তথ্যপ্রমাণের সঙ্গে অমিল টুলুর দেওয়া নামের! আসল ‘রাঘব বোয়াল’দের আড়ালের চেষ্টা?

বীরভূমে অবৈধ পাথর খাদান ও কারবারের তদন্তে নেমে নতুন জটিলতার মুখে রাজ্য গোয়েন্দা সংস্থা সিআইডি। সূত্রের খবর, এই মামলার অন্যতম গুরুত্বপূর্ণ চরিত্র টুলু মণ্ডল তদন্তকারীদের সঙ্গে ঠিকমতো সহযোগিতা করছেন না। সম্প্রতি সিআইডি-র জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়ে তিনি যে সমস্ত ব্যবসায়ীর নাম প্রকাশ করেছেন, তার সঙ্গে তদন্তকারীদের হাতে আসা তথ্যপ্রমাণের বিস্তর অমিল পাওয়া গিয়েছে। এই অসঙ্গতিকে ঘিরেই তদন্তে নতুন ধোঁয়াশা তৈরি হয়েছে।

তদন্তকারী সংস্থা সূত্রে জানা গেছে, বীরভূমের পাথর শিল্পাঞ্চলে বেআইনি খনন, পাচার এবং আর্থিক লেনদেনের শিকড় খুঁজতে টুলু মণ্ডলকে জেরা করা হয়েছিল। গোয়েন্দাদের আশা ছিল, তাঁর বয়ান থেকে এই চক্রের মূল মাথাদের সন্ধান মিলবে। কিন্তু অভিযোগ, জিজ্ঞাসাবাদের সময় টুলু একাধিক প্রশ্ন এড়িয়ে গিয়েছেন এবং বিভ্রান্তিকর তথ্য দেওয়ার চেষ্টা করেছেন।

বিশেষ করে, এই অবৈধ কারবারের সঙ্গে যুক্ত থাকা যে সব প্রভাবশালী ব্যবসায়ীদের নাম তিনি সিআইডি আধিকারিকদের জানিয়েছেন, তা গোয়েন্দাদের নিজস্ব তদন্তে উঠে আসা নামের তালিকার সঙ্গে মিলছে না। গোয়েন্দাদের অনুমান, প্রকৃত রাঘব বোয়ালদের আড়াল করতেই তিনি পরিকল্পিতভাবে অন্য কিছু নামের উল্লেখ করেছেন। তবে এর নেপথ্যে অন্য কোনো সমীকরণ রয়েছে কি না, তা নিয়েও কাটাছেঁড়া চলছে।

সিআইডি-র এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছেন, বয়ানের এই অসঙ্গতিগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে খতিয়ে দেখা হচ্ছে। টুলু মণ্ডলের দেওয়া নামের তালিকা এবং আগে থেকে সংগ্রহ করা নথিপত্র ও কল রেকর্ড মিলিয়ে দেখার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। তদন্তের স্বার্থে ও তথ্যের সত্যতা যাচাই করতে খুব শীঘ্রই টুলু মণ্ডলকে ফের ভবানীভবনে বা সিআইডি-র ক্যাম্প অফিসে তলব করা হতে পারে। সিআইডি-র ওই আধিকারিকের কথায়, “তদন্তের জন্য তাকে আবার ডাকা হতেই পারে।”

উল্লেখ্য, গত শুক্রবার ভবানীভবনে দুপুর থেকে রাত পর্যন্ত টুলু মণ্ডলকে ম্যারাথন জিজ্ঞাসাবাদ করে সিআইডি-র বিশেষ দল। তারপর শনিবার সকাল থেকেই তদন্তের পরবর্তী ধাপ শুরু করেন তদন্তকারীরা। টুলু মণ্ডলের কাছ থেকে পাওয়া সব তথ্য ও জমা দেওয়া নথিপত্র খতিয়ে দেখেই বিশেষ তদন্তকারী দলের আধিকারিকদের নজরে এই অসঙ্গতি ধরা পড়ে। সব মিলিয়ে, টুলুর অসহযোগিতার জেরে বীরভূমের পাথর কাণ্ডের তদন্ত এখন এক গুরুত্বপূর্ণ মোড়ে এসে দাঁড়িয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *