পিছন থেকে আক্রমণ নয়, সাহস থাকলে লড়ুন!” অখিলেশকে কড়া জবাব যোগী আদিত্যনাথের

অযোধ্যায় অখিলেশ যাদবকে মুখোমুখি ভোটের চ্যালেঞ্জ যোগী আদিত্যনাথের, গোরখপুরের ঘটনাতেও আক্রমণ

অখিলেশ যাদবকে তাঁর বিরুদ্ধে ভোটে লড়ার জন্য চ্যালেঞ্জ ছুড়লেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির প্রধানকে অযোধ্যা কেন্দ্র থেকে তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ার প্রস্তাব দিয়েছেন তিনি। কয়েকদিন আগেই যোগী আদিত্যনাথকে অযোধ্যা থেকে প্রার্থী হওয়ার জন্য চ্যালেঞ্জ করেছিলেন অখিলেশ; সমাজবাদী পার্টি প্রধানের সেই মন্তব্যের জবাবেই পাল্টা চ্যালেঞ্জ ছুড়ে দিলেন যোগী।

যোগী আদিত্যনাথ বলেন, আপনি যদি অযোধ্যা থেকে মনোনয়ন জমা দেন, তাহলে আমিও ওই কেন্দ্র থেকেই ভোটে লড়ব; আসুন মুখোমুখো লড়াই হোক। উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী অবশ্য দাবি করেছেন যে তাঁর বিরুদ্ধে প্রার্থী হওয়ার মতো সাহস নেই অখিলেশের। তাঁর আরও কটাক্ষ, যাঁরা মুখোমুখি লড়াইয়ে ভয় পান, তাঁরাই পিছন থেকে আক্রমণ করেন।

গোরখপুরে কিশোরের মৃত্যু নিয়ে কড়া হুঁশিয়ারি

অযোধ্যা চ্যালেঞ্জের পাশাপাশি গত বুধবার গোরখপুরে অখিলেশ যাদবের রোড শো-র সময় ১৩ বছর বয়সি এক কিশোরের মৃত্যুর ঘটনা নিয়েও সমাজবাদী পার্টিকে তীব্র আক্রমণ করেন যোগী আদিত্যনাথ। সমাজবাদী পার্টির বিরুদ্ধে আইনভঙ্গের অভিযোগ তোলার পাশাপাশি ওই কিশোরের মৃত্যুর জন্য দায়ী প্রত্যেকের বিরুদ্ধে কড়া পদক্ষেপের হুঁশিয়ারি দিয়েছেন তিনি।

জানা গিয়েছে, ১৩ বছর বয়সি আর্যবর্ধন নামে ওই কিশোর স্থানীয় বিজেপি নেতা ওঙ্কার সিং-এর ছেলে ছিল। অখিলেশের রোড শো চলাকালীন জেসিবি-র চাকার তলায় পড়ে মৃত্যু হয় তার; এই দুর্ঘটনার পর বিক্ষোভ দেখান স্থানীয় বিজেপি কর্মী এবং মৃত কিশোরের পরিবারের সদস্যরা। যোগীর অভিযোগ, সমাজবাদী পার্টির রোড শো-র মাশুল দিতে হয়েছে ১৩ বছর বয়সি ওই কিশোরকে; এমনকি মৃত কিশোরের পরিবারকে সমাজবাদী পার্টির কোনো নেতা সমবেদনাটুকু জানাননি বলেও অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী।

অখিলেশের পাল্টা দাবি ও গোরখপুর প্রসঙ্গ

এর আগে গত বুধবার অখিলেশ যাদব দাবি করেছিলেন যে এখনই ভোট হলে যোগী আদিত্যনাথের নিজের জেলা গোরখপুরের ৯টি বিধানসভা কেন্দ্রেই হারের মুখ দেখতে পারে বিজেপি। অখিলেশ আরও দাবি করেছিলেন, পিছিয়ে পড়া, সংখ্যালঘু এবং দলিতদের নিয়ে ২০ কিলোমিটার দীর্ঘ পদযাত্রায় মানুষের যে সাড়া পেয়েছেন, তাতেই স্পষ্ট যে গোরখপুরে বিজেপির পায়ের তলার মাটি আলগা হয়ে গিয়েছে।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *