বাম বা তৃণমূলের পথে হাঁটবেন না? সিঙ্গুর-ভাঙড়-পুরুলিয়ায় জমি কেনা নিয়ে কী বার্তা মুখ্যমন্ত্রীর?

সিঙ্গুরে বড় শিল্প গড়ে তোলার আশ্বাস দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। রাজ্যে নতুন করে শিল্প বিনিয়োগের পাশাপাশি একাধিক প্রশাসনিক পরিকাঠামো তৈরির পরিকল্পনার কথাও জানালেন তিনি। রবিবার কলকাতার ময়দানে পূর্ত দফতরের তাঁবুতে সাংবাদিক বৈঠক করে এই পরিকল্পনাগুলোর কথা জানান মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরের শিল্পায়ন নিয়ে শুভেন্দু অধিকারী বলেন, সিঙ্গুরে বড় কিছু হতে চলেছে, এটুকু নিশ্চিত; ইতিমধ্যেই জমি কেনার নির্দেশ দেওয়া হয়েছে এবং হুগলির জেলাশাসক ও শিল্পোন্নয়ন দফতর এই বিষয়ে কাজ করছে। সিঙ্গুরে প্রায় ৯৯৭ একর জমি কেনার পরিকল্পনা রয়েছে বলেও জানান তিনি। তাঁর কথায়, বামেদের মতো লাঠিচার্জ করে জমি নেওয়া হবে না, আবার তৃণমূল সরকারের মতো জমি অধিগ্রহণের পদ্ধতিও অনুসরণ করা হবে না—যাঁরা জমি দিতে আগ্রহী, তাঁদের কাছ থেকে সরাসরি জমি কেনা হবে। একাধিক বড় সংস্থা ইতিমধ্যেই শিল্প স্থাপনে আগ্রহ প্রকাশ করেছে বলেও জানান মুখ্যমন্ত্রী।
সিঙ্গুরের বাইরেও জমি কেনার উদ্যোগ
শুধু সিঙ্গুর নয়, রাজ্যের বিভিন্ন জায়গায় জমি কেনার পরিকল্পনা রয়েছে সরকারের। পুরুলিয়ায় পরিবেশবান্ধব শক্তি উৎপাদনের জন্য জমি কেনা হচ্ছে এবং ব্যারাকপুর শিল্পাঞ্চলেও জমি কেনার উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি নিউ টাউনের পাশাপাশি ভাঙড়ে যাঁরা জমি বিক্রি করতে চান, তাঁদের কাছ থেকেও নির্ধারিত দামে জমি কেনার কথা জানিয়েছেন মুখ্যমন্ত্রী।
নিউ টাউনে প্রশাসনিক ক্যাম্পাস ও ১২৫ ফুটের মূর্তি
এদিন নিউ টাউনে একটি বড় প্রশাসনিক ক্যাম্পাস তৈরির পরিকল্পনার কথাও জানান শুভেন্দু অধিকারী। মুখ্যমন্ত্রীর বক্তব্য, বিধানসভা এবং কলকাতা হাইকোর্টের জন্য নিউ টাউনে ইতিমধ্যেই বড় এলাকা চিহ্নিত করা হয়েছে। একই ক্যাম্পাসের মধ্যে নতুন বিধানসভা, হাইকোর্ট, প্রশাসনিক পরিকাঠামো এবং বিচারপতি, মন্ত্রী ও বিভিন্ন দফতরের প্রধান আধিকারিকদের আবাসন তৈরির পরিকল্পনা রয়েছে; সচিবদের থাকার ব্যবস্থাও করা হবে। এর ফলে ভবিষ্যতে নিউ টাউন রাজ্যের অন্যতম গুরুত্বপূর্ণ প্রশাসনিক কেন্দ্র হয়ে উঠতে পারে বলে মনে করা হচ্ছে।
বিধানসভার সম্ভাব্য আসনসংখ্যা বৃদ্ধি এবং কলকাতা হাইকোর্টের বর্তমান ভবনে জায়গার সীমাবদ্ধতার বিষয়টিও এই পরিকল্পনার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে। এছাড়াও নিউ টাউনের ইকো পার্কে ১২৫ ফুট উঁচু শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের মূর্তি স্থাপনের কথা জানান মুখ্যমন্ত্রী এবং এই কাজের ওয়ার্ক অর্ডার ইতিমধ্যেই হয়ে গিয়েছে বলেও জানান তিনি। সব মিলিয়ে সিঙ্গুর, পুরুলিয়া, ব্যারাকপুর, নিউ টাউন ও ভাঙড়ে জমি কেনা এবং শিল্প ও প্রশাসনিক পরিকাঠামো গড়ে তোলার মাধ্যমে রাজ্যে উন্নয়নের নতুন পরিকল্পনার কথা তুলে ধরলেন মুখ্যমন্ত্রী।