দুবাই পালাতে গিয়ে বিমানবন্দরে আটক, শেষে ইডির জালে! মহাদেব বেটিং অ্যাপে নতুন মোড়

মহাদেব বেটিং অ্যাপ মামলায় এবার দিল্লির এক আইনজীবীকে গ্রেফতার করল এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। ধৃতের নাম হিমাংশু শেখর (৪৩)। তাঁর বিরুদ্ধে অভিযোগ উঠেছে, বিচারক, সরকারি আইনজীবী এবং উচ্চপদস্থ সরকারি আধিকারিকদের প্রভাবিত করার প্রতিশ্রুতি দিয়ে মামলার মূল অভিযুক্ত সৌরভ চন্দ্রকরের কাছ থেকে তিনি ১৫ কোটি টাকারও বেশি আদায় করেছিলেন।

ইডি সূত্রে জানা গিয়েছে, গত ২০ নভেম্বর দুবাই যাওয়ার উদ্দেশ্যে মুম্বইয়ের ছত্রপতি শিবাজি মহারাজ আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছলে লুকআউট সার্কুলারের ভিত্তিতে অভিবাসন দফতরের আধিকারিকরা হিমাংশু শেখরকে আটক করেন। পরবর্তীতে তাঁকে রায়পুরে নিয়ে যাওয়া হয় এবং সোমবার জিজ্ঞাসাবাদের পর গ্রেফতার করে ইডি।

সোমবার রাতেই ধৃত আইনজীবীকে রায়পুরের বিশেষ আদালতে পেশ করা হয়। তদন্তের স্বার্থে আদালত তাঁকে আগামী ২৮ নভেম্বর পর্যন্ত ইডি হেফাজতের নির্দেশ দিয়েছে। মহাদেব বেটিং অ্যাপ সংক্রান্ত অর্থপাচার ও প্রভাব খাটানোর এই চক্রে আর কারা যুক্ত রয়েছে, হেফাজতে নিয়ে তা খতিয়ে দেখছেন তদন্তকারী আধিকারিকরা।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *