BJP-নেত্রী রেখা পাত্রের শরীর থেকে বের করা হয়েছে ‘বিষ’, বিপদ কি কাটল?

চরম সঙ্কটজনক অবস্থায় কলকাতার একটি বেসরকারি হাসপাতালে ভেন্টিলেশনে রয়েছেন হিঙ্গলগঞ্জের বিজেপি বিধায়ক রেখা পাত্র। শনিবার রাতে বাড়িতেই আচমকা গুরুতর অসুস্থ হয়ে পড়েন তিনি। বিধায়কের শারীরিক অবস্থা আপাতত স্থিতিশীল হলেও এখনও তাঁর জ্ঞান ফেরেনি এবং তিনি পুরোপুরি বিপন্মুক্ত নন বলেই হাসপাতাল সূত্রে খবর। তবে ভেন্টিলেশন সাপোর্টে রাখার পর তাঁর ভাইটাল প্যারামিটারে সামান্য উন্নতি লক্ষ্য করা গিয়েছে।

বিষক্রিয়া না ফুড পয়েজনিং? বাড়ছে জল্পনা বিধায়কের হঠাৎ অসুস্থ হয়ে পড়ার কারণ ঘিরে তৈরি হয়েছে ধোঁয়াশা। পরিবারের দাবি, অসাবধানতাবশত রেখার পেটে ‘হার্বাল লার্ভিসাইড’ বা ভেষজ কীটনাশক চলে গিয়েছিল, যার জেরেই এই তীব্র বিষক্রিয়া। যদিও রবিবার স্বাস্থ্যমন্ত্রী শারদ্বত মুখোপাধ্যায় জানান, মেডিক্যাল রিপোর্ট হাতে না আসা পর্যন্ত বিষক্রিয়ার বিষয়টি নিশ্চিতভাবে বলা সম্ভব নয়। প্রাথমিক ভাবে এটি ‘ফুড পয়েজনিং’ বা খাবারে সংক্রমণজনিত সমস্যা বলেই মনে করছেন তিনি।

স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আগের চেয়ে অনেকটাই স্থিতিশীল আছেন তিনি। খাবারে সংক্রমণজনিত রোগে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। আমরা সবাই তাঁর দ্রুত সুস্থতা কামনা করছি। যে খাবারগুলি তিনি খেয়েছিলেন, সেগুলি পরীক্ষার জন্য ইতিমধ্যেই ল্যাবে পাঠানো হয়েছে।”

বসিরহাট থেকে কলকাতা: ঠিক কী ঘটেছিল শনিবার রাতে? সূত্রের খবর, শনিবার রাতে অসুস্থ হয়ে পড়ার পর প্রথমে বিধায়ককে বসিরহাট সুপার স্পেশালিটি হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে চিকিৎসকরা প্রাথমিক চিকিৎসা হিসেবে তাঁকে ৬টি চারকোল ট্যাবলেট, অ্যাট্রোপাইন ও প্রালিডক্সাইম ইনজেকশন দেন। পাশাপাশি নাক দিয়ে নল ঢুকিয়ে শরীর থেকে বিষাক্ত পদার্থ বের করার প্রক্রিয়া চালানো হয় এবং বমি, গ্যাস ও অ্যান্টিবায়োটিক ওষুধ দেওয়া হয়।

কিন্তু রাত বাড়ার সঙ্গে সঙ্গে তাঁর শারীরিক অবস্থার দ্রুত অবনতি হতে শুরু করে। ঝুঁকি না নিয়ে রবিবার ভোররাত ৩টে নাগাদ তাঁকে কলকাতার একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তরিত করা হয়। সেখানে নিয়ে যাওয়ার পরই তাঁকে ভেন্টিলেশনে দেওয়ার সিদ্ধান্ত নেন চিকিৎসকরা। আপাতত কড়া পর্যবেক্ষণে রাখা হয়েছে হিঙ্গলগঞ্জের বিধায়ককে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *