পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়, পরদিনই খুলে নেওয়া হলো ৫০টি এলইডি লাইট! তুমুল শোরগোল রাজস্থানে

পঞ্চায়েত নির্বাচনে বিজেপি প্রার্থীর পরাজয়ের পরেই গ্রাম থেকে খুলে নেওয়া হলো রাস্তার এলইডি লাইট! রাজস্থানের টঙ্ক জেলায় এই ঘটনাকে ঘিরে রাজনৈতিক প্রতিহিংসার অভিযোগ তুলেছেন ক্ষুব্ধ গ্রামবাসীরা। যদিও বিদ্যুৎ দফতরের দাবি, বেআইনিভাবে বিদ্যুৎ সংযোগ নেওয়ার কারণেই ওই লাইটগুলো খোলার পদক্ষেপ করা হয়েছে।
ঘটনাটি টঙ্ক জেলার পিপলু পঞ্চায়েত সমিতির ৪ নম্বর ওয়ার্ডের। রনোলি গ্রাম পঞ্চায়েতের অধীন কুমহারোঁ কি ঢানি, বেগমপুরা, হানিফগঞ্জ এবং বিজলপুরা এলাকায় প্রায় ৫০টি এলইডি স্ট্রিট লাইট বসানো হয়েছিল। স্থানীয় বাসিন্দাদের দাবি, নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মার ব্যক্তিগত সহকারী অলোক শর্মার উদ্যোগে দীপাবলির আগে ওই আলো লাগানো হয়। সম্প্রতি পঞ্চায়েত সমিতির নির্বাচনে অলোক শর্মার স্ত্রী প্রিয়াঙ্কা শর্মা বিজেপি প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেন, কিন্তু তিনি পরাজিত হন।
গ্রামবাসীদের অভিযোগ, নির্বাচনের ফল ঘোষণা হতেই এলাকা থেকে স্ট্রিট লাইট খুলে নেওয়ার কাজ শুরু হয়ে যায়। ভোটে পরাজয়ের প্রতিশোধ নিতেই এমন পদক্ষেপ করা হয়েছে বলে আশঙ্কা স্থানীয়দের। গ্রামবাসীদের বিক্ষোভ ও বাধার মুখেও বিদ্যুৎ দফতরের ফাল্ট রিপেয়ার টিম কুমহারোঁ কি ঢানি এলাকার প্রায় ১০টি খুঁটি থেকে স্ট্রিট লাইট খুলে নেয়। তবে নবনির্বাচিত সরপঞ্চরা বিদ্যুতের বিল মিটিয়ে দেওয়ার আশ্বাস দেওয়ায় বাকি প্রায় ৪০টি খুঁটির লাইট খোলার কাজ আপাতত স্থগিত রাখা হয়েছে।
কী বলছে বিদ্যুৎ দফতর?
এই প্রসঙ্গে জয়পুর বিদ্যুৎ বিতরণ নিগম লিমিটেড বা জেভিভিএনএল-এর আধিকারিকরা জানিয়েছেন, বিদ্যুতের খুঁটি থেকে বেআইনিভাবে সংযোগ নিয়ে ওই স্ট্রিট লাইটগুলো বসানো হয়েছিল। বিষয়টি নজরে আসার পরেই সেগুলো খুলে ফেলার উদ্যোগ নেওয়া হয়। পুরো বিষয়টি খতিয়ে দেখতে তদন্তের নির্দেশও দেওয়া হয়েছে; কারা এই লাইটগুলো বসিয়েছিলেন এবং কীভাবে অবৈধ সংযোগ নেওয়া হয়েছিল, তা তদন্ত করে দেখা হবে বলে জানিয়েছে দফতর।
বিধায়কের প্রতিক্রিয়া
অন্যদিকে, রাজনৈতিক প্রতিহিংসার সমস্ত অভিযোগ উড়িয়ে দিয়েছেন নিওয়াইয়ের বিজেপি বিধায়ক রামসহায় ভার্মা। তাঁর দাবি, দীপাবলির আগে প্রার্থীরাই আলো লাগিয়েছিলেন এবং পরবর্তীতে বিদ্যুতের বিল সংক্রান্ত জটিলতা সামনে আসায় বিদ্যুৎ দফতর নিয়ম অনুযায়ী পদক্ষেপ করেছে।
নির্বাচনের হার-জিতের সঙ্গে সাধারণ মানুষের ন্যূনতম নাগরিক পরিষেবা এভাবে জড়িয়ে পড়ায় রাজস্থানের রাজনৈতিক মহলে নতুন করে বিতর্ক দানা বেঁধেছে। এখন দফতরের তদন্তে কী তথ্য উঠে আসে, সেদিকেই তাকিয়ে রয়েছেন গ্রামবাসীরা।