শীতে একাকিত্ব কাটাতে প্রেমে পড়ছেন? ‘কাফিং সিজন’ নিয়ে মনোরোগ বিশেষজ্ঞের বড় সতর্কতা!

উত্তুরে হাওয়া বইতে শুরু করলে শীতের আমেজ যেমন বাড়ে, তেমনই অনেক অবিবাহিত বা সিঙ্গল মানুষের মনে একাকিত্বের অনুভূতিও তীব্র হয়ে ওঠে। চারপাশের রোমান্টিক আবহ, সোয়েটারের পকেটে হাত রেখে হাঁটা কিংবা কফির কাপে চুমুক দিতে দিতে চোখে চোখ রাখার দৃশ্য দেখে হঠাৎ করেই মনে হতে পারে, পাশে কেউ থাকলে ভালো হতো। একাকিত্ব কাটানো, উষ্ণতা খোঁজা এবং দ্রুত কারও কাছাকাছি আসার এই প্রবণতাকেই ডেটিংয়ের ভাষায় বলা হয় ‘কাফিং সিজন’। সহজ কথায়, সঙ্গীর অভাব মেটানোর মরশুম। কিন্তু কেবল একাকিত্ব বা ঠান্ডা কাটানোর তাগিদে শুরু হওয়া এই সম্পর্ক কি সত্যিই টেকে, নাকি শীত ফুরোলেই বদলে যায় ছবিটা? এ বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন বেঙ্গালুরুর অ্যাস্টার আরভি হাসপাতালের মনোরোগ বিশেষজ্ঞ ড. মুরলি কৃষ্ণা।

শীতের সঙ্গে প্রেমের যোগসূত্র কী?

সাধারণত অক্টোবর থেকে ফেব্রুয়ারি পর্যন্ত সময়ে সঙ্গী খোঁজার প্রবণতা বেশি দেখা যায়। বিজ্ঞানের ব্যাখ্যা অনুযায়ী, শীতে দিন ছোট হয় এবং সূর্যালোক কম মেলায় শরীরের স্বাভাবিক জৈবিক ছন্দ বা সারকাডিয়ান রিদমে পরিবর্তন আসে। এর ফলে মেজাজের ওঠানামা বা মুড সুইং বাড়তে পারে এবং মানুষ মানসিক ভরসা ও উষ্ণতা খোঁজে। উৎসবের মরশুমে আনন্দ ভাগ করে নেওয়ার ইচ্ছাও অনেককে সঙ্গী খুঁজতে প্ররোচিত করে।

সঙ্গী কি সত্যিই ভালোবাসেন, নাকি শুধুই শীতের অতিথি?

ড. মুরলি কৃষ্ণার মতে, সামনের মানুষটি সত্যিই আপনার সঙ্গে থাকতে চান কি না, তা বোঝার কিছু লক্ষণ রয়েছে। শুরুতে ঘনঘন দেখা করলেও ভবিষ্যতের প্রসঙ্গ উঠলেই যদি তিনি কৌশলে এড়িয়ে যান বা পরিবার ও বন্ধুদের সঙ্গে আলাপ করাতে না চান, তবে তা সাময়িক সঙ্গ খোঁজার ইঙ্গিত হতে পারে। তাঁর পরামর্শ, কারও হাত ধরার আগে নিজেকে প্রশ্ন করা উচিত—আপনি কি তাঁকে সত্যিই ভালোবাসেন, নাকি আশপাশের লোকজনকে দেখে শখ জেগেছে? শীত বা উৎসবের মরশুম শেষ হলেও কি আপনি সম্পর্কটি ধরে রাখতে চাইবেন? উত্তর না হলে সেক্ষেত্রে এগোনো ঠিক নয়; কেবল ফাঁকা লাগছে বলে কারও হাত ধরা বুদ্ধিমানের কাজ নয়।

এই মরশুমি প্রেম কি টেকে?

এই ধরনের সম্পর্কে দুজনের প্রত্যাশা ভিন্ন হতে পারে। একজন হয়তো বিষয়টিকে গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, কিন্তু অন্যজন কেবল সাময়িক সঙ্গ খুঁজছেন। ফলে শীত শেষে সঙ্গী সরে গেলে বড় আঘাত লাগতে পারে। তবে দুজনের লক্ষ্য, মানসিকতা ও পারস্পরিক সম্মান মিলে গেলে সেই সম্পর্ক দীর্ঘস্থায়ী হতেও পারে।

সিঙ্গলদের জন্য বিশেষজ্ঞের পরামর্শ

ড. মুরলি কৃষ্ণা জানান, সম্পর্ক ভেঙে গেলে নিজেকে দোষ দেওয়া এবং সোশ্যাল মিডিয়ায় প্রাক্তনের গতিবিধির ওপর নজর রাখা বন্ধ করা জরুরি। পরিবার ও বন্ধুদের সময় দিন। চারপাশে বন্ধুদের প্রেম বা বিয়ে হচ্ছে বলেই যে আপনাকেও সম্পর্কে জড়াতে হবে, এমন কোনও বাধ্যবাধকতা নেই। একা থাকার অর্থ জীবন থেমে যাওয়া নয়; সঠিক সময়ে উপযুক্ত মানুষ এলে তবেই সম্পর্ক গড়ুন, কেবল শীত কাটানোর জন্য ভুল সম্পর্কে জড়িয়ে পড়বেন না।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *