নিফ্টির ৪৫% উঁচুতে নিয়ে গেল ৫ শেয়ার! বাজারের আসল ছবিটা কী?

ভারতীয় শেয়ার বাজারে গত প্রায় দেড় মাস ধরে প্রাণ ফিরে এসেছে। নিফ্টি ৫০ সূচকের গতি দেখে মনে হতে পারে গোটা বাজারই ছুটছে, কিন্তু ভেতরের ছবিটা কিছুটা আলাদা। এই উত্থানের লাগাম রয়েছে হাতেগোনা কয়েকটি বড় শেয়ারের হাতে। ইটিআইজি-র পরিসংখ্যান অনুযায়ী, সূচকের প্রায় অর্ধেক উত্থান এসেছে মাত্র পাঁচটি বড় সংস্থার হাত ধরে।
৮ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে ৫০ শেয়ারের নিফ্টি ১৬ শতাংশ বেড়েছে এবং মোট ৩,৫৬৯ পয়েন্ট যোগ করেছে। এর মধ্যে একা পাঁচটি ব্লুচিপ শেয়ার আইসিআইসিআই ব্যাঙ্ক, এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ, ভারতী এয়ারটেল এবং এসবিআই মিলে ১,৬১৩ পয়েন্ট এনে দিয়েছে, যা নিফ্টির মোট বৃদ্ধির ৪৫ শতাংশ। সবচেয়ে বেশি প্রায় ৪৫০ পয়েন্ট দিয়েছে আইসিআইসিআই ব্যাঙ্ক। এরপর রয়েছে এইচডিএফসি ব্যাঙ্ক, রিলায়েন্স, এয়ারটেল এবং এসবিআই। নিফ্টির এই লাফে শীর্ষ ১০টি শেয়ারের অবদান ২,৩১৮ পয়েন্ট বা ৬৫ শতাংশ, আর শীর্ষ ১৫টি শেয়ার মিলে ২,৭২০ পয়েন্ট বা ৭৬ শতাংশ উত্থান এনেছে। বিশেষজ্ঞদের মতে, বহু বছরের নিম্ন ভ্যালুয়েশনে থাকায় রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ ও এইচডিএফসি ব্যাঙ্কে শক্তিশালী কেনাকাটা দেখা গিয়েছে।
৮ অক্টোবরের পর ভারতীয় বাজারে ফেরার পেছনে বৈশ্বিক সংকেতের বড় ভূমিকা রয়েছে। বিশ্বজুড়ে এআই বিনিয়োগ নিয়ে মনোভাব বদলেছে। ডেটা সেন্টারে বিপুল খরচের পরও মুনাফার ছবি স্পষ্ট না হওয়ায় এআই সংশ্লিষ্ট শেয়ার থেকে সরে এসেছেন লগ্নিকারীরা। তার সুফল পেয়েছে ভারত। তাইওয়ান ও দক্ষিণ কোরিয়ার মতো এআই বাজার থেকে তহবিল সরিয়ে ভারতের দিকে ঝুঁকেছে বৈশ্বিক ফান্ডগুলো। বিক্রির পর্ব কাটিয়ে ১৬ অক্টোবর থেকে ফের ক্রেতা হয়েছেন বিদেশি বিনিয়োগকারীরা। ১৬ অক্টোবর থেকে ২০ নভেম্বরের মধ্যে তাঁরা ভারতীয় বাজারে ১৪.৩৩ বিলিয়ন ডলার বা প্রায় ১.৪৩ লক্ষ কোটি টাকা বিনিয়োগ করেছেন। লার্জক্যাপ শেয়ারে তারল্য বেশি এবং বড় প্রতিষ্ঠানের অংশীদারিত্ব মজবুত থাকায় বিদেশি লগ্নিকারীরা সেগুলোকেই বেশি পছন্দ করেছেন।
কয়েকটি শেয়ারের ওপর নির্ভর করে এই উত্থানকে ঝুঁকি হিসেবে দেখছেন বিশ্লেষকেরা। মাস্টার ক্যাপিটাল সার্ভিসেসের চিফ রিসার্চ অফিসার রবি সিংয়ের মতে, লাভ কয়েকটি শেয়ারে সীমাবদ্ধ থাকা বাজারের জন্য বিপদের। বিভিন্ন খাতের আয় বাড়লে, প্রাতিষ্ঠানিক লগ্নি বজায় থাকলে এবং বৈশ্বিক অনিশ্চয়তা কমলে তবেই এই গতি টিকবে। বাড়তি ভ্যালুয়েশনের কারণে মাঝেমধ্যে সংশোধন আসতে পারে। ইকুইরাস সিকিউরিটিজের সিইও বিশদ তুরাখিয়া মনে করেন, অংশগ্রহণ বাড়ার ভালো ইঙ্গিত থাকলেও আপাতত সম্পদ সৃষ্টি লার্জক্যাপেই সীমাবদ্ধ। আয় বাড়ার পূর্বাভাস এবং লার্জক্যাপের পাশাপাশি মিডক্যাপে প্রাতিষ্ঠানিক সহায়তা এলে পরের ধাপের উত্থান আরও টেকসই হবে।