OMG! সন্তানকে বাঁচাতে তাক করা বন্দুকের নলের দিকে এগিয়ে এল মা হরিণ নিজেই
মৃত্যু তখন একেবারে সামনে। তার দিকে তাক করা রয়েছে বন্দুকের নল। একবার শুধু ট্রিগারে চাপ, গুলি ছুটে এসে ছিন্নভিন্ন করে দেবে তার শরীর, নিথর দেহ লুটিয়ে পড়বে মাটিতে। কিন্তু মৃত্যু নিশ্চিত জেনেও পালাল না সে। উল্টে এক পা এক পা করে এগিয়ে এল বন্দুকের সামনে। সাক্ষাৎ মৃত্যু জেনেও তার নির্ভয়ে এগিয়ে আসা বদলে দিল শিকারির মন। কয়েক মুহূর্ত আগেও যে শিকারি তাকে মারবে বলে বন্দুক তাক করেছিল, সেই একই মানুষ আগ্নেয়াস্ত্র নামিয়ে হাত বুলিয়ে দিল মাথায়!
আশ্চর্য ঘটনাটি টুইটারে শেয়ার করেছেন ভারতের আইএফএস অফিসার সুশান্ত নন্দ। মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে গেছে তার পোস্ট করা ভিডিওটি। তাতে দেখা যাচ্ছে, একটি হরিণের দিকে বন্দুক তাক করে রয়েছেন একজন শিকারি। বেশ কিছুটা দূরে দাঁড়িয়েও তা দেখতে পেয়েছিল হরিণটি। তার হাবেভাবে হবে মনে হচ্ছিল, সে যেন আঁচ করতে পেরেছে বিপদ। কিন্তু আশ্চর্যজনকভাবে, বিপদ বুঝতে পেরেও পালিয়ে যায়নি হরিণটি। উল্টে, উদ্যত বন্ধুকের দিকে গুটিগুটি পায়ে এগিয়ে আসতে দেখা গেল তাকে। ডাগর কালো চোখ তুলে শিকারির চোখে চোখ রাখল সে। সেই চোখে কী জাদু ছিল তা ঐ শিকারিই জানবেন, কিন্তু কয়েক মুহূর্তের মধ্যে বন্দুক নামিয়ে নিতে দেখা গেল তাকে। মারার বদলে শিকারের মাথায় আদরের হাত বুলিয়ে দিলেন তিনি। ভিডিওটি দেখে মনে হচ্ছিল, হয়তো শেষমেশ হরিণটিকে শিকারের ভাবনা ত্যাগ করেছিলেন তিনি।
The hunters hunting mindset was hunted…
The deer he wanted to shoot, approached him, for reasons difficult to fathom. And then the hunter quickly realised that it is much satisfying to pet the animal than shooting it 💕
🎥 airsoftonly2 pic.twitter.com/pgGSRjnkbv
— Susanta Nanda IFS (@susantananda3) February 9, 2023
সামাজিক যোগাযোগ মাধ্যমে ভিডিওটি ছড়িয়ে পড়ার পরেই নেটিজেনদের মন্তব্যে ভরে উঠেছে পোস্টের কমেন্ট সেকশন। অনেকেই একটি জিনিসের দিকে দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন। তাদের দাবি, ভালোভাবে দেখলে দেখা যাচ্ছে, ভিডিওটিতে আসলে দুটি হরিণ ছিল। ফ্রেমের পেছনে ঝোপের মধ্যে লুকিয়ে ছিল একটি ছোট্ট হরিণ। অনেকেই মনে করছেন, হয়তো ভিডিওতে দেখা যাওয়া হরিণটি একটি মা-হরিণ। নিজের সন্তানকে রক্ষা করার জন্যই আত্মবলিদান দিতে প্রস্তুত হয়েছিল সে।
তাদের এই দাবি সঠিক কিনা জানা যায়নি। তবে কারণ যা-ই হয়ে থাকুক না কেন, শিকার যে এভাবে শিকারির মন বদলে দিতে পারে, তা দেখে হতবাক নেটিজেনরা।
সূত্র: দ্য ওয়াল