‘ডিডিএলজে’ আবারও মুক্তি পেয়ে ২ দিনে কত আয় করেছে? জেনেনিন বক্সঅফিস রিপোর্ট
শাহরুখ-কাজল জুটির তুমুল জনপ্রিয় সিনেমা ‘ডিডিএলজে’ (‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’) ২৮ বছর পর আবারও মুক্তি পেয়েছে। শাহরুখ খানের ক্যারিয়ারের অন্যতম সফল এ সিনেমা। ভালোবাসা দিবসের আগেই গত ১০ ফেব্রুয়ারি ভারতের বিভিন্ন প্রান্তে অনেক প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে ‘ডিডিএলজে’।
দীর্ঘ ২৮ বছর পর আবারও মুক্তি পেয়েছে এই সিনেমা। ব্যবসায়ীক দিক থেকে বক্স অফিসে কেমন প্রভাব ফেলল ‘ডিডিএলজে’? মাত্র ২ দিন হয়েছে ভারতের প্রেক্ষাগৃহে আবারও মুক্তি পেয়েছে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। বিশ্বভালোবাসা দিবসের সপ্তাহে দর্শকদের মধ্যে ভালোবাসা আরও বাড়িয়ে দিতে বিশেষ উদ্যোগ নিয়েছে যশরাজ ফিল্মস।
জানা গেছে, ভারতের ৩৭টি শহরের বিভিন্ন প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে এই সিনেমাটি। শুধু মুক্তিই পায়নি। তার সঙ্গে বক্স অফিস কালেকশনেও নজর কাড়ছে।
বিভিন্ন সূত্রে জানা গেছে, দুদিনে উল্লেখযোগ্য ব্যবসা করেছে। ট্রেড অ্যানালিস্টদের দেওয়া তথ্য অনুযায়ী দুদিনে প্রায় ২২.৫০ লাখ ব্যবসা করে ফেলেছে শাহরুখ খানের ‘ডিডিএলজে’। তাদের ধারণা ভালোবাসা দিবসে এই সিনেমার ব্যবসা আরও অনেকটা বাড়বে।
উল্লেখ্য, গত ১০ ফেব্রুয়ারি দেশের ৩৭টি শহরে মুক্তি পেয়েছে শাহরুখ-কাজলের চিরকালীন প্রেমের সিনেমা ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’। মুম্বাই, পুনে, আমদাবাদ, সুরাট, ভদোদরা, গুরুগ্রাম, ফরিদাবাদ, নয়ডা, লখনউ, দেহরাদুন, দিল্লি, চণ্ডীগড়, কলকাতা, গুয়াহাটি, বেঙ্গালুরু, হায়দারাবাদ, ইন্দৌর, চেন্নাই, ভেলোর, ত্রিভান্দ্রাম এবং আরও বেশ কিছু শহরে মুক্তি পেয়েছে এই সিনেমা।
আবারও প্রেক্ষাগৃহে ‘ডিডি এলজে’ সিনেমা মুক্তি পাওয়া প্রসঙ্গে যশরাজ ফিল্মসের ভাইস প্রেসিডেন্ট, ডিস্ট্রিবিউশন রোহন মালহোত্রা বলেন, ভারতীয় সিনেমার ইতিহাসে ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’ সবচেয়ে বেশি চলা সিনেমা। রোমান্টিক সব সিনেমার মধ্যে এটি অন্যতম। প্রজন্মের পর প্রজন্ম ধরে রোমান্টিক সিনেমা বলতে এটিকে মেনেছে। দর্শক এবং অনুরাগীরা বার বার আমাদের অনুরোধ করেছে।
রোহন মালহোত্রা আরও বলেন, একবছর ধরে তারা অনুরোধ করেছেন যে, সিনেমাটিকে বন্ধু এবং পরিবারের সঙ্গে প্রেক্ষাগৃহে তারা দেখতে চান। আর তাই চলতি বছর ভালোবাসা দিবস উপলক্ষে সিনেমাটি মুক্তি পেয়েছে। আমরা দর্শকদের ইচ্ছা পূরণ করেছি। ভারতের বিভিন্ন প্রান্তে ৩৭টি শহরে মুক্তি পেয়েছে এই সিনেমা। তিনি আরও বলেন, যশরাজ ফিল্মস এবং শাহরুখ খান শুধুই ভারতীয় সিনেমার জগতে ব্লকবাস্টার হিট সব সিনেমা উপহারই দেয়নি। তার সঙ্গে দর্শকদের ভারতীয় সিনেমার প্রতি আকর্ষণ বাড়িয়েছে।
এখনও প্রেক্ষাগৃহে চলছে ‘পাঠান’। একই প্রেক্ষাগৃহে মুক্তি পাচ্ছে ‘ডিডিএলজে’। এই প্রসঙ্গে রোহন মালহোত্রা বলছেন, এটা একটা অসাধারণ ঘটনা যে, ‘দিলওয়ালে দুলহনিয়া লে যায়েঙ্গে’
সর্বকালের সেরা ব্লকবাস্টার হিট সিনেমা যশরাজ ফিল্মসের। যা চলতি বছর ২৫ বছর উদযাপন করছে।
আর এরই মধ্যে একাধিক রেকর্ড ভেঙে দিয়েছে ‘পাঠান’। সেই সিনেমাও হিন্দি চলচ্চিত্রের ইতিহাসে সবচেয়ে বেশি ব্যবসা করা সিনেমা। যা ৫০ বছর উদযাপন করছে যশরাজ ফিল্মসের। আমরা এই দুই সিনেমাকে একসঙ্গে দর্শকদের দেখানোর জন্য উত্তেজনা অনুভব করছি।