সোনার দাম কমতেই চুপিসারে ২৬ টন কিনল চিন! পতনের বাজারে এবার কি ঘুরবে খেলা?

একদিকে হু হু করে পড়ছে সোনার দাম, অন্যদিকে দুশ্চিন্তায় রাতের ঘুম উড়েছে খুচরো বিনিয়োগকারীদের। বিশেষ করে চড়া দামে অর্থাৎ ১.৫০ লক্ষ বা ১.৭০ লক্ষ টাকার আশেপাশে যাঁরা সোনায় বিনিয়োগ করেছিলেন, তাঁদের মাথায় হাত পড়েছে। ঠিক এমন মন্দার বাজারেই উল্টো পথে হেঁটে আগ্রাসী ভঙ্গিতে সোনা কিনে চলেছে চিন। আর বেজিংয়ের এই পদক্ষেপেই নতুন করে আশার আলো দেখতে শুরু করেছেন বাজার বিশেষজ্ঞ ও বিনিয়োগকারীরা। প্রশ্ন উঠছে, কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির এই বিপুল ক্রয়ের জেরে কি ফের ঘুরে দাঁড়াবে সোনার বাজার?
ফের সোনা কেনার গতি বাড়াল চিন
সাম্প্রতিক রিপোর্ট বলছে, টানা দু’বছর ধরে নিজেদের স্বর্ণভাণ্ডার সমৃদ্ধ করে চলেছে চিন। এমনকি গত অক্টোবর মাসেও বিপুল পরিমাণ সোনা কিনেছে চিনের কেন্দ্রীয় ব্যাঙ্ক। ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের (WGC) অক্টোবর ২০২৬-এর পরিসংখ্যান অনুযায়ী, ওই এক মাসেই প্রায় ২৬ টন সোনা কিনেছে পিপলস ব্যাঙ্ক অফ চায়না (PBoC)। ২০২৩ সালের অক্টোবরের পর এই প্রথম কোনও এক মাসে এত বিপুল পরিমাণ সোনা কিনল বেজিং।
এর ফলে চিনের সরকারি সোনার মজুত বেড়ে দাঁড়িয়েছে ২,৪৩৫ টনে। যদিও দেশটির মোট বৈদেশিক মুদ্রার সঞ্চয়ের নিরিখে সোনার অংশীদারিত্ব সেপ্টেম্বরের ৮.৫ শতাংশ থেকে সামান্য কমে অক্টোবরে ৮.১ শতাংশে নেমে এসেছে।
শুধু চিন নয়, বিশ্বের অন্যান্য দেশের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলিও সোনা কেনার পরিমাণ বাড়িয়েছে। আন্তর্জাতিক বাজারে দরপতন সত্ত্বেও কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির হলুদ ধাতু কেনার ঝোঁক একটুও কমেনি। ব্রোকারেজ সংস্থা জেফরিজ (Jefferies)-এর রিপোর্টে ওয়ার্ল্ড গোল্ড কাউন্সিলের তথ্য উদ্ধৃত করে জানানো হয়েছে, ২০২৬ সালের তৃতীয় ত্রৈমাসিকে (Third Quarter) বিশ্বের কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি সম্মিলিতভাবে মোট ৩২১.২ টন সোনা কিনেছে। ২০২৪ সালের চতুর্থ ত্রৈমাসিকের পর এটিই কোনও এক ত্রৈমাসিকে সর্বোচ্চ সোনা কেনার নজির।
কেন সোনা মজুত করছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি?
বাজার বিশেষজ্ঞদের মতে, বর্তমান ভূ-রাজনৈতিক অস্থিরতা এবং বিশ্ব অর্থনীতির বদলাতে থাকা পরিস্থিতির কথা মাথায় রেখেই সতর্ক পদক্ষেপ করছে বিভিন্ন দেশ। শুধুমাত্র নির্দিষ্ট কোনও মুদ্রার ওপর নির্ভর না করে বৈদেশিক মুদ্রার ভাণ্ডারে বৈচিত্র্য আনতেই নিরাপদ বিনিয়োগ হিসেবে সোনার ওপর ভরসা রাখছে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলি।
তবে কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির এই লাগাতার ক্রয় সত্ত্বেও, সাধারণ বিনিয়োগকারীদের একাংশের মধ্যে যে বিক্রির চাপ তৈরি হয়েছে তা কতটা সামাল দেওয়া যাবে, তা নিয়ে সংশয় থেকেই যাচ্ছে। এখন দেখার, চিন ও অন্যান্য কেন্দ্রীয় ব্যাঙ্কগুলির এই চাহিদা সোনার দামে ফের ঊর্ধ্বগতি আনতে পারে কি না।