হাসিনার পাসপোর্ট খারিজ করে নতুন চাল ঢাকার? কী ভাবছে নয়াদিল্লি?

বাংলাদেশে অস্থিরতা ও রাজনৈতিক অশান্তির আবহে সে দেশের অভ্যন্তরীণ ঘটনার জন্য পরোক্ষভাবে ভারতকে কাঠগড়ায় তুলেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর এই মন্তব্যকে কেন্দ্র করে দুই দেশের কূটনৈতিক মহলে নতুন করে চাপানউতোর শুরু হয়েছে। এমন সংবেদনশীল পরিস্থিতিতে অত্যন্ত মেপে এবং কৌশলী অবস্থান নিয়েছে ভারতের বিদেশ মন্ত্রক।

সাম্প্রতিক সময়ে বাংলাদেশে আওয়ামী লীগের ডাকা লকডাউন এবং তাকে ঘিরে তৈরি হওয়া উত্তেজনার প্রেক্ষিতে প্রতিক্রিয়া জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁর বক্তব্যে উঠে আসে, সীমান্তের ওপারে যে দেশে তাঁরা পালিয়ে গিয়েছেন, সেই দেশটিই তাঁদের প্রভু। সেই প্রভুদের খুশি করতেই আবারও বাংলাদেশ এবং সে দেশের মানুষের বিরুদ্ধে ষড়যন্ত্র ও অশান্তি শুরু করা হয়েছে বলে দাবি করেন তিনি। যদিও সরাসরি কোনো দেশের নাম উল্লেখ করেননি তিনি, তবে তাঁর ইঙ্গিত যে ভারতের দিকেই, তা নিয়ে রাজনৈতিক মহলে জোর চর্চা চলছে।

তারেক রহমানের এমন তীক্ষ্ণ মন্তব্যের পরেও এ বিষয়ে কোনো নির্দিষ্ট বা পাল্টা আক্রমণাত্মক মন্তব্য করতে চাননি ভারতের বিদেশ মন্ত্রকের মুখপাত্র রনধীর জয়সওয়াল। বাংলাদেশ সংক্রান্ত প্রশ্নের জবাবে তিনি স্পষ্ট জানান, বাংলাদেশের অভ্যন্তরীণ বিষয় নিয়ে তিনি কোনো মন্তব্য করবেন না।

কূটনৈতিক ভারসাম্য বজায় রেখে রনধীর জয়সওয়াল আরও বলেন, এই বিষয়ে ভারতের অবস্থান বরাবরের মতোই একই রয়েছে। ভারত চায় বাংলাদেশের সঙ্গে ইতিবাচক এবং গঠনমূলক সম্পর্ক বজায় রাখতে। দুই দেশের দীর্ঘদিনের ইতিহাস এবং গভীর সাংস্কৃতিক মেলবন্ধনের ওপর ভিত্তি করেই এই সম্পর্ক গড়ে উঠেছে বলে উল্লেখ করেন তিনি।

অন্যদিকে, প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পাসপোর্টের আবেদন সংক্রান্ত বিষয়েও কোনো মন্তব্য করতে রাজি হয়নি নয়াদিল্লি। জানা গিয়েছে, দেশে ফেরার উদ্দেশ্যে নতুন পাসপোর্টের জন্য আবেদন করেছিলেন শেখ হাসিনা। কিন্তু বাংলাদেশ কর্তৃপক্ষ সেই আবেদন খারিজ করে দিয়েছে। ঢাকার বক্তব্য, বন্দি প্রত্যর্পণ চুক্তির আওতায় হাসিনাকে দেশে ফেরানো হোক।

কূটনৈতিক সূত্রের দাবি, কেবলমাত্র বন্দি প্রত্যর্পণ চুক্তির মাধ্যমে হাসিনাকে ফেরানোর প্রশ্নে ঢাকার এই অনড় মনোভাবকে আদতে পুরো প্রক্রিয়া বিলম্বিত করার কৌশল হিসেবেই দেখছে দিল্লি। বর্তমান রাজনৈতিক সংঘর্ষ ও উত্তেজনার আবহে হাসিনা দেশে ফিরলে সরকারের সামনে নতুন জটিলতা বা বিপদ তৈরি হতে পারে—এই আশঙ্কা থেকেই ঢাকা এমন কৌশল নিচ্ছে কি না, তা নিয়েও নানা প্রশ্ন উঠছে।

বিদেশ মন্ত্রক সূত্রে জানা গিয়েছে, ভারতীয় কূটনীতিকদের মতে, বন্দি প্রত্যর্পণ প্রক্রিয়া সাধারণত সেই ব্যক্তির ক্ষেত্রে প্রযোজ্য হয়, যিনি নিজে থেকে নিজের দেশে ফিরতে চান না। নয়াদিল্লির অবস্থান অনুযায়ী, বিশ্বের যেকোনো প্রান্তে থাকা একজন নাগরিকের নিজের দেশে ফেরার অধিকার রয়েছে। ফলে যিনি স্বেচ্ছায় নিজের দেশে ফিরতে ইচ্ছুক, তাঁকে কেন বন্দি প্রত্যর্পণ চুক্তি অনুযায়ী ফেরানো হবে, সেই প্রশ্নই উঠছে কূটনৈতিক মহলে। সব মিলিয়ে, বাংলাদেশের সাম্প্রতিক অশান্তি এবং পাসপোর্ট বিতর্কে ভারত যে সংযত ও কৌশলী কূটনীতি অনুসরণ করছে, তা এই ঘটনাপ্রবাহে স্পষ্ট।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *