দ্বিতীয় সন্তানকে অস্বীকার নওয়াজুদ্দিনের, উঠল ডিএনএ টেস্টের দাবি!

বলিউড অভিনেতা নওয়াজুদ্দিন সিদ্দিকী ও তার স্ত্রী আলিয়া সিদ্দিকীর দাম্পত্য কলহ মারাত্মক আকার ধারণ করেছে। কয়েকদিন আগে নওয়াজ ও তার পরিবারের বিরুদ্ধে শারীরিক নির্যাতনের অভিযোগ এনেছিলেন আলিয়া।
এর মাঝেই আলিয়ার দাবি, তার দ্বিতীয় সন্তানকে অস্বীকার করছেন নওয়াজুদ্দিন। সেকারণে আদালতের দ্বারস্থ হয়েছেন তিনি। এমনকি নওয়াজের মা-ও এই সন্তানের পিতৃত্ব নিয়ে অস্বীকার করেছেন।

ভারতীয় গণমাধ্যম মারফত জানা গেছে, ২০০৪ সালে নওয়াজের সঙ্গে প্রথম পরিচয় হয় আলিয়ার। মুম্বাইয়ের একতা নগরে লিভ ইন শুরু করেন দুজনে। তাদের সম্পর্কের সাক্ষী অভিনেতার ভাই শামসুদ্দিন। কারণ, একই বাড়িতে থাকতেন তিনজনে। বছর ছয়েক লিভ ইনের পর ২০১০ সালে বিয়ে করেন। ২০১১ সালে প্রথম সন্তানের মা হন আলিয়া। সেই সময় নওয়াজের আয় বিশেষ ছিল না।

তাই সন্তান প্রসবের খরচ জোগাতে আলিয়া তার মায়ের ফ্ল্যাটটি বিক্রি করে দেন। নওয়াজকে ওই টাকা দিয়ে একটি গাড়িও কিনে দেন। যদিও নওয়াজের দাবি অনুযায়ী, প্রথম সন্তান জন্মের পরেই তাদের বিবাহবিচ্ছেদ হয়। তবে আলিয়ার দাবি, পরে আবার লিভ ইন শুরু করেন দুজনে। এরপর আলিয়ার কোল আলো করে আসে দ্বিতীয় সন্তান। আলিয়ার দাবি, ছোট ছেলেকে নিজের ছেলে হিসাবে মানতে নারাজ নওয়াজ। এমনকি ডিএনএ টেস্টও করাতে চান অভিনেতা।

স্ত্রী হিসেবে নওয়াজ কোনোদিনই তাকে যথাযথ সম্মান দেননি বলেও দাবি আলিয়ার। তার দাবি, ২০১৭ সাল থেকে তারা দুজনে আলাদা থাকতে শুরু করেন। ২০২০ সালে বিবাহবিচ্ছেদের মামলা করেন তিনি। তবে ২০২১ সালে মামলা প্রত্যাহার করেন আলিয়া। ২০২২ সালের শেষের দিক থেকে আরও একবার নওয়াজ ও আলিয়ার দাম্পত্যে ভাঙনের সুর শোনা যায়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *