মেয়াদ পেরোলেই কি ডিম ফেলে দেবেন? আসল সত্যিটা জানলে অবাক হবেন!

অনেক সময় ফ্রিজের কোণায় পড়ে থাকা ডিমের প্যাকেটের গায়ে লেখা বিক্রির মেয়াদ পেরিয়ে যায়। তখনই মনে প্রশ্ন জাগে, ডিমগুলো কি আদৌ খাওয়ার যোগ্য নাকি ফেলে দেওয়াই বুদ্ধিমানের কাজ। খাদ্য নিরাপত্তা বিশেষজ্ঞদের মতে, ডিমের গায়ে থাকা বিক্রির তারিখ মানেই সেটি সঙ্গে সঙ্গে নষ্ট বা বিষাক্ত হয়ে যায়, এমন নয়। ডিম কীভাবে সংরক্ষণ করা হয়েছে এবং তার অবস্থা কেমন, তার ওপরই নিরাপদ থাকা নির্ভর করে।
বিক্রির মেয়াদ বলতে কী বোঝায়
সাধারণত ডিমের কার্টন বা প্যাকেটে যে তারিখ লেখা থাকে, তা মূলত ডিমের সর্বোচ্চ সতেজতা ও মান বোঝাতে ব্যবহার করা হয়। দোকানদারদের স্টক ব্যবস্থাপনার সুবিধার জন্যই এই তারিখ নির্ধারণ করা হয়। ডিম যদি সঠিকভাবে ফ্রিজে রাখা হয়, তবে নির্ধারিত তারিখের পরও কয়েক দিন বা এমনকি কয়েক সপ্তাহ পর্যন্ত তা খাওয়ার উপযোগী থাকতে পারে। তবে সময় যত গড়ায়, ডিমের স্বাদ ও গঠনে সামান্য পরিবর্তন আসতে পারে।
ডিম ভালো আছে কি না বুঝবেন কীভাবে
মেয়াদ পেরিয়ে যাওয়া ডিম ব্যবহারের আগে তা ভালোভাবে যাচাই করে নেওয়া জরুরি।
-
গন্ধ পরীক্ষা করুন: ডিম ভাঙার পর যদি তীব্র বা পচা গন্ধ বের হয়, তবে তা একেবারেই খাবেন না। খোসা না ভাঙেই অনেক সময় বাজে গন্ধ টের পাওয়া যায়।
-
রঙ ও গঠন দেখুন: কুসুম বা সাদা অংশে অস্বাভাবিক রঙের পরিবর্তন, ছোপ বা কোনো ধরনের অস্বাভাবিকতা চোখে পড়লে সেটি বাদ দিন। খোসায় ফাটল বা চটচটে ভাব থাকলেও সতর্ক থাকা উচিত।
-
জলে ভাসিয়ে পরীক্ষা: একটি পাত্রে ঠান্ডা জল নিয়ে তাতে ডিম রাখুন। ডিম যদি তলায় ডুবে থাকে, তবে তা তুলনামূলকভাবে সতেজ। আর যদি পুরোপুরি ভেসে ওঠে, তবে সেটি বেশ পুরোনো হতে পারে। তবে জলে ভাসা মানেই যে ডিম নষ্ট, তা সবসময় নিশ্চিত নয়; গন্ধ ও চেহারাই আসল বিচারক।
সতর্কতা ও নিরাপদ ব্যবহার
পুরোনো ডিম রান্না করার ক্ষেত্রে ভালোভাবে সেদ্ধ বা ভেজে নেওয়া উচিত। কাঁচা বা আধা সেদ্ধ ডিম খাওয়া এড়িয়ে চললে ব্যাকটেরিয়া সংক্রমণের ঝুঁকি কমে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি, গর্ভবতী নারী বা যাঁদের রোগ প্রতিরোধ ক্ষমতা কম, তাঁদের ক্ষেত্রে মেয়াদোত্তীর্ণ বা পুরোনো ডিম এড়িয়ে চলাই নিরাপদ। সামান্য সন্দেহ হলেই ডিম ফেলে দেওয়ার অভ্যাস সুস্থ থাকার জন্য সবচেয়ে ভালো পথ।