চিকিৎসকের গায়ে হাত বা ভাঙচুর? ৩ বছরের জেল ও ৫০ হাজার জরিমানা! কড়া নির্দেশ স্বাস্থ্য দফতরের

চিকিৎসক ও স্বাস্থ্যকর্মীদের ওপর হামলা এবং হাসপাতালে ভাঙচুরের ঘটনা রুখতে কড়া নির্দেশিকা জারি করল স্বাস্থ্য দফতর। নতুন নির্দেশ অনুযায়ী, চিকিৎসকের গায়ে হাত তোলা বা হাসপাতালে ভাঙচুর চালালে জামিন অযোগ্য ধারায় মামলা দায়ের করা হবে। পাশাপাশি অভিযুক্তের ৫০ হাজার টাকা পর্যন্ত জরিমানা এবং সর্বোচ্চ তিন বছরের কারাদণ্ডের বিধান রয়েছে বলে স্বাস্থ্যভবন সূত্রে জানা গিয়েছে।
কঠোরভাবে লাগু ২০০৯ সালের আইন স্বাস্থ্য দফতরের নতুন নির্দেশিকায় জানানো হয়েছে, ২০০৯ সালের ‘ওয়েস্ট বেঙ্গল মেডিকেয়ার সার্ভিস পার্সন্স অ্যান্ড মেডিকেয়ার সার্ভিস ইন্সটিটিউশন অ্যাক্ট’ আরও কঠোরভাবে কার্যকর করা হচ্ছে। চিকিৎসক, নার্স, স্বাস্থ্যকর্মী কিংবা হাসপাতালের পরিকাঠামোর ওপর কোনো রকম আক্রমণ হলে তা এই আইনের আওতায় কড়াভাবে মোকাবিলা করা হবে।
স্বাগত জানাল চিকিৎসক ও বেসরকারি হাসপাতাল সংগঠন স্বাস্থ্য দফতরের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে চিকিৎসক ও হাসপাতাল পরিচালকদের বিভিন্ন সংগঠন। অ্যাসোসিয়েশন অফ প্রাইভেট হসপিটাল অ্যান্ড নার্সিংহোমের পক্ষ থেকে ডা. রাজীব পাণ্ডে বলেন, চিকিৎসক ও নার্সিংহোম মালিকদের সংগঠন দীর্ঘদিন ধরেই এই বিষয়ে সরব ছিল। তাঁর অভিযোগ, অতীতে প্রচুর ভাঙচুরের ঘটনা ঘটলেও ২০০৯ সালের আইনটি ঠিকভাবে বলবৎ করা হয়নি; নতুন সরকার আসার পর তাঁদের অ্যাসোসিয়েশনের তরফে দু’বার চিঠি পাঠানো হয়েছিল এবং স্বাস্থ্যমন্ত্রীর কাছে দাবি জানানো হয়েছিল। এই নির্দেশিকার ফলে স্বাস্থ্যকর্মীদের সুরক্ষা বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।
বিজেপি ডক্টর্স সেল ও অন্যান্য সংগঠনের প্রতিক্রিয়া এই উদ্যোগকে সমর্থন জানিয়ে বিজেপি ডক্টর্স সেলের ডা. তন্ময় মুখোপাধ্যায় বলেন, ২০০৯ সালে আইন এলেও পূর্ববর্তী বাম ও তৃণমূল আমলে হাসপাতালে ভাঙচুর ও নিগ্রহের একাধিক ঘটনায় আইনটি কার্যকর করা হয়নি—এনআরএস থেকে আরজি কর প্রসঙ্গও টানেন তিনি। তাঁর দাবি, বর্তমান প্রশাসন হাসপাতাল ভাঙচুর বা স্বাস্থ্যকর্মীদের নিগ্রহের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি নিচ্ছে এবং সেই কারণেই পুরনো আইনকে নতুন করে সক্রিয় করা হয়েছে।
অন্যদিকে, অ্যাসোসিয়েশন অব হেলথ সার্ভিস ডক্টর্সের তরফে ডা. উৎপল বন্দ্যোপাধ্যায় বলেন, অতীতে বারবার দাবি জানানো সত্ত্বেও আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হয়নি। নতুন করে আইন প্রয়োগের সিদ্ধান্তকে স্বাগত জানালেও সাম্প্রতিক সময়ে স্বাস্থ্যকর্মীদের ওপর মানসিক ও শারীরিক আক্রমণ, হাসপাতাল ভাঙচুর এবং মেডিক্যাল কলেজে বহিরাগতদের হামলার ঘটনা উল্লেখ করে প্রতিটি ক্ষেত্রেই এই আইন অনুযায়ী কঠোর ব্যবস্থা নেওয়ার আশা প্রকাশ করেন তিনি।