ঢাকায় পরপর বিস্ফোরণ, ইউনুসের বাড়িতে আগুন! অশান্ত বাংলাদেশে এবার কড়া বার্তা তারেকের

শেখ হাসিনার প্রত্যাবর্তন ঘিরে জল্পনা এবং রাজনৈতিক সংঘাতের আবহে ফের উত্তপ্ত হয়ে উঠেছে বাংলাদেশ। ঢাকা-সহ দেশের বিভিন্ন প্রান্তে বিএনপি, জামাত এবং আওয়ামি লিগের মধ্যে সংঘর্ষ ও অস্থিরতার খবর সামনে এসেছে। একাধিক জায়গায় বাড়ি ও দোকানে অগ্নিসংযোগ এবং ভাঙচুরের ঘটনা ঘটেছে। ওপার বাংলার এই অস্থির পরিস্থিতিতে উদ্বেগ প্রকাশ করে কেন্দ্রীয় বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করার কথা জানিয়েছেন শুভেন্দু অধিকারী।

তাঁর বক্তব্য, “প্রতিবেশী রাষ্ট্র, আমি প্রতিবেশী দেশের মুখ্যমন্ত্রী। আমি উদ্বিগ্ন, এর প্রতিক্রিয়া পশ্চিমবঙ্গে হচ্ছে। বিদেশমন্ত্রী এস জয়শঙ্করের সঙ্গে যোগাযোগ করব। এখানে অনেকের আত্মীয়স্বজন থাকেন, তাঁরাও বিচলিত।”

স্থানীয় ও পুলিশ সূত্রের খবর অনুযায়ী, ভোররাতে ঢাকার বিভিন্ন এলাকায় পরপর বিস্ফোরণের ঘটনা ঘটেছে। পাশাপাশি কয়েকটি স্থানে অগ্নিসংযোগ ও ভাঙচুর চালানো হয় এবং এতে অন্তত চারজন আহত হয়েছেন বলে জানা গেছে। এরই মধ্যে চট্টগ্রামে প্রাক্তন অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনুসের পৈতৃক বাড়িতে আগুন লাগানোর অভিযোগ উঠেছে দুষ্কৃতীদের বিরুদ্ধে। দেশের বিভিন্ন এলাকায় গ্রামীণ ব্যাঙ্কের একাধিক শাখাতেও অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে বলে খবর। এর মাঝে ‘লকডাউন’ কর্মসূচির ডাক দিয়েছে আওয়ামি লিগ।

অন্যদিকে, বাংলাদেশে আওয়ামি লিগের প্রত্যাবর্তন রুখতে সব রাজনৈতিক দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সংসদে দাঁড়িয়ে তিনি মন্তব্য করেন যে, আওয়ামি লিগের কর্মীরা ফের সন্ত্রাসমূলক কর্মকাণ্ড শুরু করেছে। জুলাইয়ের ছাত্র আন্দোলনের মতো একজোট হয়ে এই ষড়যন্ত্র প্রতিহত করার ডাক দিয়েছেন তিনি।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *