঁড়ির দেওয়াল ঘেঁষে রোগীর হাত ধরে ধীরে ধীরে তাঁকে নিয়ে যান তিনি এবং শেষ পর্যন্ত নিরাপদে একটি কন্যাসন্তানের জন্ম হয়।

পাঁচ ঘণ্টার হামলা ও স্মরণীয় আত্মত্যাগ

কামা হাসপাতালে প্রায় পাঁচ ঘণ্টা ধরে জঙ্গি হামলা চলে, যেখানে বহু রোগী ও কর্মী আটকে ছিলেন। প্যান্ট্রিতে লুকিয়ে থেকে প্রাণে বাঁচেন অঞ্জলি ও তাঁর দায়িত্বে থাকা অন্তঃসত্ত্বা মহিলারা; তবে হামলায় হাসপাতালের এক নিরাপত্তারক্ষী ও এক কর্মীর মৃত্যু হয়। সে রাতে চিকিৎসক, নার্স ও অন্যান্য কর্মীরা জীবন বিপন্ন করে রোগীদের সুরক্ষা ও সেবার দায়িত্ব পালন করেন।

পরবর্তী সময়ে ২০২২ সালের ডিসেম্বর মাসে রাষ্ট্রসংঘের নিরাপত্তা পরিষদের বৈঠকেও সেই রাতের অভিজ্ঞতা তুলে ধরেন অঞ্জলি কুলথে। কীভাবে ২০ জন অন্তঃসত্ত্বাকে নিরাপদে রেখেছিলেন এবং এক মহিলার সন্তান প্রসবে সাহায্য করেছিলেন, সে কথা জানান তিনি। ২৬/১১ হামলায় হাসপাতালের কর্মী ও নার্সদের সাহসিকতার এই ঘটনা থেকে অনুপ্রাণিত হয়ে কঙ্গনা রানাউতের ‘ভারত ভাগ্য বিধাতা’ ছবিটিও তৈরি হয়েছে বলে জানা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *