৪,২৮০ কোটির ‘নীতীশ সেতু’ উদ্বোধন মোদীর! গঙ্গার বুকে এই সেতু বদলে দেবে বিহারের ছবি?

শনিবার নীতীশ সেতুর উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে নামাঙ্কিত এই সেতু উত্তর ও দক্ষিণ বিহারের যোগাযোগ ব্যবস্থায় বড়সড় পরিবর্তন আনতে পারে বলে মনে করা হচ্ছে। গঙ্গার ওপর নির্মিত ছ’লেনের এই সেতু পটনা ও বৈশালীকে যুক্ত করেছে। প্রায় ৪,২৮০ কোটি টাকা ব্যয়ে নির্মিত এই প্রকল্পের লক্ষ্য কেবল যাতায়াতের সময় কমানো নয়; কৃষিপণ্য পরিবহণ, ব্যবসা-বাণিজ্য এবং প্রত্যন্ত অঞ্চলের মানুষের হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠানে পৌঁছনোর পথও সহজ করা।
পটনা জেলার কচ্ছি দরগাহ থেকে বৈশালীর বিদুপুর পর্যন্ত বিস্তৃত এই সেতু। আগে প্রকল্পটির নাম ছিল কচ্ছি দরগাহ-বিদুপুর সেতু, যা পরবর্তীতে বিহারের প্রাক্তন মুখ্যমন্ত্রী নীতীশ কুমারের নামে নামকরণ করা হয়েছে।
নীতীশ সেতুর বৈশিষ্ট্য
সেতুটির মূল অংশের দৈর্ঘ্য প্রায় ৯.৭৬ কিলোমিটার। দু’পাশের সংযোগকারী রাস্তা ধরলে গোটা প্রকল্পের দৈর্ঘ্য দাঁড়ায় প্রায় ১৯.৭ কিলোমিটারে। এটি ছ’লেনের এক্সট্রাডোজড কেবল-স্টেড সেতু, যেখানে কেবল ও বিশেষ ধরনের স্তম্ভের সাহায্যে সেতুর ভার বহন করা হয়। এই প্রযুক্তির ফলে দীর্ঘ নদীপথের ওপর মজবুত পরিকাঠামো গড়ে তোলা সম্ভব হয়েছে।
প্রকল্পের তথ্য অনুযায়ী, সেতুটি পটনার কচ্ছি দরগাহের কাছে ২২ নম্বর জাতীয় সড়ক এবং বৈশালীর বিদুপুরের কাছে ৩২২ নম্বর জাতীয় সড়ককে সংযুক্ত করেছে। এই বিশাল পরিকাঠামো নির্মাণে ব্যয় হয়েছে প্রায় ৪,২৮০ কোটি টাকা।
কাদের সবচেয়ে বেশি সুবিধা হবে?
নীতীশ সেতু চালু হওয়ায় মহাত্মা গান্ধী সেতু এবং জে পি সেতুর ওপর যানবাহনের চাপ অনেকটাই কমতে পারে। পাশাপাশি উত্তর ও দক্ষিণ বিহারের মধ্যে যাতায়াতের সময়ও কমবে। বিশেষভাবে উপকৃত হবেন রাঘোপুর দিয়ারা এলাকার বাসিন্দারা—গঙ্গা পরিবেষ্টিত এই অঞ্চলে যোগাযোগ দীর্ঘদিন ধরেই বড় চ্যালেঞ্জ ছিল। নতুন সেতুর ফলে পটনার হাসপাতাল, স্কুল-কলেজ এবং বাজারে সহজে পৌঁছনো যাবে।
এ ছাড়া কৃষিপণ্য ও শিল্পের সামগ্রী দ্রুত বাজারে পৌঁছে দেওয়ার সুযোগ তৈরি হওয়ায় ব্যবসা-বাণিজ্য এবং স্থানীয় অর্থনীতিতেও নতুন গতি আসতে পারে বলে আশা করা হচ্ছে।