মাত্র ১ থেকে ২ টাকায় বার্ড ফ্লু-র ভ্যাকসিন! পোলট্রি চাষিদের জন্য বিরাট সুখবর দিল কেন্দ্র

বার্ড ফ্লু মোকাবিলায় বড়সড় পদক্ষেপ করল কেন্দ্রীয় সরকার। দেশে এই প্রথমবার H5N1 বার্ড ফ্লু প্রতিরোধের জন্য সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি হল ভ্যাকসিন। সবথেকে চমকপ্রদ বিষয় হল এর দাম। মাত্র ১ থেকে ২ টাকার মধ্যেই পাওয়া যাবে এক একটি ডোজ। এর ফলে দেশের ছোট ও প্রান্তিক পোলট্রি ব্যবসায়ীরা সবচেয়ে বেশি উপকৃত হবেন বলে মনে করা হচ্ছে। দীর্ঘদিন ধরে বার্ড ফ্লু-র সংক্রমণের কারণে ব্যাপক আর্থিক ক্ষতির মুখে পড়েছেন পোলট্রি চাষিরা। এবার সেই বিশাল ক্ষতি কমাতেই কেন্দ্রের এই বিশেষ উদ্যোগ।
ভোপালের ICAR-ন্যাশনাল ইনস্টিটিউট অফ হাই সিকিউরিটি অ্যানিম্যাল ডিজিজেস বা নিহসাদ এই নতুন ভ্যাকসিনটি তৈরি করেছে। কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান জানিয়েছেন, বার্ড ফ্লু-র সংক্রমণ পুরোপুরি নিয়ন্ত্রণে আনা এবং পোলট্রি শিল্পে রোগ প্রতিরোধের ব্যবস্থা আরও মজবুত করতেই এই টিকা তৈরি করা হয়েছে। দাম হাতের নাগালে থাকায় দেশের যেকোনো প্রান্তের চাষিরা খুব সহজেই এই ভ্যাকসিন ব্যবহার করতে পারবেন।
এই ভ্যাকসিনটি কেন এতটা গুরুত্বপূর্ণ, তা পরিসংখ্যান দেখলেই স্পষ্ট হয়ে যায়। ২০০৬ সাল থেকে এখনও পর্যন্ত ভারতে ৫০০-রও বেশি বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা ঘটেছে। এর জেরে লক্ষ লক্ষ পাখির মৃত্যু হয়েছে। সংক্রমণ যাতে ছড়িয়ে না পড়ে, সেজন্য আরও লক্ষ লক্ষ সুস্থ পাখিকে বাধ্য হয়ে মেরে ফেলতে হয়েছে। এর সরাসরি প্রভাব পড়েছে পোলট্রি ব্যবসায়ীদের ওপর এবং তাঁরা বিপুল আর্থিক ক্ষতির মুখে পড়েছেন।
কৃষিমন্ত্রী জানান, ২০০৬ সালে মহারাষ্ট্রের নাভাপুরে দেশে প্রথম বার্ড ফ্লু সংক্রমণের ঘটনা সামনে আসে। সেই সময় প্রায় ১০ লক্ষ মুরগির মৃত্যু হয়েছিল। এরপর ২০২১ সালেও ভয়াবহ পরিস্থিতি তৈরি হয় এবং প্রায় ৯ লক্ষ মুরগি মারা যায়। এমনকি চলতি বছরেও সংক্রমণের কারণে প্রায় ২ লক্ষ মুরগির মৃত্যু হয়েছে বলে তিনি জানিয়েছেন।
বিশেষজ্ঞদের মতে, বার্ড ফ্লু কেবল পাখিদের মধ্যেই সীমাবদ্ধ থাকে না। এই ভাইরাস স্তন্যপায়ী প্রাণীদের শরীরেও সংক্রমণ ছড়াতে পারে। বিরল ক্ষেত্রে মানুষের শরীরেও এই ভাইরাস প্রবেশ করার আশঙ্কা থাকে। তাই সংক্রমণ ছড়িয়ে পড়ার আগেই শক্তিশালী প্রতিরোধ ব্যবস্থা গড়ে তোলা অত্যন্ত জরুরি। সেই দিক থেকে এই দেশীয় ভ্যাকসিন একটি বড় রক্ষাকবচ হয়ে উঠতে পারে।
দেশের পোলট্রি শিল্পে এই ভ্যাকসিনের প্রভাব হতে চলেছে সুদূরপ্রসারী। ভারতের অর্থনীতিতে পোলট্রি শিল্পের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। কৃষিমন্ত্রকের তথ্য বলছে, দেশের অসংখ্য ছোট ও প্রান্তিক কৃষকদের কাছে পশুপালন ও পোলট্রি ব্যবসা বাড়তি আয়ের অন্যতম প্রধান উৎস। তাই বার্ড ফ্লু-র মতো সংক্রমণে ব্যাপক ক্ষতি হলে সরাসরি তাঁদের জীবিকার ওপর বড় আঘাত নেমে আসে।
কৃষি ও প্রক্রিয়াজাত খাদ্যপণ্য রফতানি উন্নয়ন কর্তৃপক্ষ বা এপেডা-র তথ্য অনুযায়ী, ২০২৪-২৫ অর্থবর্ষে ১৪৯.১১ বিলিয়ন ডিম উৎপাদন করে বিশ্বে দ্বিতীয় স্থান দখল করেছে ভারত। অন্যদিকে, ২০২৫-২৬ অর্থবর্ষে দেশের পোলট্রি রফতানির পরিমাণ ছিল ২৪.৬ লক্ষ টন, যার আর্থিক মূল্য ৩১৭.৭৯ মিলিয়ন ডলার। এত বড় একটি ক্রমবর্ধমান শিল্পকে সুরক্ষিত রাখতে কম দামের এই দেশীয় ভ্যাকসিন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আশা করা হচ্ছে।
এদিন ভোপালে আরও একটি বড় ঘোষণা করেন কেন্দ্রীয় কৃষিমন্ত্রী শিবরাজ সিং চৌহান। তিনি জানান, ভোপালে প্রায় ৩০০ কোটি টাকা ব্যয়ে একটি অত্যাধুনিক পশুরোগ গবেষণাগার তৈরি করা হবে। এর ফলে পশুরোগ সংক্রান্ত গবেষণা, দ্রুত রোগ নির্ণয় এবং চিকিৎসা পরিকাঠামো আগের তুলনায় অনেক বেশি উন্নত হবে।
পশুরোগের কারণে দেশের অর্থনীতির কতটা ক্ষতি হয়, তার একটি হিসাবও তুলে ধরেন কৃষিমন্ত্রী। তিনি জানান, প্রতি বছর বিভিন্ন পশুরোগের কারণে দেশের বিপুল আর্থিক ক্ষতি হচ্ছে। এর মধ্যে ফুট অ্যান্ড মাউথ ডিজিজের কারণে বছরে প্রায় ২২ হাজার কোটি টাকা, লাম্পি স্কিন ডিজিজে ২০ হাজার কোটি টাকা, ব্রুসেলোসিসে ৯,২১২ কোটি টাকা এবং পেস্ট ডেস পেটিটস রুমিন্যান্টস রোগে ৪,৬৮৩ কোটি টাকার ক্ষতি হয়। সব মিলিয়ে এই রোগগুলির কারণে বছরে প্রায় ৫৬ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতির মুখে পড়তে হচ্ছে দেশকে। নতুন গবেষণাগার এবং দেশীয় ভ্যাকসিন এই বিশাল ক্ষতি রুখতে বড় ভূমিকা নেবে বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।