পেটের মেদ বাড়ছে আর রাতে ঘুম উধাও? শরীরে লুকিয়ে থাকা ‘কর্টিসল’ বিপদের সংকেত দিচ্ছে না তো?

আমাদের দৈনন্দিন জীবনে মানসিক চাপ এবং ব্যস্ততা এখন নিত্যদিনের সঙ্গী। এই চাপের সরাসরি প্রভাব পড়ে আমাদের শরীরে নিঃসৃত হরমোনের ওপর। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ হল কর্টিসল, যা সাধারণভাবে ‘স্ট্রেস হরমোন’ নামে পরিচিত। বিপদের মুহূর্তে বা চাপের সময় শরীরকে সজাগ ও সক্রিয় রাখতে কর্টিসল সাহায্য করে। কিন্তু দীর্ঘদিন ধরে মানসিক চাপ চলতে থাকলে শরীরে এই হরমোনের মাত্রা স্বাভাবিকের তুলনায় বেড়ে যায়, যা নানা শারীরিক ও মানসিক সমস্যার জন্ম দেয়।
কর্টিসলের মাত্রা বাড়লে যে লক্ষণগুলো দেখা দেয়
শরীরে কর্টিসলের পরিমাণ দীর্ঘদিন বেশি থাকলে তা সহজেই কিছু উপসর্গের মাধ্যমে ধরা পড়ে।
-
ওজন বৃদ্ধি: বিশেষত পেট ও কোমরের আশেপাশে চর্বি জমতে শুরু করে। খাবারের পরিমাণ না বাড়ালেও কিংবা ডায়েট মেনে চলার পরেও ওজন কমতে চায় না।
-
ঘুমের সমস্যা: রাতে বিছানায় শুয়েও সহজে ঘুম আসে না, অথবা মাঝরাতে ঘুম ভেঙে যায়। পর্যাপ্ত সময় ঘুমানোর পরেও সকালে উঠলে ক্লান্তি ভাব থেকে যায়।
-
মেজাজের পরিবর্তন: সামান্য কারণেই খিটখিটে মেজাজ, উদ্বেগ বা মনখারাপের প্রবণতা দেখা দেয়। মনোযোগ ধরে রাখতেও অসুবিধা হয়।
-
ক্লান্তি ও দুর্বলতা: সারাদিন শরীরে এক ধরনের অবসাদ ও শক্তিহীনতা অনুভূত হতে পারে, বিশেষ করে দুপুরের দিকে।
-
হজম ও ত্বকের সমস্যা: গ্যাস, অম্বল বা পেটের গোলমালের পাশাপাশি ত্বকে ব্রণ বা রুক্ষতার মতো সমস্যাও দেখা দিতে পারে।
কীভাবে নিয়ন্ত্রণে রাখবেন কর্টিসল
কর্টিসলের মাত্রা স্বাভাবিক রাখতে জীবনযাত্রায় কিছু ইতিবাচক পরিবর্তন আনা জরুরি। প্রতিদিন নির্দিষ্ট সময়ে ঘুমানো ও ওঠার অভ্যাস গড়ে তুলুন এবং ঘুমানোর অন্তত এক ঘণ্টা আগে স্ক্রিন বা মোবাইলের ব্যবহার কমান। নিয়মিত হাঁটা, যোগব্যায়াম বা হালকা ব্যায়াম মানসিক চাপ কমাতে দারুণ কাজ করে। পাশাপাশি গভীর শ্বাস-প্রশ্বাসের অনুশীলন বা ধ্যান স্নায়ুতন্ত্রকে শান্ত রাখতে সাহায্য করে।
অতিরিক্ত ক্যাফেইন বা অতিরিক্ত চিনিযুক্ত খাবার এড়িয়ে চলা এবং সুষম খাদ্য গ্রহণ করাও হরমোনের ভারসাম্য বজায় রাখতে সহায়ক। তবে দীর্ঘদিন ধরে উপরের লক্ষণগুলো তীব্র আকার ধারণ করলে বা ওজন ও ঘুমের সমস্যা ক্রমশ বাড়তে থাকলে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেওয়া উচিত। প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষার মাধ্যমে সঠিক কারণ নির্ণয় করেই পদক্ষেপ করা শ্রেয়।