অলৌকিক ঘটনা, ধ্বংসস্তূপে ১২৮ ঘণ্টা পর মিলল জীবিত কিশোর, সাফল্য উদ্ধারকর্মীদের

এ যেন অলৌকিক ঘটনাই বটে! তুরস্কে প্রাণঘাতী ভূমিকম্প আঘাত হানার পঞ্চম দিনেও ধ্বংসস্তূপের নিচ থেকে মিলছে প্রাণের স্পন্দন।
সোমবার আঘাত হানা ভূমিকম্পের পর ধ্বংসস্তূপের নিচ থেকে তুরস্কে আজ আরো এক কিশোরকে জীবিত উদ্ধার করা হয়েছে। ধ্বংসস্তূপে আটকে পড়ার পাঁচ দিনের বেশি সময় পর তাকে উদ্ধার করেছেন উদ্ধারকারী কর্মীরা। খবর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির।

এক প্রতিবেদনে বিবিসি জানায়, তুরস্কের হতায়ে প্রদেশের ধ্বংসস্তূপের নিচে ১২৮ ঘণ্টা পর জীবিত এক কিশোরের সন্ধান মিলেছে। উদ্ধারকারীরা ১৩ বছর বয়সী ওই কিশোরকে ধ্বংসাবশেষ থেকে উদ্ধার করেছেন।

তুরস্কের ভাইস প্রেসিডেন্ট ফুয়াত ওকতে বলেন, গত ২৪ ঘণ্টায় তুরস্কে ধ্বংসাবশেষের নিচ থেকে ৬৪ জনকে জীবিত উদ্ধার করা হয়েছে। এ নিয়ে ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত অঞ্চলগুলো থেকে তুরস্কে মোট ৩১ হাজার জন উদ্ধার হয়েছেন বলে জানিয়েছেন তিনি।

তিনি বলেন, ভূমিকম্পে আহত আরও প্রায় ৮০ হাজার মানুষকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে। আর ভূমিকম্পে গৃহহীন হয়ে অস্থায়ী আশ্রয়কেন্দ্রে ঠাঁই নিয়েছেন ১০ লাখের বেশি মানুষ।

ফুয়াত ওকতে বলেন, এক বছরের মধ্যে এসব গৃহহীন মানুষের স্থায়ী আবাসনের ব্যবস্থা করাই আমাদের প্রধান লক্ষ্য। যাতে তারা স্বাভাবিক জীবনে ফিরে আসেন এবং যত তাড়াতাড়ি সম্ভব ভূমিকম্পের ক্ষত ভুলে যান।

প্রসঙ্গত, গত সোমবার স্থানীয় সময় ভোর ৪টা ১৭মিনিটে ৭ দশমিক ৮ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে তুরস্ক ও তার প্রতিবেশী দেশ সিরিয়া। ঐ ভূমিকম্পের ১৫ মিনিট পর ৬ দশমিক ৭ মাত্রার আরও একটি বড় ভূমিকম্প এবং পরে শতাধিক আফটারশক হয়।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *