৫০ বছর আগে ঘৃণা ছড়ানো হয়েছিল’! নকশালবাড়ির মাটিতে কী বললেন রাজ্যপাল?

নকশাল আন্দোলনের আঁতুড়ঘর হিসেবে পরিচিত নকশালবাড়ির মাটিতে দাঁড়িয়ে মঙ্গলবার ভারতকে মাওবাদীমুক্ত বলে ঘোষণা করলেন রাজ্যপাল আরএন রবি। রাজ্যপাল জানান, একসময় সন্ত্রাসের কারণে নকশালবাড়ির বদনাম হয়েছিল; কিন্তু আজকের সম্পূর্ণ মাওবাদীমুক্ত ভারত বিকশিত হওয়ার পথে দ্রুত এগিয়ে চলেছে।

বিদ্যাভারতীর স্কুল পরিদর্শনের সূচনা

রাজ্যের বিদ্যাভারতী (বিদ্যাভারতী অখিল ভারতীয় শিক্ষা সংস্থান)-র অধীনস্থ বিদ্যালয়গুলো পরিদর্শনের যে কর্মসূচি রাজ্যপাল গ্রহণ করেছেন, নকশালবাড়ির সারদা বিদ্যামন্দির থেকেই তার আনুষ্ঠানিক সূচনা হল। এদিন আরএসএস পরিচালিত এই বিদ্যালয়ের প্রাঙ্গণে পৌঁছে তিনি শিক্ষার্থীদের সঙ্গে সরাসরি আলাপচারিতায় মেতে ওঠেন এবং বিদ্যাভারতী স্কুলে পড়াশোনার জন্য তাদের শুভেচ্ছা জানান।

নকশালবাড়ি প্রসঙ্গে রাজ্যপালের বক্তব্য

মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে কানু সান্যালের মতো নেতার অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে রাজ্যপাল বলেন, সারা বিশ্বের মানুষ নকশালবাড়ির কথা জানেন। তাঁর কথায়, আজ থেকে ৫০ বছর আগে নকশালবাড়িতে ঘৃণা ছড়িয়ে অনেক বড় হিংসার কাজ করা হয়েছিল এবং অনেক লোককে মারা হয়; এরপর সেই ঘৃণা সারা দেশে ছড়িয়ে পড়ে এবং পরের কয়েক দশক দেশের অন্তত এক তৃতীয়াংশে মাওবাদী কার্যকলাপ চলে।

রাজ্যপাল আরও বলেন, নকশালবাড়িতে হিংসার অবসান হয়েছে এবং এই পবিত্র ভূমিকে কুৎসিত বিচারধারার লোকেরা বদনাম করেছিল। আজ পুরো ভারত গর্বিত যে দেশ মাওবাদীমুক্ত হয়েছে বলে মন্তব্য করেন তিনি।

অতীত-বর্তমান তুলনা, উন্নয়ন ও পড়ুয়াদের বার্তা

স্বাধীনতার পর জাতির নামে দেশভাগের প্রসঙ্গ তুলে রাজ্যপাল উল্লেখ করেন, রাষ্ট্রবোধের অভাব দূর করতে পূর্বতন সরকারের কোনও সদর্থক ভূমিকা না থাকায় রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হয়েছিল এবং দীর্ঘদিন ‘গরিবি হটাও’ স্লোগান চললেও বাস্তবে কাজ হয়নি; তবে শেষ ১০ বছরে দারিদ্র্যসীমার নিচ থেকে প্রকৃত উন্নয়ন শুরু হয়ে সারা ভারতে নতুন জাগরণ ঘটেছে।

বিজ্ঞান ও প্রযুক্তির অগ্রগতির খতিয়ান তুলে ধরে তিনি জানান, উদ্ভাবন বা আবিষ্কারের নিরিখে দশ বছর আগে ভারত যেখানে বিশ্বে ৭৬ নম্বরে ছিল, আজ তা ছ’নম্বরে উঠে এসেছে। রামমন্দির নির্মাণের মধ্য দিয়েই নতুন ভারতের সূচনা হয়েছে বলেও মন্তব্য করেন রাজ্যপাল। পাশাপাশি রাজনীতির স্বার্থে ‘বন্দেমাতরম’-কে ভেঙে ফেলার আক্ষেপ করে তিনি বলেন, বর্তমানে গোটা ভারতের মানুষ একযোগে বন্দেমাতরম গাইছেন এবং এর মাধ্যমেই বিকশিত ভারত নির্মিত হবে।

প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বের প্রশংসা করে রাজ্যপাল জানান, প্রধানমন্ত্রী দেশের মানুষের মনের স্বর শুনতে পান বলেই দেশ প্রগতির পথে রয়েছে এবং আগামিদিনে ভারত বিশ্বে এক নম্বর স্থানে পৌঁছাবে—এই বিকশিত ভারত গঠনে যুবসমাজকে এগিয়ে আসার আহ্বান জানান তিনি। পাশাপাশি পড়ুয়াদের গণিতের প্রতি রুচি ও আগ্রহ বাড়ানোর বিশেষ বার্তাও দেন।

এদিনের অনুষ্ঠানে রাজ্যপালের সঙ্গে উপস্থিত ছিলেন দার্জিলিংয়ের সাংসদ রাজু বিস্তা, অর্থ ও পরিবহণ প্রতিমন্ত্রী আনন্দময় বর্মন, আইন প্রতিমন্ত্রী বিরাজ বিশ্বাসসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *