বাইরে থেকে আর ওষুধ কিনতে হবে না? সরকারি হাসপাতালকে কড়া নির্দেশ স্বাস্থ্যভবনের

সরকারি হাসপাতালে গিয়ে প্রয়োজনীয় ওষুধ বা চিকিৎসা সামগ্রী না পেয়ে রোগীর পরিজনদের বাইরে থেকে চড়া দামে ওষুধ কেনার অভিযোগ দীর্ঘদিনের। এবার সেই হয়রানি রুখতে বড়সড় পদক্ষেপ করল রাজ্য সরকার। স্বাস্থ্য দফতরের তরফে জারি করা নতুন নির্দেশিকায় সাফ জানানো হয়েছে, চিকিৎসকের লেখা কোনও ওষুধ বা চিকিৎসা সামগ্রী হাসপাতালের নির্ধারিত তালিকায় বা স্টকে না থাকলেও রোগীর পরিবারকে বাইরে থেকে কিনতে বলা যাবে না। বরং প্রয়োজনীয় ওষুধ বা সামগ্রী হাসপাতাল কর্তৃপক্ষকেই স্থানীয়ভাবে কিনে রোগীকে বিনামূল্যে দিতে হবে।

শুধু ওষুধ সরবরাহ নয়, সরকারি হাসপাতালের চিকিৎসকদের প্রেসক্রিপশন লেখার ক্ষেত্রেও কড়া নিয়ম বেঁধে দিয়েছে স্বাস্থ্যভবন। নতুন নির্দেশিকা অনুযায়ী, এখন থেকে কোনও চিরকুটে ওষুধ লিখে দেওয়া চলবে না। নির্দিষ্ট প্রেসক্রিপশনেই সমস্ত ওষুধ লিখতে হবে। সেই প্রেসক্রিপশনে স্পষ্টভাবে বড় হাতের অক্ষরে চিকিৎসকের নাম, রেজিস্ট্রেশন নম্বর এবং স্বাক্ষর থাকা বাধ্যতামূলক।

নির্দেশিকায় আরও বলা হয়েছে, প্রেসক্রিপশনে উল্লিখিত কোনও ওষুধ বা সামগ্রী যদি হাসপাতালের ভাঁড়ারে না থাকে, তবে সেই প্রেসক্রিপশন সুপার, নন-মেডিক্যাল ডেপুটি সুপার কিংবা অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেনডেন্টের কাছে পাঠাতে হবে। এরপর দ্রুত ওই ওষুধ বা সামগ্রীর বন্দোবস্ত করবে হাসপাতাল কর্তৃপক্ষ এবং রোগীর হাতে তা বিনামূল্যে তুলে দিতে হবে।

দীর্ঘদিন ধরেই সরকারি হাসপাতালগুলোতে জরুরি ওষুধের ঘাটতি এবং চিরকুটে ওষুধ লিখে বাইরে থেকে কেনার প্রবণতা নিয়ে ক্ষোভ ছিল রোগী ও তাঁদের পরিবারের মধ্যে। স্বাস্থ্য দফতরের এই নির্দেশ সেই সমস্যার স্থায়ী সমাধানের লক্ষ্যেই আনা হয়েছে বলে মনে করা হচ্ছে।

রাজ্যের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন বিশিষ্ট জনস্বাস্থ্য বিশেষজ্ঞ ডাঃ রজত বাসু। তাঁর কথায়, “এটা খুবই ভাল উদ্যোগ। হাসপাতালে জীবনদায়ী ওষুধ না থাকলে সেটা কিনে দেওয়াই উচিত। তাতে রোগীদের উপকারই হবে।”

তবে এই ব্যবস্থা বাস্তবায়নের ক্ষেত্রে গ্রামীণ পরিকাঠামো নিয়ে একটি আশঙ্কার কথাও তুলে ধরেছেন তিনি। ডাঃ বাসু বলেন, “শহরের হাসপাতালে ওষুধ কিনে দেওয়ার বিষয়টা খুব সহজে করা যাবে। এখানে লোকবল বেশি। তবে গ্রামের দিকে হাসপাতালে এই ব্যবস্থা চালু করার বেশ কিছু সমস্যা থাকতে পারে। সেখানে সাধারণ মানুষকে ঠিকঠাক গোটা বিষয়টা না বুঝিয়ে উঠতে পারলে সমস্যা হতে পারে। চিকিৎসক যেই ওষুধ লিখলেন, সেটা না পাওয়া গেলে আরও জটিলতা তৈরি হতে পারে।” সার্বিক সাফল্যের জন্য এই দিকগুলোও খতিয়ে দেখার পরামর্শ দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *