যুদ্ধে প্রায় ৪.৯০ লক্ষ রুশ সেনার মৃত্যু? ফাঁস হওয়া ডেটায় চাঞ্চল্য!

২০২২ সালের ফেব্রুয়ারি থেকে চলা রাশিয়া ও ইউক্রেনের যুদ্ধে রুশ বাহিনীর বড় ক্ষয়ক্ষতির তথ্য সামনে এসেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থার হ্যাক হওয়া নথি থেকে জানা গিয়েছে যে ২০২৬ সালের সেপ্টেম্বর পর্যন্ত যুদ্ধে প্রায় ৪.৯০ লক্ষ রুশ সেনার মৃত্যুর রেকর্ড নথিভুক্ত হয়েছে। তবে নিহত সেনার প্রকৃত সংখ্যা এর চেয়েও বেশি হতে পারে, কারণ অনেক সেনার মৃত্যুর তথ্য সরকারি ডেটাবেসে দেরিতে যুক্ত হয়।

জার্মান ম্যাগাজিন ডের স্পিগেল এবং রাশিয়ার একাধিক সংবাদমাধ্যম এই তথ্যের বিশ্লেষণ করেছে। রাশিয়ার সরকারি পরিসংখ্যান সংস্থা রসস্ট্যাটের সিস্টেম থেকে চুরি হওয়া নথি থেকেই এই পরিসংখ্যান পাওয়া গিয়েছে। সাইবার পার্টিজান্স এবং সাইলেন্ট ক্রো নামের হ্যাকার গোষ্ঠী রসস্ট্যাটের সিস্টেমে অনুপ্রবেশ করে ওই ডেটা হাতিয়েছিল বলে জানানো হয়েছে। বেলারুশের বিরোধী সংগঠন এবং ইউক্রেনপন্থী গোষ্ঠীর সঙ্গে এই দলগুলোর যোগসূত্র রয়েছে বলে দাবি করা হয়েছে।

হ্যাকাররা সরকারি সংস্থার ডেটাবেস থেকে মৃত্যু সংক্রান্ত নথি সংগ্রহ করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, যার মধ্যে ২০২৩ সালের জুন থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত রেকর্ড রয়েছে। মৃত্যুর কারণ, স্থান এবং ব্যক্তির পেশার মতো তথ্যের ভিত্তিতে সংবাদমাধ্যমগুলো সেনাদের মৃত্যুর হিসাব কষেছে। এই তথ্য অনুযায়ী, ২০২২ সালের ফেব্রুয়ারিতে যুদ্ধ শুরুর পর থেকে ২০২৬ সালের সেপ্টেম্বরের শেষ পর্যন্ত ৪.৯০ লক্ষের বেশি রুশ সেনার মৃত্যু নথিভুক্ত হয়েছে, যার মধ্যে যুদ্ধক্ষেত্রে মৃত্যুর পাশাপাশি আঘাত ও সামরিক অভিযানের সঙ্গে যুক্ত মৃত্যুর নথিও অন্তর্ভুক্ত রয়েছে।

রুশ সংবাদমাধ্যম মিডিয়াজোনা এবং মেদুজা হ্যাকারদের কাছ থেকে পাওয়া তথ্য যাচাই করেছে। চার ধরনের নথির মিলিয়ে এই পরীক্ষা চালানো হয়, যার মধ্যে ছিল মৃত সেনাদের নামের তালিকা, রাশিয়ার উত্তরাধিকার সংক্রান্ত রেকর্ড, নাগরিকদের মৃত্যুর অন্য ফাঁস হওয়া নথি এবং রসস্ট্যাটের পুরনো প্রকাশিত পরিসংখ্যান। তদন্তে দেখা যায়, ২৯ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত মৃত সেনাদের নামাবলিতে থাকা মৃত্যুর ৯৫.১ শতাংশের রেকর্ড হ্যাক হওয়া ডেটাবেসেও রয়েছে, যা এই তথ্যকে নির্ভরযোগ্য বলে মনে করার কারণ দিয়েছে।

নভেম্বরের শুরুতে নিজেদের সিস্টেমে সাইবার হামলার কথা স্বীকার করলেও তথ্য চুরির অভিযোগ অস্বীকার করেছে রসস্ট্যাট। অন্যদিকে ফাঁস হওয়া নথির ভিত্তিতে সংবাদমাধ্যমগুলো রুশ বাহিনীর ক্ষতির হিসাব তুলে ধরেছে। মার্কিন থিঙ্ক ট্যাঙ্ক সেন্টার ফর স্ট্র্যাটেজিক অ্যান্ড ইন্টারন্যাশনাল স্টাডিজ ২০২৬ সালের জুলাইয়ে অনুমান করেছিল যে যুদ্ধে ৪ থেকে ৪.৫০ লক্ষ রুশ সেনা নিহত হয়েছেন এবং ইউক্রেনের ১.২৫ থেকে ১.৫০ লক্ষ সেনার মৃত্যু হতে পারে। মিডিয়াজোনা এখন পর্যন্ত নামের ভিত্তিতে ২,৮৯,১৩৬ জন রুশ সেনার মৃত্যুর তথ্য নিশ্চিত করেছে, আর ইউক্রেনের ওয়েবসাইট ইউএ লসেসে ১,০৬,২৮৫ জন ইউক্রেনীয় সেনার মৃত্যুর হিসাব নথিভুক্ত রয়েছে। সংশ্লিষ্ট সংস্থাগুলোর মতে, এই তালিকাগুলোও সম্পূর্ণ নয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *