২০২৭ সালে রাজবীর দেওলের সঙ্গে বিয়ের পিঁড়িতে বসছেন সারা তেন্ডুলকর? জানুন আসল সত্যিটা

২০২৭ সালেই নাকি বিয়ের পিঁড়িতে বসছেন শচীন তেন্ডুলকরের মেয়ে সারা তেন্ডুলকর। পাত্র হিসেবে উঠে এসেছে বলিউড অভিনেতা সানি দেওলের ছোট ছেলে রাজবীর দেওলের নাম। সম্প্রতি সামাজিক মাধ্যমে এমনই গুঞ্জন ছড়িয়ে পড়ে। একাধিক পোস্টে দাবি করা হয় যে, একটি পার্টিতে আলাপ হওয়ার পর সারা ও রাজবীরের মধ্যে ঘনিষ্ঠতা বেড়েছে এবং রাজবীর নাকি সারাকে দামি উপহারও পাঠাচ্ছেন। তবে এই খবরের সত্যতা নিয়ে বড় প্রশ্ন উঠেছে।

বিষয়টির সঙ্গে যুক্ত এক ঘনিষ্ঠ সূত্র এই দাবিকে পুরোপুরি নাকচ করে দিয়েছে। ওই সূত্রের মতে, এই রটনার কোনও ভিত্তি নেই এবং তেন্ডুলকর পরিবারের পক্ষ থেকে এমন কোনও ঘোষণা বা নিশ্চয়তা দেওয়া হয়নি। সংবাদ সংস্থা আইএএনএস-এর প্রতিবেদন অনুযায়ী, পরিবারের ঘনিষ্ঠ মহল থেকে স্পষ্ট জানানো হয়েছে যে সারা ও রাজবীরের বিয়ে নিয়ে যে খবরগুলো ঘুরছে, তা সম্পূর্ণ ভিত্তিহীন। এমনকি যার সঙ্গে সারার নাম জড়িয়ে কথা হচ্ছে, তাঁর সঙ্গে সারার দেখাই হয়নি বলে দাবি করা হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রটি আরও জানিয়েছে, এই ঘটনা আবারও দেখিয়ে দিল যে ডিজিটাল দুনিয়ায় ভুল তথ্য কত দ্রুত ছড়িয়ে পড়তে পারে। কোনও যাচাই ছাড়াই সামাজিক মাধ্যমে একটি পোস্ট বারবার ভাগ করা হলে তা অনেক সময় আসল খবরের মতো চেহারা নেয়। ধারণা করা হচ্ছে, রেডিটসহ বিভিন্ন সামাজিক মাধ্যম থেকেই এই জল্পনার শুরু, যা পরে অন্যত্র ছড়িয়ে পড়ে। এখন পর্যন্ত এই দাবির পক্ষে কোনও নির্ভরযোগ্য প্রমাণ মেলেনি।

ভাইরাল হওয়া পোস্টগুলোতে দাবি করা হয়েছিল, ২০২৭ সালে সানি দেওলের ছেলেকে বিয়ে করবেন সারা। এর ফলে ক্রিকেট ও বলিউড পরিবারের মধ্যে সম্ভাব্য যোগসূত্র নিয়ে নানা আলোচনা শুরু হয়েছিল। দামি উপহার পাঠানোর কথাও তাতে লেখা ছিল। কিন্তু তেন্ডুলকর কিংবা দেওল, কোনও পরিবার থেকেই এ বিষয়ে কোনও সত্যতা স্বীকার করা হয়নি।

ব্যক্তিগত জীবনের এই গুঞ্জনের মাঝেও সারা ও রাজবীর দুজনেই নিজেদের কাজ নিয়ে ব্যস্ত রয়েছেন। সারা বর্তমানে শচীন তেন্ডুলকার ফাউন্ডেশনের ডিরেক্টর হিসেবে কাজ করছেন। এই সংস্থার মাধ্যমে তিনি আদিবাসী শিশুদের শিক্ষা, খেলাধুলা ও স্বাস্থ্যসেবার মানোন্নয়নে যুক্ত। লন্ডন থেকে ক্লিনিক্যাল অ্যান্ড পাবলিক হেলথ নিউট্রিশনে স্নাতকোত্তর শেষ করার পর সারা মুম্বইয়ে নিজের ফিটনেস স্টুডিয়ো ‘পাইলেটস অ্যাকাডেমি এক্স সারা টেন্ডুলকার’ পরিচালনা করছেন।

অন্যদিকে, ২০২৩ সালে ‘দোনো’ ছবির মাধ্যমে বলিউডে পা রাখার পর রাজবীর এখন তাঁর দ্বিতীয় সিনেমার প্রস্তুতি নিচ্ছেন। শোনা যাচ্ছে, বাবা সানি দেওল তাঁর ১৯৮৫ সালের আলোচিত অ্যাকশন ছবি ‘অর্জুন’-এর সিক্যুয়েল বা রিমেক তৈরির পরিকল্পনা করছেন। নতুন অ্যাকশন ঘরানায় রাজবীরকে দর্শকের সামনে আনার কাজ চলছে বলে জানা গেছে, যদিও এ নিয়ে আনুষ্ঠানিক ঘোষণা এখনও আসেনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *