সর্দি-কাশিতে অ্যান্টিবায়োটিক খাচ্ছেন? বড় বিপদ ডেকে আনছেন না তো, সতর্কবার্তা WHO-এর!

জ্বর, সর্দি-কাশি, গলা ব্যথা বা ভাইরাল ফিভার হলে দ্রুত সুস্থ হওয়ার আশায় অনেকেই অ্যান্টিবায়োটিক খেয়ে থাকেন। কেউ পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ নেন, আবার কেউ চিকিৎসকের পরামর্শ ছাড়াই দোকান থেকে অ্যান্টিবায়োটিক কিনে খান। অনেকের ধারণা, এতে রোগ দ্রুত সেরে যায়। কিন্তু বিশ্ব স্বাস্থ্য সংস্থা বা হু অন্য কথা বলছে। জ্বর বা সর্দি-কাশির মতো সমস্যায় অ্যান্টিবায়োটিক নিলে তা উল্টে বিপদ ডেকে আনতে পারে। ১৮ থেকে ২৪ নভেম্বর বিশ্ব অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স সচেতনতা সপ্তাহ চলাকালীন বিশেষজ্ঞরা অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক এড়িয়ে চলার পরামর্শ দিচ্ছেন।

সাধারণত ব্যাকটেরিয়ার সংক্রমণ ঠেকাতে অ্যান্টিবায়োটিক ব্যবহার করা হয়। অথচ গলা ব্যথা, সর্দি বা ফ্লুয়ের মতো সমস্যা বেশিরভাগ ক্ষেত্রেই ভাইরাসের কারণে হয়, যেখানে অ্যান্টিবায়োটিকের কোনো ভূমিকা নেই। তা সত্ত্বেও অনেকেই অ্যান্টিবায়োটিক খান, যার ফলে কিছু ক্ষেত্রে গুরুতর অ্যালার্জির সমস্যা দেখা দিতে পারে। চিকিৎসকের পরামর্শ ছাড়া দীর্ঘদিন ধরে এসব ওষুধ খেলে শরীরে তার কার্যকারিতাও কমতে শুরু করে।

দিল্লির আরএমএল হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক ডা. সুভাষ গিরি জানান, অপ্রয়োজনে অ্যান্টিবায়োটিক ব্যবহারের ফলে অ্যান্টিমাইক্রোবিয়াল রেজিস্ট্যান্স তৈরি হয়। এই অবস্থায় ব্যাকটেরিয়াগুলি ওই ওষুধের বিরুদ্ধে প্রতিরোধ ক্ষমতা গড়ে তোলে, ফলে আগে যেসব ওষুধে সংক্রমণ সারত, সেগুলি আর কাজ করে না। এর জেরে সংক্রমণ সারানো কঠিন হয়ে পড়ে এবং অনেক সময় বিকল্প ও তুলনামূলক দামি অ্যান্টিবায়োটিকের প্রয়োজন হয়, যা চিকিৎসার খরচ বাড়িয়ে দেয়।

তাই জ্বর, কাশি বা গলা ব্যথা দেখা দিলে নিজে থেকে অ্যান্টিবায়োটিক শুরু করা উচিত নয়। সংক্রমণটি ব্যাকটেরিয়ার কারণে হয়েছে নাকি ভাইরাসের কারণে, তা চিকিৎসক প্রয়োজনে পরীক্ষার মাধ্যমে নির্ধারণ করেন। চিকিৎসক অ্যান্টিবায়োটিক দিলে নির্ধারিত পুরো কোর্স শেষ করা জরুরি এবং এ বিষয়ে সব সময় চিকিৎসকের পরামর্শ মেনে চলাই নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *