বিষাক্ত সীসার ধূলিকণা ছড়ানোর আশঙ্কা: আইওয়ায় ৫ টন বিস্ফোরক ওড়াতে চলেছে আমেরিকা

যুক্তরাষ্ট্রের আইওয়া রাজ্যে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে প্রায় ৫ টন বিপজ্জনক বিস্ফোরক ধ্বংস করার প্রস্তুতি নিচ্ছে মার্কিন সেনাবাহিনী। দীর্ঘদিন ধরে মজুত থাকা এই বিস্ফোরক পদার্থের অবস্থা খারাপ হয়ে যাওয়ায় তা নিজে থেকেই বিস্ফোরিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। এমনকি এটি অন্যত্র সরিয়ে নেওয়া বা পাত্র খোলার মতো কাজও বিপজ্জনক বলে মনে করা হচ্ছে। সে কারণেই ঘটনাস্থলে নিয়ন্ত্রিত উপায়ে বিস্ফোরণ ঘটিয়ে এটি ধ্বংস করার সিদ্ধান্ত নিয়েছে সামরিক বাহিনী।

আইওয়ার মিডলটাউনে অবস্থিত আইওয়া আর্মি অ্যামিউনিশন প্ল্যান্টে এই অভিযান চালানো হচ্ছে। জানা গেছে, প্রায় ৬৮টি ড্রামে ৪,৪০০ কিলোগ্রাম বা প্রায় ৫ টন লেড অ্যাজাইড রয়েছে, যা সামরিক অস্ত্র ও গোলাবারুদে বিস্ফোরণ ঘটাতে ব্যবহৃত হয়।

এই বিস্ফোরণকে কেন্দ্র করে সবচেয়ে বড় দুশ্চিন্তা তৈরি হয়েছে বিষাক্ত সীসার ধূলিকণা ছড়িয়ে পড়ার আশঙ্কায়। বাতাসের মাধ্যমে এই কণা আশপাশের এলাকায় ছড়িয়ে পড়লে শিশু, গর্ভবতী নারী এবং অসুস্থ ব্যক্তিদের স্বাস্থ্যের ওপর গুরুতর প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা করা হচ্ছে। পরিস্থিতির কথা মাথায় রেখে প্রশাসন নিকটবর্তী বাসিন্দাদের নিরাপদ স্থানে সরে যেতে অথবা ঘরের ভেতরে থাকতে পরামর্শ দিয়েছে। পাশাপাশি এই পদক্ষেপে উদ্বেগ প্রকাশ করেছে পরিবেশবাদী সংগঠনগুলোও।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *