বন্দে ভারত স্লিপারে খাবারের মেন্যু কমছে! কী কী খাবার পাবেন যাত্রীরা?

বন্দে ভারত স্লিপার ট্রেনে যাত্রীদের খাবারের মেন্যু কমানোর পথে হাঁটছে ভারতীয় রেল। রেলের বক্তব্য, খাবারের গুণমান আরও উন্নত করতে এবং খাবারকে আরও পরিচ্ছন্ন ও টাটকা রাখতে মেন্যুর সংখ্যা কমানো হচ্ছে। মূলত বিমান সংস্থার ধাঁচেই হাওড়া-কামাখ্যা, নয়াদিল্লি-বারাণসী এবং মুম্বই-বেঙ্গালুরু বন্দে ভারত স্লিপার ট্রেনে এই ব্যবস্থা চালু করা হচ্ছে।
নতুন মেন্যুতে কী কী থাকছে?
রেলের এই পাইলট প্রকল্প অনুযায়ী, ৮ থেকে ১০টি মেন্যুর বদলে তা কমিয়ে ৪টি মেন্যু করা হচ্ছে। হিন্দুস্তান টাইমসের প্রতিবেদন অনুসারে, মুম্বই-বেঙ্গালুরু রুটের পরিষেবায় নতুন মেন্যু ইতিমধ্যেই চালু হয়েছে। নতুন ব্যবস্থায় সকালের জলখাবারে থাকছে ইডলি ও বড়া, সঙ্গে সাম্বার ও চাটনি; বিকল্প হিসেবে মিলবে পোহা বা উপমা। আগে সকালের খাবারে স্যুপ, অমলেট, স্যান্ডউইচ, বাটারমিল্ক ও চকোলেটের মতো একাধিক পদ থাকলেও নতুন মেন্যুতে সেগুলো বাদ পড়েছে।
দুপুর ও রাতের খাবারেও কমানো হয়েছে পদের সংখ্যা। এ বার থেকে যাত্রীরা পাবেন রুটি, ভাত, ডাল এবং চিকেন বা নিরামিষের মধ্যে যেকোনো একটি মূল পদ। আগে দুপুর ও রাতের খাবারের সঙ্গে শুকনো সবজি, দই, স্যালাড, আচার ও মিষ্টির মতো অতিরিক্ত পদ দেওয়া হতো, যা নতুন নিয়মে থাকছে না।
কেন কাটছাঁট ও খাবারের পরিমাণ কেমন?
দূরপাল্লার বন্দে ভারতে চড়া ভাড়া দিয়েও ঠান্ডা, বিস্বাদ বা অপরিচ্ছন্ন খাবার পাওয়ার বিষয়ে প্রচুর যাত্রী আইআরসিটিসি বা IRCTC-এর কাছে অভিযোগ জানিয়েছেন। রেল কর্তৃপক্ষের দাবি, সীমিত প্যান্ট্রি পরিসর ও কম কর্মী নিয়ে বহু পদ তৈরি করতে গিয়েই এই সমস্যা দেখা দেয়। সীমিত মেন্যু থাকলে প্রতিটি পদের মানের উপর আরও ভালোভাবে নজরদারি করা সম্ভব হবে বলে মনে করছেন IRCTC-র আধিকারিকরা।
খাবারের সামগ্রিক ওজন প্রায় ৭০০-৭৫০ গ্রাম থেকে কমিয়ে ৪৫০-৫০০ গ্রাম করা হলেও প্রতিটি পদের পরিবেশনের পরিমাণ কমানো হয়নি বলে জানিয়েছে IRCTC। সংস্থার ব্যাখ্যা, মূল পদের সাইজ ছোট করা হয়নি, বরং সাইড ডিশ বা সহযোগী পদ বাদ পড়ায় মোট ওজন কমেছে। বন্দে ভারত স্লিপার ট্রেনে খাবার সরবরাহের জন্য কামাখ্যা রুটে মেফেয়ার গ্রুপ, হাওড়া রুটে TajSATS এবং বাকি দুটি ট্রেনের ক্ষেত্রে সরোভার পোর্টিকো গ্রুপের সঙ্গে চুক্তি করেছে IRCTC।