বাম আমল থেকে চলা নিয়মে বদল! এ বার প্রতি মাসেই বিদ্যুতের বিল, কবে থেকে চালু?

দীর্ঘদিনের নিয়মে বড়সড় বদল এনে রাজ্য বিদ্যুৎ পর্ষদ এলাকাতেও মাসিক বিদ্যুতের বিল চালুর ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সোমবার নবান্নে রাজ্য মন্ত্রিসভার বৈঠকের পর সাংবাদিক সম্মেলনে তিনি জানান, আগামী জানুয়ারি মাস থেকেই এই নতুন নিয়ম কার্যকর হবে। ফলে তিন মাস অন্তর নয়, এবার থেকে গ্রাহকদের প্রতি মাসেই বিদ্যুতের বিল মেটাতে হবে।

কবে থেকে চালু হচ্ছে মাসিক বিল?

মুখ্যমন্ত্রীর ঘোষণা অনুযায়ী, এতদিন শুধুমাত্র সিইএসসি এলাকায় মাসিক বিল মেটানোর ব্যবস্থা থাকলেও এবার রাজ্য সরকারের অধীনস্থ বিদ্যুৎ পর্ষদ এলাকাতেও তা চালু হচ্ছে। জানুয়ারি মাস থেকেই ত্রৈমাসিক বিলের বদলে প্রতি মাসে বিল দিতে হবে গ্রাহকদের। শুভেন্দু অধিকারী জানান, দীর্ঘদিন ধরেই গ্রাহকদের একটি বড় অংশ প্রতি মাসে বিল পাওয়ার দাবি জানিয়ে আসছিলেন। সরকার পরিবর্তনের পর গত জুলাই মাসে বিধানসভায় দেওয়া প্রতিশ্রুতি অনুযায়ীই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে দাবি করেন তিনি।

বিদ্যুতের ব্যবহার নিয়ে মন্তব্য

বিদ্যুৎ সংক্রান্ত প্রসঙ্গে মুখ্যমন্ত্রী বলেন, আগে রাজ্যে বিদ্যুৎ উদ্বৃত্ত হতো, কিন্তু গত ছ’মাসে বাণিজ্যিক ক্ষেত্রে বিদ্যুতের ব্যবহার বেড়েছে। এর ফলে রাজ্যকে এখন আগের তুলনায় বেশি বিদ্যুৎ কিনতে হচ্ছে বলে জানান তিনি।

নবান্নের অন্যান্য ঘোষণা

বিদ্যুতের বিলের পাশাপাশি এ দিনের সাংবাদিক বৈঠক থেকে একাধিক প্রশাসনিক ও জনকল্যাণমূলক সিদ্ধান্তের কথা তুলে ধরেন শুভেন্দু অধিকারী। তিনি জানান, বিভিন্ন দফতরে ১০,১৪৬টি পদে নিয়োগ করা হবে এবং ধাপে ধাপে এক লক্ষ নিয়োগের লক্ষ্যমাত্রা রয়েছে সরকারের। সরকারি চাকরির পরীক্ষায় আবেদন ফি তুলে নেওয়ার কথা জানিয়ে তিনি বলেন, পরীক্ষার সমস্ত খরচ বহন করবে রাজ্য সরকার; চাকরিপ্রার্থীদের কাছ থেকে টাকা নেওয়াকে “অপরাধ” ও “সঙ্কীর্ণতার পরিচয়” বলে মন্তব্য করেন মুখ্যমন্ত্রী।

পাশাপাশি যুব কল্যাণ দফতরের ‘ভরসা’ কর্মসূচির আওতায় স্নাতক বা সরকারি আইটিআই-প্রশিক্ষণরতদের মাসে ২,০০০ টাকা এবং যাঁরা স্নাতক নন তাঁদের মাসে ১,৫০০ টাকা করে ভাতা দেওয়ার কথাও জানান তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *