৮,৭০০ কোটি টাকার ২২টি সড়ক প্রকল্প! বাংলায় যোগাযোগ ব্যবস্থায় বড়সড় গতি?

পশ্চিমবঙ্গের সড়ক ও যোগাযোগ পরিকাঠামোর উন্নয়নে বড়সড় পদক্ষেপ নেওয়া হয়েছে। রাজ্যের বিভিন্ন প্রান্তে জাতীয় সড়ক এবং গুরুত্বপূর্ণ রাজ্য সড়কের উন্নয়নে ৮,৭০০ কোটি টাকারও বেশি বিনিয়োগে মোট ২২টি প্রকল্পের শিলান্যাস ও উদ্বোধন হতে চলেছে। এই প্রকল্পগুলির হাত ধরে উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ, জঙ্গলমহল থেকে শিল্পাঞ্চল—রাজ্যের বিস্তীর্ণ এলাকার যাতায়াত ব্যবস্থায় নতুন গতি আসবে বলে মনে করা হচ্ছে।
এই উদ্যোগের আওতায় একাধিক জাতীয় সড়কের সম্প্রসারণ ও মজবুত করার কাজ অন্তর্ভুক্ত রয়েছে। পূর্ব মেদিনীপুরের চাউলখোলা থেকে লঙ্কাপুর পর্যন্ত এনএইচ-১১৬বি রাস্তার সম্প্রসারণ ও রামনগর বাইপাসের কাজের পাশাপাশি ঠাকুরনগর থেকে নাচিন্দা পর্যন্ত এনএইচ-১১৬বি রাস্তার উন্নয়ন করা হবে। এ ছাড়া দক্ষিণ ২৪ পরগনার নামখানা থেকে বকখালি পর্যন্ত এনএইচ-১২ রাস্তার সম্প্রসারণ ও মজবুত করার পরিকল্পনাও রয়েছে।
বীরভূমের জন্যও একাধিক গুরুত্বপূর্ণ প্রকল্প রাখা হয়েছে এই তালিকায়। ভিমগড় থেকে মল্লারপুর এবং মল্লারপুর থেকে নলহাটি পর্যন্ত এনএইচ-১৪ রাস্তার উন্নয়ন করা হবে। পাশাপাশি, সিউড়ি থেকে মল্লারপুর পর্যন্ত এনএইচ-১১৪ রাস্তা মজবুত করা এবং পুরন্দরপুর থেকে রায়গাঁপুর পর্যন্ত রাস্তা দুই লেনের করার পরিকল্পনা নেওয়া হয়েছে।
পূর্ব বর্ধমানের মন্তেশ্বর-দাঁইহাট রোড, বর্ধমান-কাটোয়া রোড এবং এসটিকেকে রোডের সম্প্রসারণ ও সংস্কারের কাজ হবে। বাঁকুড়া ও পুরুলিয়া সংলগ্ন এলাকার যোগাযোগ ব্যবস্থার উন্নয়নেও একাধিক প্রকল্প নেওয়া হয়েছে; পুরুলিয়ার রঘুনাথপুর-চান্ডিলকিয়ারি-চাস রোড এবং রঘুনাথপুর-চেলিয়ামা রোডের উন্নয়ন করা হবে।
হুগলির মগরা-সুলতানগাছা-খানপুর-দাসঘরা রোডের সম্প্রসারণ এবং দ্বারকেশ্বর নদীর ওপর নতুন সেতু নির্মাণের পরিকল্পনা রয়েছে। পাশাপাশি, উত্তর ২৪ পরগনার বিষ্ণুপুর-বেলিয়াঘাটা রোডের লাঙ্গলপোতা থেকে কাচকল পর্যন্ত অংশের সম্প্রসারণ ও সেতু নির্মাণ করা হবে।
সড়ক নিরাপত্তায় বিশেষ জোর
সড়ক দুর্ঘটনা কমাতে একাধিক গুরুত্বপূর্ণ জাতীয় সড়কে ভিইউপি এবং এলভিইউপি নির্মাণের পরিকল্পনা রয়েছে। এনএইচ-১২-এর বারাসত-কৃষ্ণনগর-ব্যারাকপুর অংশে ২০টি, বহরমপুর-ফরাক্কা-রায়গঞ্জ-ডালখোলা অংশে ২৫টি এবং এনএইচ-১৯-এর বরওয়া আড্ডা-পানাগড় অংশে ১২টি ভিইউপি বা এলভিইউপি তৈরি করা হবে। পাশাপাশি এনএইচ-১২-এর বেলঘরিয়া এক্সপ্রেসওয়ের উন্নয়নও করা হবে।
দুটি বড় প্রকল্পের উদ্বোধন
শুধু নতুন কাজের শিলান্যাসই নয়, দুটি গুরুত্বপূর্ণ পরিকাঠামো প্রকল্প জাতির উদ্দেশে উৎসর্গ করা হবে। এর মধ্যে রয়েছে এনএইচ-১৯-এর পালসিট-ডানকুনি অংশের ছয় লেনের রাস্তা এবং ফরাক্কায় গঙ্গা নদীর ওপর চার লেনের সেতু।