‘৫০ কোটি মানুষ দারিদ্র্যমুক্ত’,-জনকল্যাণ ও সংস্কারের খতিয়ান তুলে ধরলেন প্রধানমন্ত্রী

সংবিধান দিবস উপলক্ষে লেখা এক প্রবন্ধে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তুলে ধরেছেন, কীভাবে তাঁর সরকার জনকল্যাণমূলক প্রকল্প এবং গুরুত্বপূর্ণ সাংবিধানিক সংশোধনের মাধ্যমে সংবিধানের মূল ভাবনা সাধারণ মানুষের কাছে পৌঁছে দিচ্ছে। লেখায় সামাজিক-অর্থনৈতিক ন্যায়বিচার এবং নাগরিক কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব দিয়েছেন তিনি।

প্রধানমন্ত্রী উল্লেখ করেছেন, প্রখ্যাত সংবিধান বিশেষজ্ঞ গ্র্যানভিল অস্টিন ভারতের সংবিধানকে ‘ফার্স্ট অ্যান্ড ফোরমোস্ট আ সোশ্যাল ডকুমেন্ট’ হিসেবে বর্ণনা করেছিলেন। তাঁর মতে, সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের চেতনা সংবিধানের মূলে রয়েছে এবং সংবিধান প্রণেতাদের সেই স্বপ্ন পূরণের পথে কাজ করাই সবচেয়ে বড় সন্তুষ্টির বিষয়।

দারিদ্র্যমুক্তি ও মর্যাদাপূর্ণ জীবন

প্রবন্ধে বিশ্বব্যাঙ্কের সাম্প্রতিক একটি প্রতিবেদনের উল্লেখ করে মোদী লিখেছেন, ভারতে প্রায় ৫০ কোটি মানুষ চরম দারিদ্র্য থেকে বেরিয়ে এসেছেন। প্রজন্মের পর প্রজন্ম ধরে চলা বঞ্চনা কাটিয়ে আজ বহু অভিভাবক সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের স্বপ্ন দেখতে পাচ্ছেন। প্রধানমন্ত্রী আবাস যোজনার মাধ্যমে কাঁচা বা অস্থায়ী ঘর থেকে পাকা বাড়িতে প্রবেশ করার মধ্য দিয়ে মর্যাদাপূর্ণ জীবনের সংবিধানসম্মত অঙ্গীকার বাস্তব রূপ পাচ্ছে বলে উল্লেখ করেছেন তিনি। পাশাপাশি উজ্জ্বলা যোজনা ধোঁয়াযুক্ত রান্নাঘর থেকে মায়েদের মুক্তি দিয়ে সাম্য ও জনকল্যাণের আদর্শকে এগিয়ে নিয়ে যাচ্ছে বলে দাবি করেছেন প্রধানমন্ত্রী।

সামাজিক ও অর্থনৈতিক ন্যায়বিচারের অন্যান্য দিক

আয়ুষ্মান ভারতের প্রসঙ্গ টেনে মোদী লিখেছেন, এর ফলে দরিদ্র পরিবারগুলো ঋণের বোঝা ছাড়াই উন্নত চিকিৎসার সুযোগ পাচ্ছে, যা সামাজিক ন্যায়বিচারের প্রতিফলন। মুদ্রা যোজনা ও পিএম স্বনিধির আওতায় ক্ষুদ্র উদ্যোক্তা এবং পথহকারদের জামানতবিহীন ঋণ পাওয়ার বিষয়টি অর্থনৈতিক ন্যায়বিচারের উদাহরণ বলে তুলে ধরেছেন তিনি। এ ছাড়া ডিজিটাল প্রযুক্তি, রুপে কার্ড ও ইউপিআই-এর মতো মাধ্যমের সর্বজনীন ব্যবহার অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের সংবিধানিক আদর্শকেই শক্তিশালী করেছে বলে মত তাঁর।

সংবিধান সংশোধন ও আইন সংস্কার

সরকারের গৃহীত সাংবিধানিক সংশোধনগুলোকেও একই দৃষ্টিভঙ্গিতে দেখার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী। তাঁর মতে, ১০১তম সংবিধান সংশোধনী দীর্ঘ প্রতীক্ষিত জিএসটি চালুর পথ প্রশস্ত করেছে এবং ১০২তম সংবিধান সংশোধনীর মাধ্যমে জাতীয় অনগ্রসর শ্রেণি কমিশন সাংবিধানিক মর্যাদা পেয়েছে। অন্যদিকে ১০৩তম সংবিধান সংশোধনী অর্থনৈতিকভাবে দুর্বল শ্রেণির জন্য ১০ শতাংশ সংরক্ষণের ব্যবস্থা করে আগে বঞ্চিত থাকা শ্রেণিগুলোকে উপকৃত করেছে বলে উল্লেখ করেছেন তিনি।

প্রধানমন্ত্রীর ভাষ্য অনুযায়ী, ১৯৫০ সালের পর প্রথমবার সংবিধানের হালনাগাদ সংস্করণ অষ্টম তফসিলভুক্ত ২২টি ভাষায় উপলব্ধ হয়েছে, যা সাধারণ মানুষের কাছে সংবিধানকে আরও সহজলভ্য করেছে। পাশাপাশি ১৮৬০-এর দশকের ঔপনিবেশিক দণ্ডবিধির পরিবর্তে ভারতীয় ন্যায় সংহিতা চালুর মাধ্যমে ফৌজদারি বিচারব্যবস্থায় শাস্তির বদলে নাগরিক-কেন্দ্রিক ন্যায়বিচারের উপর জোর দেওয়া হয়েছে বলে জানিয়েছেন তিনি।

নাগরিক কর্তব্য ও ঐতিহাসিক প্রসঙ্গ

গত এক দশকে নাগরিক কর্তব্যের উপর বিশেষ গুরুত্ব দেওয়ার কথা উল্লেখ করে মোদী লিখেছেন, স্বচ্ছ ভারত অভিযান থেকে শুরু করে জল ও পরিবেশ সংরক্ষণের মতো নানা গণআন্দোলনে দায়িত্ববোধের ছবি ফুটে উঠেছে। সবশেষে তিনি মন্তব্য করেছেন, ইতিহাসে এমন সময়ও এসেছে যখন সংবিধান রক্ষার দায়িত্বে থাকা ব্যক্তিরাই একে দুর্বল করার পথ বেছে নিয়েছিলেন—এবং যাঁরা দীর্ঘ পাঁচ দশক দেশ পরিচালনার সুযোগ পেয়েছেন, তাঁদের ক্ষেত্রেই এই বৈপরীত্য দেখা গেছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *