‘উনি কি ভারতের বিরোধী দলনেতা?’ বিদেশ নীতি থেকে জিডিপি—রাহুলকে ধুয়ে দিলেন বিজেপি নেত্রী

বিদেশের মাটিতে গিয়ে ভারতের ভাবমূর্তি ক্ষুণ্ণ করছেন লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি বিরোধিতা করতে গিয়ে তিনি কার্যত দেশকেই ঘৃণা করতে শুরু করেছেন বলে শুক্রবার তীব্র আক্রমণ শানালেন বিজেপি নেত্রী কেয়া ঘোষ। ভারতের বিদেশ নীতি ও আর্থিক বৃদ্ধি নিয়ে রাহুলের সাম্প্রতিক মন্তব্যের জবাবে একের পর এক কড়া যুক্তি তুলে ধরেন তিনি।

ইজরায়েল, আমেরিকা ও ইরানের মধ্যে চলমান উত্তেজনা এবং সেই প্রেক্ষাপটে ভারতের অবস্থান নিয়ে প্রশ্নের জবাবে কেয়া ঘোষ বলেন, “আমি অবাক হই ভেবে যে, বিরোধী দলনেতা হয়েও রাহুল গান্ধী কেন বারবার বিদেশে গিয়ে দেশের বদনাম করেন?” আমেরিকায় ছাত্রদের সঙ্গে রাহুলের আলোচনার প্রসঙ্গ টেনে তাঁর দাবি, রাহুল বিদেশে গিয়ে ভারতের সাফল্যগুলো আড়াল করার চেষ্টা করছেন।

জিডিপি ও অর্থনীতি নিয়ে পাল্টা দাবি

ভারতের আর্থিক বৃদ্ধি নিয়ে রাহুলের সমালোচনার জবাবে কেয়া ঘোষ দেশের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস এবং বিশ্ব অর্থনীতিতে ভারতের অবস্থানের কথা উল্লেখ করেন। তিনি বলেন, “আমাদের জিডিপি বৃদ্ধির পূর্বাভাস ৭ শতাংশ, কিন্তু তিনি সেটা দেখতে পান না। তিনি এটাও দেখেন না যে আমাদের অর্থনীতি বিশ্বে তৃতীয় স্থানে পৌঁছেছে। বিরোধী দলনেতা হিসেবে মোদীজির প্রতি তাঁর ঘৃণা এতটাই তীব্র হয়ে উঠেছে যে, মোদীজিকে ঘৃণা করতে করতে তিনি ভারতকেই ঘৃণা করতে শুরু করেছেন।”

২৬/১১ ও বিদেশ নীতির প্রসঙ্গ

কংগ্রেসের বিদেশ নীতিকে নিশানা করে কেয়া ঘোষ ২০০৮ সালের ২৬/১১ মুম্বই হামলার প্রসঙ্গ তোলেন। প্রাক্তন প্রধানমন্ত্রী মনমোহন সিং সরকারের অবস্থান নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, “বিদেশ নীতি নিয়ে কংগ্রেসের কথাই বলা উচিত নয়। আমাদের মনে আছে ২৬/১১-এর সময় কী হয়েছিল। হামলার এক বছর পর মনমোহন সিং বলেছিলেন যে আমরা একটা ভারসাম্যপূর্ণ সিদ্ধান্ত নিয়েছিলাম। এর মধ্যে ভারসাম্য কোথায় ছিল? পাকিস্তানের বিরুদ্ধে কোনও ব্যবস্থাই নেওয়া হয়নি। তারা শুধু একটা চিঠি লিখে তীব্র নিন্দা করেছিল।”

পাকিস্তান ও ৩৭০ ধারা নিয়ে কড়া বার্তা

উরি, পুলওয়ামা এবং অপারেশন সিন্দুরের কথা উল্লেখ করে কেয়া ঘোষ দাবি করেন, বর্তমান সরকার ভারতের ভূখণ্ডে হামলার কড়া জবাব দিয়েছে। পাকিস্তানের বিদেশ নীতিকে কটাক্ষ করে তিনি বলেন, “তাদের বিদেশ নীতি হল একটা ব্যাগ তুলে নেওয়া, যে কোনও জায়গায় যাওয়া আর ভিক্ষার বাটি নিয়ে দাঁড়িয়ে থাকা। এটাই পাকিস্তানের নীতি।” অন্যদিকে ‘মেক ইন ইন্ডিয়া’-সহ বিভিন্ন উদ্যোগের মাধ্যমে দেশে উৎপাদন ও বিনিয়োগ বাড়ার কথা তুলে ধরে কেয়া প্রশ্ন তোলেন, “মাঝে মাঝে আমি বিভ্রান্ত হয়ে পড়ি যে তিনি আসলে ভারতের বিরোধী দলনেতা নাকি অন্য কোনও দেশের।”

সন্ত্রাসবাদ ইস্যুতে পাকিস্তান যতক্ষণ মদত বন্ধ না করবে, ততক্ষণ কোনও আলোচনা সম্ভব নয় বলেও স্পষ্ট করেন তিনি। পাশাপাশি কাশ্মীরে সন্ত্রাসবাদী কার্যকলাপ সংক্রান্ত খবরের পরিপ্রেক্ষিতে ৩৭০ ধারা বিলোপের সিদ্ধান্তের প্রশংসা করে কেয়া ঘোষ বলেন, “আগে লালচকে অন্য দেশের পতাকা ওড়ানো হত। এখন সেখানে তেরঙ্গা ওড়ে। এটাই পার্থক্য।” যারা ৩৭০ ধারা ফেরানোর দাবি তোলেন, তাঁদেরও তীব্র সমালোচনা করেন বিজেপি নেত্রী।

Leave a Comment

Your email address will not be published. Required fields are marked *