একসময় ভেঙে ফেলা হয়েছিল গোটা হাওড়া স্টেশন! সামনে এল রেলের অজানা ইতিহাস

হাওড়া ও শিয়ালদার মতো ব্যস্ত স্টেশন থেকে প্রতি কয়েক মিনিট অন্তর হাজার হাজার যাত্রী নিয়ে ছুটছে ট্রেন। ব্যস্ত এই কর্মযজ্ঞ একদিনে তৈরি হয়নি। ১৮৫৪ সালের ১৫ অগাস্ট শুরু হওয়া এই যাত্রাপথে রয়েছে বহু বছরের পরিশ্রম, অধ্যায় ও পরিবর্তনের গল্প। সেই সব দুর্লভ ছবি ও তথ্য নিয়ে প্রিন্সেপ ঘাট স্টেশনে শুরু হয়েছে পূর্ব রেলের বিশেষ ঐতিহ্য প্রদর্শনী ‘টাইম টেবিল – এ জার্নি থ্রু হেরিটেজ’।

রবিবার সন্ধ্যায় এই প্রদর্শনীর আনুষ্ঠানিক উদ্বোধন করেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার গীতিকা পাণ্ডে। ওয়ার্ল্ড হেরিটেজ উইক উপলক্ষে আগামী ২৫ নভেম্বর পর্যন্ত চলবে এই আয়োজন। দর্শকদের আগ্রহ ও ভিড় বাড়লে প্রদর্শনীর মেয়াদ আরও বাড়ানো হতে পারে বলে রেল সূত্রে জানা গিয়েছে।

হাওড়া স্টেশন: এক প্ল্যাটফর্ম থেকে ভেঙে নতুন করে গড়ার গল্প প্রদর্শনীতে জায়গা পেয়েছে পূর্ব রেলের পুরনো বাষ্পীয় ইঞ্জিন থেকে শুরু করে আজকের বন্দে ভারতের নানা তথ্য ও ছবি। সেখান থেকেই জানা যাচ্ছে, একসময় পুরো ভেঙে নতুন করে তৈরি করা হয়েছিল হাওড়া স্টেশন।

রেলের তথ্য অনুযায়ী, ১৮৫৪ সালে প্রথম হাওড়া স্টেশন তৈরি হওয়ার সময় সেখানে ছিল মাত্র একটি প্ল্যাটফর্ম। ওই বছরই দ্বিতীয় প্ল্যাটফর্ম যুক্ত হয় এবং ১৮৯৫ সালে তৈরি হয় তৃতীয় প্ল্যাটফর্ম। পরবর্তীতে সেই পুরনো স্টেশন ভেঙে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হয়। ১৯০৫ সালে, বঙ্গভঙ্গের বছরে, ইঞ্জিনিয়ার হালসে রিকার্ডোর নকশায় নতুন হাওড়া টার্মিনাল গড়ে ওঠে। ওই বছরের ডিসেম্বর থেকেই চালু হয় নতুন টার্মিনাল, আর স্টেশনের বিভিন্ন অংশের কাজ সম্পূর্ণ হয় ১৯১১ সালে।

শিয়ালদার বদলে যাওয়ার ইতিহাস আজকের ব্যস্ত শিয়ালদা স্টেশনের শুরুর দিনগুলোও ছিল একেবারে আলাদা। ১৮৬২ সালে ‘ক্যালকাটা টার্মিনাস অফ ইস্টার্ন বেঙ্গল রেলওয়ে’ নামে চালু হয়েছিল এই স্টেশন। তখন সেখানে টিনের শেড দেওয়া মাত্র চারটি প্ল্যাটফর্ম ছিল। পরের ধাপে ১৮৬৯ সালে তৈরি হয় শিয়ালদার ঐতিহাসিক ভবন, যা সময়ের সঙ্গে নানা পরিবর্তনের মধ্য দিয়ে বর্তমান চেহারা পেয়েছে।

কী বললেন পূর্ব রেলের জেনারেল ম্যানেজার? প্রদর্শনী উদ্বোধনের পর গীতিকা পাণ্ডে জানান, ভারতীয় রেল শুধু যাতায়াতের মাধ্যম নয়, এটি দেশের ইতিহাস, সংস্কৃতি ও জাতীয় পরিচয়ের সঙ্গে জড়িয়ে রয়েছে। তাঁর কথায়, প্রথম বাষ্পীয় ইঞ্জিন থেকে আজকের আধুনিক ও দ্রুতগতির ট্রেন—প্রতিটি ধাপই মানুষের পরিশ্রম, উদ্ভাবন ও সাফল্যের গল্প বলে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *