জ্বালানি থেকে প্রতিরক্ষা—পুতিনের সঙ্গে বৈঠকে কী কী দাবি তুলবেন শাহবাজ শরীফ?

পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহবাজ শরীফ আগামী ৩০শে নভেম্বর থেকে তিন দিনের আনুষ্ঠানিক সফরে রাশিয়া যাচ্ছেন। প্রধানমন্ত্রী হিসেবে রাশিয়ায় এটিই হতে চলেছে তাঁর প্রথম আনুষ্ঠানিক সফর। এই সফরে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে তাঁর গুরুত্বপূর্ণ বৈঠক হওয়ার কথা রয়েছে। দুই দেশের মধ্যে জ্বালানি, প্রতিরক্ষা, বাণিজ্য, আঞ্চলিক নিরাপত্তা এবং বিনিয়োগের মতো ক্ষেত্রগুলিতে পারস্পরিক সহযোগিতা বাড়ানো নিয়ে আলোচনা হবে বলে জানা গেছে। রাশিয়ার সঙ্গে অর্থনৈতিক ও শিল্প সম্পর্ক আরও মজবুত করার লক্ষ্যেই ইসলামাবাদের এই উদ্যোগ।

পাকিস্তান স্টিল মিলস ও জ্বালানি খাতে বিনিয়োগের প্রত্যাশা

বৈঠকে দ্বিপাক্ষিক বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি দীর্ঘদিন ধরে বন্ধ থাকা ‘পাকিস্তান স্টিল মিলস’ পুনরায় চালু করার বিষয়টি বিশেষ গুরুত্ব পেতে চলেছে। রাশিয়ার সহায়তায় গড়ে ওঠা এই ঐতিহ্যবাহী ইস্পাত কারখানাটি পুনরুজ্জীবিত করতে মস্কোর কাছ থেকে কারিগরি ও আর্থিক সহযোগিতা চাইতে পারে পাকিস্তান। এ ছাড়া পাকিস্তানের তেল ও গ্যাস খাতে রুশ বিনিয়োগের সম্ভাবনা নিয়েও দুই নেতার মধ্যে কথা হতে পারে এবং বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরের আশা করছে ইসলামাবাদ।

রাশিয়া সফর শেষে ইরানে আঞ্চলিক সম্মেলনে যোগদান

রাশিয়ার সঙ্গে বর্ধিত সহযোগিতা দেশের শিল্পখাতকে চাঙ্গা করবে এবং জ্বালানি চাহিদা মেটাতে সাহায্য করবে বলে মনে করছে পাকিস্তান। মস্কো সফর শেষ করেই শাহবাজ শরীফ আগামী ৩ ও ৪ ডিসেম্বর তেহরানে অনুষ্ঠিতব্য ১৮তম অর্থনৈতিক সহযোগিতা সংস্থা (ইসিও)-র শীর্ষ সম্মেলনে যোগ দিতে ইরান সফরে যাবেন। সেখানে ১০টি সদস্য দেশের রাষ্ট্রনেতাদের উপস্থিতিতে আঞ্চলিক বাণিজ্য, পরিবহণ, যোগাযোগ ব্যবস্থা, জ্বালানি এবং শিল্প সহযোগিতা বৃদ্ধির বিষয়ে আলোচনা হবে। উল্লেখ্য, ২০২৬-২৭ মেয়াদে ইসিও-র সভাপতিত্ব গ্রহণ করতে চলেছে পাকিস্তান।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *