২৮ নভেম্বরের এসআই পরীক্ষা কি পিছোবে? নিয়োগ দুর্নীতির অভিযোগে গর্জে উঠলেন মেহবুবা মুফতি

জম্মু-কাশ্মীরে সরকারি চাকরির নিয়োগ পরীক্ষায় অনিয়মের অভিযোগ ঘিরে বিতর্ক ক্রমেই তীব্র হচ্ছে। এরই মাঝে প্রাক্তন মুখ্যমন্ত্রী ও পিডিপি প্রধান মেহবুবা মুফতি সরকার এবং জম্মু-কাশ্মীর সার্ভিসেস সিলেকশন বোর্ড বা জেডিকেএসএসবি-র ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন। তিনি ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট বা এফএএ পরীক্ষায় কথিত অনিয়মের স্বাধীন তদন্ত দাবি করেছেন। পাশাপাশি আগামী ২৮ নভেম্বর নির্ধারিত সাব-ইন্সপেক্টর বা এসআই নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার আবেদন জানিয়েছেন।
সোমবার শ্রীনগরে দলীয় সদর দপ্তরে এক সাংবাদিক বৈঠক করেন মেহবুবা মুফতি। ওই বৈঠকে জম্মু-কাশ্মীরের যুবসমাজকে নিশানা করার অভিযোগ তোলেন তিনি। মেহবুবা মুফতি বলেন, সাধারণত কোনও সরকার ক্ষমতায় থাকলে তাদের দৃষ্টি থাকে যুবসমাজের দিকে। কিন্তু জম্মু-কাশ্মীরে যুবসমাজই নিশানার মুখে পড়ছে। নিয়োগ প্রক্রিয়ার স্বচ্ছতা নিয়েও সংশয় প্রকাশ করেন তিনি।
নিয়োগ ও ভেরিফিকেশন প্রক্রিয়া নিয়ে প্রশ্ন
এফএএ পরীক্ষার প্রসঙ্গ টেনে মেহবুবা মুফতি বলেন, এসএসবি এফএএ পরীক্ষা নিয়েছিল, অথচ পুলিশের বক্তব্য অনুযায়ী এই ঘটনায় এসএসবি বোর্ডের কোনও যোগ নেই। তবে প্রশ্ন হল, সেই একই বোর্ড এত কম সময়ের মধ্যে সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষার প্রস্তুতি ও প্রক্রিয়া কীভাবে সেরে ফেলল? এই নিয়ে প্রশ্ন তুলে মুফতি বলেন, জম্মু-কাশ্মীরের যুবকদের সঙ্গে কী ঘটছে তা খতিয়ে দেখা উচিত।
সংরক্ষণ এবং নিয়োগের পরবর্তী ভেরিফিকেশন প্রক্রিয়ার প্রসঙ্গও তুলে ধরেন তিনি। তাঁর কথায়, সংরক্ষণ সংক্রান্ত জটিলতা সকলেরই জানা, ওপেন মেরিট বা ওএম শ্রেণির প্রার্থীরা এই ইস্যুতে তীব্র ক্ষুব্ধ। অন্যদিকে, আরেকটি বড় সমস্যা হল ভেরিফিকেশন। একাধিক প্রার্থীর নিয়োগ হয়ে গেলেও দীর্ঘদিন ধরে তাঁদের ভেরিফিকেশন প্রক্রিয়া শেষ হয়নি।
এ প্রসঙ্গে এক প্রার্থীর উদাহরণ দেন প্রাক্তন মুখ্যমন্ত্রী। তিনি জানান, এক ব্যক্তি তাঁকে বলেছেন যে তাঁর নিয়োগ হয়েছিল ২০২৩ সালে, কিন্তু এখনও তাঁর ভেরিফিকেশন অসম্পূর্ণ রয়েছে। মেহবুবার দাবি, প্রার্থী এবং তাঁদের আত্মীয়স্বজনদের বিভিন্ন থানায় ডেকে পাঠানো হচ্ছে।
মুখ্যমন্ত্রীর নীরবতা নিয়ে প্রশ্ন, এসআই পরীক্ষা বাতিলের দাবি
মুখ্যমন্ত্রী উমর আবদুল্লার নীরবতা নিয়েও প্রশ্ন তোলেন মেহবুবা মুফতি। তিনি জানতে চান, মুখ্যমন্ত্রী আগে যখন এসএসবি নিয়ে পর্যালোচনা বৈঠক করেছিলেন, তখন এখন এই বিষয়ে তিনি চুপ কেন? মেহবুবার বক্তব্য, মুখ্যমন্ত্রী বলছেন বিষয়টি উপরাজ্যপালের এক্তিয়ারভুক্ত। কিন্তু সাম্প্রতিক সময়ে পাইলট বদলির মতো বিষয়ে যদি তিনি উপরাজ্যপালের সঙ্গে বৈঠক করতে পারেন, তবে এই ইস্যুতে বৈঠক করছেন না কেন?
২৮ নভেম্বরের সাব-ইন্সপেক্টর নিয়োগ পরীক্ষা স্থগিত রাখার দাবি জানান তিনি। মেহবুবার মতে, ফিনান্সিয়াল অ্যাকাউন্টস অ্যাসিস্ট্যান্ট পরীক্ষার কথিত অনিয়মের স্বাধীন তদন্ত হওয়া জরুরি, যাতে প্রার্থীরা ন্যায়বিচার পান। তাঁর হুঁশিয়ারি, নিয়োগ সংক্রান্ত এ ধরনের কেলেঙ্কারি জম্মু-কাশ্মীরের যুবসমাজকে শেষ করে দেবে, কারণ অতীতে কারচুপির ঘটনা এই অঞ্চলের কবরস্থান ভরিয়ে দিয়েছে।