আপনিও কি অনলাইনে ফেয়ারনেস ক্রিম কিনছেন? ১৭ বছরের কিশোরীর ভয়াবহ পরিণতি জানলে আঁতকে উঠবেন!

সোশ্যাল মিডিয়ায় ইনফ্লুয়েন্সারদের চটকদার প্রচার দেখে ত্বক ফর্সা করার ক্রিম ব্যবহার করে চরম বিপদে পড়লেন কেরলের ১৭ বছরের এক কিশোরী। ওই ফেয়ারনেস ক্রিমে অনুমোদিত মাত্রার তুলনায় কয়েক হাজার গুণ বেশি পারদ বা মার্কারি (Mercury) থাকায় কিশোরীর কিডনি মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে বলে জানিয়েছেন চিকিৎসকেরা।

জানা গিয়েছে, কেরলের মালাপ্পুরমের বাসিন্দা ওই কিশোরী ইনস্টাগ্রামে একাধিক ইনফ্লুয়েন্সারের ভিডিও দেখে ক্রিমটি কেনার সিদ্ধান্ত নিয়েছিলেন। বিজ্ঞাপনে দাবি করা হয়েছিল, ক্রিমটি ব্যবহার করলে ব্রণ, কালো দাগ এবং পিগমেন্টেশন দূর হবে। সেই প্রচারে প্রভাবিত হয়ে ইনস্টাগ্রামে দেওয়া একটি হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করে ক্রিমটি অর্ডার করেন তিনি।

প্রথমদিকে কিছুটা উপকার মিলছে ভেবে পরপর বেশ কয়েকটি বোতল কিনে প্রায় এক বছর ধরে নিয়মিত ওই ক্রিম ব্যবহার করেন কিশোরী। কিন্তু এরপরই তাঁর শরীরে নানা জটিল উপসর্গ দেখা দিতে শুরু করে। হঠাৎ রক্তচাপ কমে যাওয়া, বারবার অজ্ঞান হয়ে যাওয়া এবং পা ফুলে যাওয়ার মতো সমস্যায় ভুগতে থাকেন তিনি। পা ফুলে যাওয়ায় তাঁর পক্ষে হাঁটাচলা বা সিঁড়ি ভাঙাও কঠিন হয়ে পড়ে।

অবস্থার অবনতি হওয়ায় তাঁকে মালাপ্পুরমের অ্যাস্টার মিমস মাদার হাসপাতালে (Aster MIMS Mother Hospital) ভর্তি করা হয়। হাসপাতালের নেফ্রোলজিস্ট ডাঃ গৌরী এস জানান, বিস্তারিত পরীক্ষায় কিশোরীর রক্ত ও শরীরে বিপজ্জনক মাত্রায় পারদের উপস্থিতি ধরা পড়ে। এরপর সেই পারদের উৎস খুঁজতে কিশোরীর ব্যবহৃত ফেয়ারনেস ক্রিমটি পরীক্ষাগারে পাঠানো হয়।

পরীক্ষার রিপোর্টে চাঞ্চল্যকর তথ্য উঠে আসে। দেখা যায়, ক্রিমটিতে পারদের পরিমাণ ১২,৫০০ পিপিএম (PPM), যেখানে অনুমোদিত নিরাপদ মাত্রা ১ পিপিএম-এরও কম। চিকিৎসকদের মতে, অতিরিক্ত পারদ কিডনির রক্ত পরিশোধনকারী সূক্ষ্ম অংশগুলিকে বিকল করে দিতে পারে। পরীক্ষার পর কিশোরীর শরীরে ‘মেমব্রেনাস নেফ্রোপ্যাথি’ (Membranous Nephropathy) নামক কিডনির এক গুরুতর রোগ ধরা পড়েছে।

অসুস্থ হওয়ার পর কিশোরী সংশ্লিষ্ট সংস্থার সঙ্গে যোগাযোগ করলে প্রথমে বিষয়টি খতিয়ে দেখার আশ্বাস দেওয়া হলেও পরে আর কোনো উত্তর দেওয়া হয়নি বলে অভিযোগ। ইতিমধ্যেই ওই সংস্থার বিরুদ্ধে ক্রেতা সুরক্ষা আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে কিশোরীর পরিবার। আইনি প্রক্রিয়া চলার কারণে আপাতত ক্রিমটির নাম গোপন রাখা হয়েছে।

এই ঘটনার পর সাধারণ মানুষকে সতর্ক করে চিকিৎসক গৌরী এস জানান, রাতারাতি ফর্সা হওয়া বা ত্বকের দাগ মেটানোর অবাস্তব প্রতিশ্রুতি দেওয়া বিজ্ঞাপনে পা দেওয়া উচিত নয়। ত্বকের যেকোনো সমস্যায় সোশ্যাল মিডিয়ার প্রচারের বদলে চর্মরোগ বিশেষজ্ঞের পরামর্শ নিয়েই প্রসাধনী ব্যবহার করা নিরাপদ।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *