হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার বার্তা, সীমান্তে বিএসএফ-এর সঙ্গে সম্পর্ক মজবুত করার নির্দেশ

রাসমেলার উদ্বোধনী মঞ্চ থেকে বাংলাদেশি মুসলিমদের অনুপ্রবেশ নিয়ে কড়া বার্তা মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। কোচবিহারের পুলিশ সুপার মণীশ জোশীকে তিনি নির্দেশ দিলেন, দ্রুত বাংলাদেশি অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে।
সেই সঙ্গে তাঁর বার্তা, “যে পথ দিয়ে বাংলাদেশি মুসলিমরা ভারতে এসেছে, সেই পথ দিয়েই ফেরত পাঠাব।” সেই সঙ্গে বিরোধী দলনেতা থাকাকালীন খাগড়াবাড়িতে তাঁর গাড়িতে হামলার অভিযোগের বিষয় নিয়েও হুঁশিয়ারি দিলেন শুভেন্দু।
এদিন শুভেন্দু বলেন, “পুলিশ সুপার শুনে রাখুন, এই জেলায় বাংলাদেশ থেকে অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীদের খুঁজে বের করতে হবে। যে রাস্তা দিয়ে এসেছে, ওই রাস্তা দিয়ে বের করতে হবে। আর যে হিন্দুরা ধর্ম বাঁচাতে, প্রাণ বাঁচাতে ভারতে এসেছেন, তাঁরা অনুপ্রবেশকারী নন, তাঁরা শরণার্থী। তাঁদের আশ্রয় দিতে হবে।”
রাজ্য পুলিশকে সীমান্তে বিএসএফ-এর সঙ্গে সম্পর্ক মজবুত করার বার্তাও দিয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি বলেন, “বর্ডারে বিএসএফ-এর সঙ্গে আরও নিবিড় সম্পর্ক গড়ে তুলতে হবে। জমি দিয়ে দিয়েছি। যেটুকু ফেন্সিং বাকি ছিল, সেটা দ্রুত শেষ করা হবে।” এই ইস্যুতে তিনি ফের একবার সীমান্তে মাদকপাচার, নারী নির্যাতন এবং অন্যান্য বেআইনি কার্যকলাপ বন্ধ করতে পুলিশ-প্রশাসনকে আরও কঠোর হতে নির্দেশ দিলেন শুভেন্দু।
তিনি বলেন, “বর্ডার এলাকায় অবৈধ মাদ্রাসা, গাঁজার চাষ, জাল নোট, ফেনসিডিল, মাদক সব পাচার বন্ধ করতে হবে।” রাজ্যে বিজেপির সরকার শপথ নেওয়ার পর মাদক পাচারের বিরুদ্ধে কড়াকড়ি পদক্ষেপ শুরু করেছে রাজ্য পুলিশ ও নার্কোটিস বিভাগের আধিকারিকরা। বিশেষ করে সীমান্ত এলাকায় অভিযান চালিয়ে বহু বেআইনি মাদকপাচার ও কারবার রুখেছে প্রশাসন।
এদিন সীমান্তে নারী নির্যাতনের ক্ষেত্রে ফের একবার ‘আঙুল ভেঙে’ দেওয়ার কথা বললেন শুভেন্দু অধিকারী। তাঁর বার্তা, “আর যদি আমার একটাও দিদি, বোন, কন্যার উপরে আঙুল ওঠে, তার আঙুলটা ভেঙে দিতে হবে।” সাম্প্রতিক সময়ে রাজ্যে নারী নির্যাতনের অভিযোগ অত্যাধিক মাত্রায় বৃদ্ধি পেয়েছে বলে অভিযোগ উঠেছে। এমনকি মহিলা ও শিশুদের উপর হওয়া নির্যাতনের ঘটনায় পুলিশের ‘এনকাউন্টার’-এর ঘটনাও সামনে এসেছে। সেই আবহে শুভেন্দুর এই বার্তা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।
কোচবিহারের সভা থেকে শুভেন্দু তাঁর বিরোধী দলনেতা থাকার সময় খাগড়াবাড়িতে হওয়া হামলার বিষয়টিও তুলে ধরেন। সেই ইস্যুতে শুভেন্দুর বার্তা, ‘উন্নয়নও হবে, হিসাবও হবে’। তিনি বলেন, “আমি অনেক সহ্য করেছি। আমার মনে আছে, খাগড়াবাড়িতে আমার গাড়িতে পেট্রল ঢালা হয়েছিল। ছবিগুলি আমার গোছানো আছে। উন্নয়নও হবে, হিসাবও হবে।”
- Pratik Saha
- অ্যাম্বুলেন্সে করে মৃতদেহ ভিরু জঙ্গলে নিয়ে পুঁতে ফেলা, এরপর নাবালক সন্তানদের নিয়ে থানায় নিখোঁজের অভিযোগ দায়ের November 26, 2026
- হিন্দু শরণার্থীদের আশ্রয় দেওয়ার বার্তা, সীমান্তে বিএসএফ-এর সঙ্গে সম্পর্ক মজবুত করার নির্দেশ November 26, 2026
- তদন্তে কতজন গ্রেফতার হয়েছে তা জানতে চাইল আদালত, মামলাকারী ও পরিবারের নিরাপত্তা নিশ্চিতের নির্দেশ November 26, 2026
- অনলাইনে কোথায় দেখবেন ফল? result.wb.gov.in-সহ একাধিক ওয়েবসাইটে মিলবে রেজাল্ট November 26, 2026
- সৃজলার ‘আই লাভ ইউ’ কার জন্য—জিতু না কি শন? দ্বিধাবিভক্ত সোশ্যাল মিডিয়া November 26, 2026