টেস্ট ক্রিকেটেও এবার ফ্রি হিট? বড় ইঙ্গিত দিল এমসিসি, বদলে যাবে খেলার চেনা ছবি!

এবার কি টেস্ট ক্রিকেটেও চালু হবে ফ্রি হিট? এই সম্ভাবনা একেবারে উড়িয়ে দিচ্ছে না মেরিলিবোর্ন ক্রিকেট ক্লাব বা এমসিসি। টেস্ট ক্রিকেটে বেশ কিছু পরিবর্তন আনার বিষয়ে আলোচনা চলছে বলে জানা গেছে। তাই ভবিষ্যতে টেস্টেও ফ্রি হিট চালুর পথ খুলে যেতে পারে বলে জানিয়েছেন এমসিসির হেড অফ ক্রিকেট ফ্রেজার স্টুয়ার্ট।
বর্তমানে সীমিত ওভারের ক্রিকেটে ফ্রি হিটের নিয়ম চালু রয়েছে। নো-বল হলে পরবর্তী ডেলিভারিতে ব্যাটারকে সাধারণত বোল্ড, ক্যাচ, এলবিডব্লিউ বা স্টাম্পড করা যায় না; কেবল রান আউটের সুযোগ থাকে। বোলারদের ভুলের শাস্তি হিসেবেই মূলত এই নিয়ম আনা হয়েছিল। বিশেষ করে ক্রিজের বাইরে পা ফেলা বা কোমরের উচ্চতায় ফুলটস বল করার ক্ষেত্রে এই নিয়ম কার্যকর ভূমিকা পালন করে। তবে টেস্ট ক্রিকেটে এখনো ফ্রি হিটের প্রচলন নেই।
কী বললেন ফ্রেজার স্টুয়ার্ট?
এই প্রসঙ্গে ফ্রেজার স্টুয়ার্ট জানিয়েছেন, বর্তমানে টেস্ট ক্রিকেটে ফ্রি হিটের কোনো ব্যবস্থা নেই এবং বিষয়টি নিয়ে ভাবনাচিন্তা চলছে। সব ধরনের ক্রিকেটে ফ্রি হিট চালু করার চূড়ান্ত সিদ্ধান্ত এখনো নেওয়া হয়নি, তবে আগামী দিনে কী হতে পারে তা এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না।
ব্যাটার আউট হওয়ার পর নতুন ব্যাটারকেই পরের বল খেলার নিয়ম নিয়েও কথা বলেছেন স্টুয়ার্ট। আগে ক্যাচ ধরার সময় দুই ব্যাটার প্রান্ত বদল করলে নন-স্ট্রাইকার প্রান্তের ব্যাটার স্ট্রাইকে আসতেন, কিন্তু সেই নিয়মে বদল এসেছে। স্টুয়ার্টের কথায়, তিনি দীর্ঘদিন ধরেই এই পরিবর্তনের পক্ষে ছিলেন। ২০২০ সালে দ্য হান্ড্রেড প্রতিযোগিতার আয়োজকরা এমসিসির সঙ্গে যোগাযোগ করার পর বিষয়টি আরও বেশি গুরুত্ব পায়।
আঞ্চলিক ভাষায় ক্রিকেটের নিয়ম
নিয়ম বদলের পাশাপাশি সাধারণ মানুষের কাছে ক্রিকেটের আইন আরও সহজভাবে পৌঁছে দেওয়ার উদ্যোগ নিয়েছে এমসিসি। বিভিন্ন আঞ্চলিক ভাষায় ক্রিকেটের নিয়মকানুন অনুবাদ করা হচ্ছে এবং ভারতে গত অক্টোবর মাসে এই অনুবাদগুলো প্রকাশ করা হয়েছে।
ইংরেজির পাশাপাশি এখন হিন্দি, উর্দু, কন্নড়, বাংলা ও মারাঠি ভাষায় ক্রিকেটের আইন পাওয়া যাচ্ছে। পাশাপাশি শ্রীলঙ্কায় দুটি ভাষায় এই আইন প্রকাশ করার পরিকল্পনাও রয়েছে স্টুয়ার্টের। তাঁর বক্তব্য, ক্রিকেটকে সবার কাছে পৌঁছে দেওয়া এমসিসির দায়িত্ব। ক্রিকেটের নিয়ম বেশ জটিল, আর মাতৃভাষা ইংরেজি না হলে সেই নিয়ম বুঝতে আরও কঠিন লাগে। তাই আইনগুলো সহজ করার চেষ্টা করা হচ্ছে। অন্যদিকে, টেস্ট ক্রিকেটে ফ্রি হিট চালু হলে এই ফরম্যাটের আকর্ষণ আরও বাড়বে বলেই মনে করছে ক্রিকেটমহল।