কপালে ছোট ছোট দানা ভরাচ্ছে মুখ? এই সহজ অভ্যাসেই মসৃণ হবে ত্বক!

ত্বক বিশেষজ্ঞদের মতে, কপালে এমন ছোট দানা জমার পেছনে নানা কারণ থাকতে পারে। ত্বকের লোমকূপে অতিরিক্ত তেল, ঘাম, ধুলোবালি ও মৃত কোষ জমে গেলে রন্ধ্র বন্ধ হয়ে যায়। এ ছাড়া চুলের তেল, সিরাম বা কন্ডিশনার কপালে লেগে গেলেও অনেক সময় দানা দেখা দিতে পারে। ভারী মেকআপ বা তেলতেলে প্রসাধনীও এই সমস্যা বাড়িয়ে তোলে।
তবে রোজের যত্নে সামান্য কয়েকটি বদল আনলেই এই সমস্যা নিয়ন্ত্রণে রাখা সম্ভব। প্রথমত, দিনে অন্তত দুবার হালকা ফেসওয়াশ দিয়ে মুখ ধুয়ে নিতে হবে। সকালে ঘুম থেকে উঠে এবং রাতে ঘুমানোর আগে মুখ পরিষ্কার করলে জমে থাকা তেল ও ময়লা দূর হয়। ঘাম ঝরলে বা শরীরচর্চার পরেও মুখ ধুয়ে নেওয়া ভালো। খেয়াল রাখতে হবে, যেন জোরে ঘষে ত্বকে জ্বালা ধরানো না হয়।
চুলের প্রসাধনী নিয়ে সতর্ক থাকাও জরুরি। চুলে তেল বা স্টাইলিং পণ্য ব্যবহার করলে তা যেন কপালে না গড়ায়, সেদিকে নজর দিন। কন্ডিশনার ধোয়ার পর কপালের উপরের অংশ ভালো করে পরিষ্কার করুন এবং নিয়মিত বালিশের কভার বদলান।
ত্বক তৈলাক্ত হলেও ময়েশ্চারাইজার বাদ দেওয়া ঠিক নয়। বরং হালকা ও নন কমেডোজেনিক ময়েশ্চারাইজার ব্যবহার করুন, যা লোমকূপ বন্ধ না করেই ত্বকের আর্দ্রতা বজায় রাখে। প্রয়োজন হলে স্যালিসিলিক অ্যাসিডযুক্ত পণ্য ব্যবহার করা যেতে পারে, যা বন্ধ রন্ধ্র পরিষ্কার করতে সাহায্য করে। তবে একসঙ্গে অনেক নতুন প্রসাধনী না চাপিয়ে ত্বকের প্রতিক্রিয়া বুঝে এগোনোই ভালো। দানাগুলো নখ দিয়ে খোঁটার চেষ্টা করলে হিতে বিপরীত হতে পারে এবং ত্বকে দাগ পড়ে যেতে পারে। সমস্যা দীর্ঘদিন থাকলে বা আরও বাড়লে চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত।