নীরব মোদি বা বিজয় মালিয়া হলে যেতে দিত”—লন্ডনযাত্রায় বাধা পেয়ে কেন্দ্রকে ধুয়ে দিলেন সৌরভ দাস

ককরোচ জনতা পার্টি (CJP)-র সহ-প্রতিষ্ঠাতা ও মুখপাত্র সৌরভ দাসকে দিল্লির ইন্দিরা গান্ধি আন্তর্জাতিক বিমানবন্দরে আটকে দেওয়ার অভিযোগ উঠেছে। সৌরভের দাবি, লন্ডন যাওয়ার উদ্দেশ্যে বিমানবন্দরের ইমিগ্রেশন চেক-ইন কাউন্টারে পৌঁছালে তাঁকে বাধা দেওয়া হয় এবং জানানো হয় যে ভারত সরকারের তরফে তাঁর পাসপোর্ট ‘ফ্ল্যাগড’ করা হয়েছে। এই ঘটনার পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকারকে ‘ভীত’ বলে তীব্র কটাক্ষ করেছেন তিনি।
কী নিয়ে অভিযোগ সৌরভ দাসের?
জানা গেছে, লন্ডনের অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের আমন্ত্রণে একটি প্যানেল আলোচনায় বক্তব্য দেওয়ার কথা ছিল সৌরভ দাসের। অক্সফোর্ডের ভারতীয় পড়ুয়ারা তাঁকে আমন্ত্রণ জানিয়েছিলেন সিজেপি-র আন্দোলন, দেশের শিক্ষা ব্যবস্থা, অর্থনীতি এবং সামগ্রিক পরিস্থিতি নিয়ে মতামত তুলে ধরার জন্য। সৌরভের অভিযোগ, বিদেশে গিয়ে দেশের প্রকৃত অবস্থা ও শিক্ষা-অর্থনীতির চিত্র যাতে তিনি তুলে ধরতে না পারেন, সে কারণেই তাঁকে দেশ ছাড়তে বাধা দেওয়া হয়েছে।
ইনস্টাগ্রামে পোস্ট ও তীব্র কটাক্ষ
ইনস্টাগ্রামের ‘সেভেন_শটস_’ অ্যাকাউন্ট থেকে শেয়ার করা একটি পোস্টে সৌরভ বলেন, “আমি এই মুহূর্তে দিল্লি আন্তর্জাতিক বিমানবন্দরে রয়েছি। লন্ডনের বিখ্যাত অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে যাচ্ছিলাম। সেখানকার ছাত্র সংসদের তরফে আমাকে আমন্ত্রণ জানানো হয়েছিল, একটি প্যানেল ডিসকাশনে লেকচার দেওয়ার জন্য। কিন্তু, আমাকে ইমিগ্রেশনে আটকে দেওয়া হয়। আমাকে লন্ডন যেতে দেওয়া হল না। কারণ, এই ‘ভীত’ সরকার এতটাই ভয় পেয়েছে যে আমার পাসপোর্ট ফ্ল্যাগ করে দিয়েছে।”
সরকারের উদ্দেশে তাঁর প্রশ্ন, দেশের একজন শিক্ষিত যুবক বিদেশের শিক্ষাপ্রতিষ্ঠানে গিয়ে বৌদ্ধিক আলোচনায় অংশ নিলে তাতে কী সমস্যা রয়েছে।
ব্যঙ্গ ও ‘স্কুল ঠিক করো’ প্রসঙ্গ
ব্যঙ্গাত্মক সুরে সিজেপি মুখপাত্র বলেন, “জীবনে খুব খারাপ করলাম আমি! যদি আমি নীরব মোদি হতে পারতাম, বিজয় মালিয়া হতাম! যদি আমি ব্যাঙ্ক থেকে হাজার কোটি টাকা লুট করে নিতাম, তাহলে এই সরকার আমাকে বিদেশে যেতে দিত।” তাঁর কথায়, এই ধরনের প্রবণতা বা গুন্ডাগিরি তাঁদের মধ্যে নেই বলেই বিদেশযাত্রায় বাধা দেওয়া হয়েছে।
অক্সফোর্ডের আমন্ত্রণ প্রসঙ্গে সৌরভ জানান, সেখানকার পড়ুয়ারা দেশের যুবসমাজের আন্দোলন সম্পর্কে জানতে চেয়েছিলেন। কেন্দ্রীয় সরকারকে শিক্ষা ও বিজ্ঞান-বিরোধী বলে অভিযুক্ত করে তিনি ‘স্কুল ঠিক করো’ কর্মসূচির কথা উল্লেখ করেন এবং দাবি করেন, পাসপোর্টের মতো নাগরিকত্বের গুরুত্বপূর্ণ নথিতে আঘাত হেনেও তাঁদের মনোবল ভাঙা যাবে না; বরং তা আরও বাড়বে।
মন্ত্রিসভা রদবদল নিয়েও নিশানা
এই ঘটনার সূত্র ধরে কেন্দ্রীয় মন্ত্রিসভায় রদবদল প্রসঙ্গেও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে নিশানা করেন সৌরভ দাস। তাঁর দাবি, সরকার ও প্রধানমন্ত্রীর এমনই বেহাল দশা যে মন্ত্রিসভা রদবদল করা যাচ্ছে না এবং মন্ত্রীরা ইস্তফা দিতে রাজি নন—ফলে যুবসমাজকে ভয় পাওয়াই স্বাভাবিক।