পর্যটনের মরসুমের শুরুতেই বড় চমক সুন্দরবনে: পিরখালিতে বাঘ দর্শনে খুশির হাওয়া গাইড ও ব্যবসায়ীদের

সুন্দরবন ভ্রমণে গিয়ে দক্ষিণরায়ের বিরল দর্শন পেয়ে আনন্দে ও উত্তেজনায় মেতে উঠলেন পর্যটকেরা। সুন্দরবনের অন্যতম পরিচিত জঙ্গল পিরখালি এলাকায় নদীখাঁড়ির পাড়ে হঠাৎই একটি রয়্যাল বেঙ্গল টাইগারকে দেখা যায়। পর্যটকদের লঞ্চ বা নৌকার খুব কাছাকাছি জঙ্গলের কিনারায় বাঘটিকে স্বচ্ছন্দে বিচরণ করতে দেখে মুহূর্তের মধ্যে রোমাঞ্চ ছড়িয়ে পড়ে।
স্থানীয় ও পর্যটন সূত্রে জানা গেছে, আবহাওয়া মনোরম থাকায় এখন সুন্দরবনে পর্যটকদের ভিড় ক্রমশ বাড়ছে। এদিন পিরখালির খাঁড়ি ধরে পর্যটকদের একটি দল জলপথে ভ্রমণ করার সময় হঠাৎই ম্যানগ্রোভের ঝোপের আড়াল থেকে বেরিয়ে আসে বাঘটি। বেশ কিছুক্ষণ নদীর পাড়ে দাঁড়িয়ে থাকার পর সেটি শান্তভাবে আবার গভীর জঙ্গলের ভেতরে মিলিয়ে যায়।
দক্ষিণরায়কে এত কাছ থেকে চাক্ষুষ করতে পেরে উচ্ছ্বসিত পর্যটকেরা দ্রুত সেই বিরল ও রোমাঞ্চকর মুহূর্ত নিজেদের মোবাইল ও ক্যামেরায় বন্দি করে রাখেন। ইতিমধ্যেই সেই ছবি ও ভিডিও সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়েছে। পর্যটনের ভরা মরসুমের শুরুতেই পিরখালিতে বাঘের দেখা মেলায় আগামী দিনগুলোতে সুন্দরবনে পর্যটকদের আনাগোনা আরও বাড়বে বলে আশাবাদী স্থানীয় পর্যটন ব্যবসায়ী ও গাইডরা।